এশিয়ার আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনকেন্দ্র এখন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্র সাংবাদিকতার স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড প্রেস ফটোর সহযোগী হয়েছে দৃক। এখন থেকে এশিয়ার আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনকেন্দ্র হবে বাংলাদেশ। রোববার পান্থপথের দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দৃকের প্রতিষ্ঠাতা শহিদুল আলম।

শহিদুল আলম জানান, এশিয়ায় বাংলাদেশকে ওয়ার্ল্ড প্রেস ফটোর আঞ্চলিক কেন্দ্র হিসেবে নির্বাচন আমাদের এগিয়ে চলার একটি স্বীকৃতি। ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের এশিয়া মহাদেশের আঞ্চলিক সহযোগী নির্বাচিত হয়েছে দৃক পিকচার লাইব্রেরি। এর অংশ হিসেবে ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন এবং দৃক এই অঞ্চলে ছবির প্রতিযোগিতার প্রসার এবং বিচারকাজ করবে যৌথভাবে। পাশাপাশি আঞ্চলিক শিক্ষামূলক কার্যক্রম ও অর্থায়নের সুযোগ বৃদ্ধিতে অবদান রাখবে। এ ছাড়া ঢাকায় প্রদর্শনী আয়োজনের দায়িত্বও পালন করবে দৃক। ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনকে এশিয়াতে আঞ্চলিক প্রদর্শনী আয়োজন ও প্রচারণামূলক কর্মকাণ্ডেও তারা সহযোগিতা দেবে। পাশাপাশি এই কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করবে পাঠশালা: সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট।

(বাঁ থেকে) রেজাউর রহমান, কর্নেলিস স্টাউটেন, শহিদুল আলম, তানজিম ওয়াহাব ও তানভীর মুরাদ তপু
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দৃকের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার জুরিবোর্ডের সাবেক সভাপতি শহিদুল আলম, দৃকের কিউরেটর এবং জেনারেল ম্যানেজার এ এস এম রেজাউর রহমান, বাংলাদেশের রয়্যাল নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ারস ও হিউম্যান রাইটস) কর্নেলিস স্টাউটেন, ওয়ার্ল্ড প্রেস ফটো ২০২২ প্রতিযোগিতার এশিয়া অঞ্চলের জুরিবোর্ডের সভাপতি তানজিম ওয়াহাব এবং পাঠশালার আলোকচিত্র বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ।

ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক জৌমানা এল জেইন খৌরি বলেন, ‘এশিয়া অঞ্চলে আলোকচিত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান দৃকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। এই অংশীদারত্ব তাদের কাছ থেকে শেখা, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং এ অঞ্চলের আলোকচিত্রীদের সঙ্গে সত্যিকার অর্থেই সংযোগ স্থাপনের একটি সুযোগ। আমাদের যৌথ কর্মকাণ্ডের মাধ্যমে এ অঞ্চলের গল্প ও মানুষের কথা আমরা আরও স্পষ্টভাবে দেখতে ও শুনতে পাব।’