অসংখ্য প্রশ্ন আসছিল পরিবেশ, মানবাধিকার, নিরাপত্তা, উন্নয়ন আর এশিয়ার ভবিষ্যৎ নিয়ে। ‘পরিবেশগত বিপর্যয়ে একজন নারী কী ভূমিকা রাখতে পারেন?’ ‘নেতৃত্ব গ্রহণে প্রস্তুত নারীকে কী কী যোগ্যতার প্রমাণ দিতে হবে?’ ‘দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন সামরিক ব্যয়, না সামাজিক ব্যয়?’ ‘মানবাধিকারে নারীর অধিকার কতটুকু, নাকি নারী অধিকারই মানবাধিকার?’এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা জানতে চাইছিলেন, জাতিগত বিদ্বেষ, অধিক জনসংখ্যা, পরিবেশদূষণ, নারীর ক্ষমতায়ন ও সমাজে শিক্ষা সম্প্রসারে কীভাবে সরাসরি ভূমিকা রাখা যায়। আফগানিস্তানের যুদ্ধাহত শিক্ষার্থীরা জানতে চান, যুদ্ধ-পরবর্তী পরিবেশ বাঁচাতে করণীয় কী? শ্রীলঙ্কার শিক্ষার্থীরা জানতে চান জাতিগত বিদ্বেষের শান্তিপূর্ণ সমাধান, যা সিংহলি ও তামিলকে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী করবে। এশিয়ার ১২টি দেশের প্রায় ৪০০ জন শিক্ষার্থী জানেন, তাঁদের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু সাদৃশ্যও রয়েছে বিস্তর। এই সাদৃশ্যই সব বিভেদ জয় করবে।‘এশিয়ার আরেক ভবিষ্যতের স্বপ্ন: পরিবর্তনের পথ ও চিন্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ২০-২২ জুনায়ারি ২০১০-এ অংশ নেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রায় ৪০০ শিক্ষার্থী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী চলা এ সিম্পোজিয়ামে এশিয়ার চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন, মতবিনিময় ও প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো: এশিয়ার শাসনব্যবস্থা, দারিদ্র্য, পরিবেশ ও নিরাপত্তা।সম্মেলন কক্ষে প্রবেশের পর থেকেই এশিয়ার প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসা মেয়েদের যুদ্ধজয়ের নানা গল্পের সঙ্গে আমরা পরিচিত হচ্ছিলাম। আমরা জানতে পরছিলাম তাঁদের স্বপ্নের কথা, তাঁদের আত্মবিশ্বাসের কথা। সমাজে বৈষ্যমের শিকার এই মেয়েরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ভবিষ্যতে নারীদের বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখবেন বলে।ফরিদা রোয়েস। জন্ম আফগানিস্তানের একটি মুজাহিদিন পরিবারে। ফরিদার বাবা লেখক ছিলেন। তাই জোর করেই দেশ ছেড়ে আসতে হয়। বড় হয়েছেন পাকিস্তানে। সেখান থেকেই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির জন্য আবেদন করেন। ভর্তির সুযোগ এসে যায়। ফরিদা স্বপ্ন দেখেন, তিনি আফগানিস্তানের পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন। তাওসিফা হাসিন তজল্লি এসেছেন বাংলাদেশের কক্সবাজার শহর থেকে। কক্সবাজারের ছোট্ট গ্রামের মেয়ে তজল্লি স্বপ্ন দেখেন, তিনি শিখবেন, আঁকবেন। নেপালের কাঠমান্ডু শহরের রোজি কার্না নানা দেশের, নানা সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে উচ্ছ্বসিত। প্রত্যেকেই সামাজিক দারিদ্র্য, সামাজিক প্রতিকূল অবস্থা পেরিয়ে এসেছেন। আজ তাঁরা স্বপ্ন নির্মাণের কারিগর। তাঁরা স্বপ্ন দেখতে জানেন, স্বপ্নকে সফল করতেও জানেন।সিম্পোজিয়ামে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, প্রত্যয়ী ও নেতৃত্ব গ্রহণে উৎসাহী করার প্রয়াসে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ও সফল ব্যক্তিত্বরা ছিলেন। তাঁদের প্রবন্ধের সঙ্গে সঙ্গে বিভিন্ন দিকের নতুন নতুন ভাবনার সঙ্গে পরিচিত হন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাও নিজেদের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল করতে প্রয়োজনীয় নানা বিষয়ে প্রশ্ন উপস্থাপন করেন।কৌশালইয়া ও মাহিলিনিসহ শ্রীলঙ্কার ২৭ জন শিক্ষার্থী প্রবন্ধ, কবিতা ও খণ্ড খণ্ড অভিজ্ঞতার গল্প নিয়ে গত বছর তুলে ধরেছিলেন তাঁদের গ্রীষ্মকালীন প্রকল্পের কথা, যেখানে শ্রীলঙ্কার গৃহযুদ্ধোত্তর শান্তি নির্মাণ প্রচেষ্টায় সিংহলি, তামিল ও মুসলমান শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করেন। ২৬ বছরের রক্তাক্ত সংঘর্ষের পর ২০০৯ সালের ১৮ মে শেষ হয় শ্রীলঙ্কার গৃহযুদ্ধ। উত্তরাঞ্চলে তামিলরা যখন শোকে মুহ্যমান, তখন সিংহলিরা দক্ষিণাঞ্চলে জয়ের আনন্দে মেতে ছিল। কিন্তু কেমন করে একই ভূখণ্ডের একদল মানুষ আনন্দ করবে, আরেকদল শোক পালন করবে? কীভাবে সম্ভব এটি? আর কেমনই বা সেই জয়ের আস্বাদ? এমনই অনেক ভাবনা আন্দোলিত করেছিল শ্রীলঙ্কার শিক্ষার্থীদের। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে আহত এই গ্রামগুলোর জন্য তহবিল সংগ্রহে ২০০৯ সালের শেষের দিকে তাঁরা একটি নাটক মঞ্চস্থ করেছিলেন, ক্রিকেট খেলার আয়োজন করেছিলেন। তহবিল সংগ্রহের টাকায় যুদ্ধফেরত গেরিলাদের হাতে বই তুলে দেওয়ার সময় শিক্ষার্থীরা নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে করছিলেন। শ্রীলঙ্কান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে গ্রাম দুটির কমিউনিটি সেন্টারে বিদ্যুতের ব্যবস্থা করা, যেখানে তাঁরা ছোট একটি পাঠাগারের ব্যবস্থাও করে দিয়েছেন।দ্বিতীয় দিন পরিবেশগত পরিবর্তনের বিভিন্ন দিক আলোকপাত করা হয়। হ্যান্স রোজলিং তাঁর প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে উন্নয়নে এশিয়ার ক্রমবর্ধমান গতিকে দেখান। শিক্ষার্থীরা তাঁর সরস উপস্থাপনের মধ্য দিয়ে জানতে পারেন, তৃতীয় বিশ্ব, যা পৃথিবীর অধিকাংশ জনসংখ্যাকে ধারণ করে আসে, সেটিই আসলে ‘বিশ্ব’। তৃতীয় শব্দটি মুছে গেছে। পৃথিবীর ভবিষ্যৎ আজ এশিয়ার কাছেই। হ্যান্স রোজলিংয়ের বক্তৃতার পর পুরো সম্মেলন কক্ষে সবাই দাঁড়িয়ে অভিবাদন জানান তাঁকে। নেপালের একদল ছাত্রী বলছিলেন, রোজলিংয়ের উপস্থাপনা এশিয়া ও উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের গর্বিত হতে শিখিয়েছে। এরপর এশিয়ার নিরাপত্তাজনিত হুমকি, অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও শিল্পের নতুন বিপ্লব, প্রভাব বিস্তারে প্রাতিষ্ঠানিক ভূমিকা ও সমতায়নে শিক্ষার গুরুত্ব নিয়ে শুরু হয় চারটি ভিন্ন সেশন।শেষ দিনে ‘লিবারেল আর্ট এডুকেশন’-এর প্রয়োজনীয়তা এবং আরও চারটি ভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। বিষয় ছিল: ‘উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা’, ‘পাবলিক সার্ভিস উদ্যোগ’, ‘অধিকার নিশ্চিতের ভবিষ্যৎ এবং সামাজিক পরিবর্তনে ব্যবসার ভূমিকা’। সিম্পোজিয়াম শেষ হয় ‘নেতৃত্বই কী উত্তর’ শীর্ষক আলোচনার মধ্য দিয়ে।সিম্পোজিয়ামের ফাঁকে ফাঁকে কথা হচ্ছিল এশিয়ার ১২টি দেশ থেকে আসা বন্ধুদের সঙ্গে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কিছু বন্ধুকে দেখা গেল নিজেদের দেশীয় বর্ণিল পোশাক পরে এসেছেন। প্রত্যেকের পোশাক, গড়ন আর অবয়বে ভিন্নতা লক্ষ করা যায়, কিন্তু সবার সঙ্গে ওঁদের আড্ডা, মতবিনিময় ও বন্ধুসুলভ হাস্যকৌতুক সে ভিন্নতার ইতি টেনে দেয়। যুদ্ধ-বিদ্বেষ ও জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত এশিয়ার এমন মিলনমেলা অন্য কোথাও মিলবে কি?আমাদের সঙ্গে কথা হয়েছে শ্রীলঙ্কার তামিল ও সিংহলি বন্ধুৃদের সঙ্গে, ভুটানের বন্ধুদের সঙ্গে। আমরা জেনেছি, পাকিস্তানের রক্ষণশীল পরিবার থেকে আসা শিক্ষার্থীরা কীভাবে বাধার দেয়াল ভেঙে এগিয়ে এসেছেন। আফগানিস্তানের যুদ্ধাহত জনপদের মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে প্রশ্ন করছেন দেশ-বিদেশের শিক্ষাবিদদের। সিম্পোজিয়ামের পর ওঁদের সম্পর্কে আরও জানার জন্য আমরা ঢাকা ছেড়ে গত ২৬-২৭ জানুয়ারি চলে যাই চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ক্যাম্পাসে।সেখানে ভিয়েতনাম, ভারত আর শ্রীলঙ্কার বন্ধুদের আড্ডায় আমরা জেনেছি ওঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক ক্লাবে ওঁদের অংশ নেওয়ার কথা। ‘লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স’-পদ্ধতিতে শিক্ষাব্যবস্থার নানা দিক সম্পর্কে জানান ওঁদের শিক্ষকেরা। প্রোভস্ট ম্যারি জে সানসালোন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান ছাত্রীদের জন্য তাঁদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা।এইউডব্লিউ আহ্বান জানায়, আগামী দিনের নেতৃত্ব গ্রহণকারী নারীদের গড়ে তুলতে হবে নিজেদেরই। শিক্ষা তাঁদের প্রস্তুত করে তুলতে সহায়ক করবে। যেমন বাংলাদেশের নওরা মেহরীনের কথায় যদি বলি; তিনি স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার। কাবুলের পারওয়ানা ফায়াজ দুই বছর আগেও শুধু পরিবারের জন্য রান্না করতেন, আজ তিনি লেখক হতে চান এবং নিজে একটি এনজিও খুলতে চান, যার মধ্য দিয়ে তিনি আফগানিস্তানের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে চান। ভুটানের শেরিং ইউডোন চান লিঙ্গবৈষম্যের ইতি টানতে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে। এশিয়ার মেয়েদের এ রকম অসংখ্য গল্পের ভার ধরে রেখেছে এশিয়ান ইউনিভারসিটি ফর উইমেন। এইউডব্লিউ চায়, সম্ভাবনাময় এশিয়ায় মেয়েদের স্বপ্নের বাস্তবায়ন হোক।