তুলার মতো সাদা মেঘের অসংখ্য পরত কাটিয়ে বিমানটি যখন ধীরে ধীরে নিচে নামছে, জানালা দিয়ে পাখির চোখে দেখলাম নতুন এক দেশকে। ধীরে ধীরে প্রকাণ্ড হয়ে উঠল দেশটির অট্টালিকা, রাস্তা আর গাড়িগুলো। বুঝতে পারলাম পৌঁছে গেছি কোরিয়ায়।আমরা গিয়েছিলাম দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌল শহরে অনুষ্ঠিত ‘ইয়ুথ ক্যাম্প ফর এশিয়াস ফিউচার-২০১২’ শীর্ষক একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে। (বাংলাদেশে অবশ্য সৌল শহরটি সিউল নামেও পরিচিত।) দেশটির জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ফ্যামিলি মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং ন্যাশনাল কাউন্সিল অব ইয়ুথ অর্গানাইজেশন ইন কোরিয়া (এনসিওয়াইওকে) আয়োজিত এই ইয়ুথ ক্যাম্পে (৬-২০ আগস্ট) বাংলাদেশসহ এশিয়ার ২৩টি দেশ থেকে ১৮৯ জন তরুণ অংশ নেন। বাংলাদেশ থেকে গিয়েছিলাম আমিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। অন্যরা হলেন আলিফা, কাশফিয়া, তাসরিবা, মঞ্জুরুল, আজাদ ও ফারাবি।এই ইয়ুথ ক্যাম্পের লক্ষ্য একটিই—পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া উন্নত করে এশিয়ার ভবিষ্যৎকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া।এবারের ইয়ুথ ক্যাম্পের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘এশিয়ান ইয়ুথ, স্টে ইন টাচ উইথ কোরিয়া’। এই স্লোগান মাথায় রেখে ৬ আগস্ট সন্ধ্যা থেকেই শুরু হয় ক্যাম্পের নানা আয়োজন। ১৮৯ জনের এই মেলবন্ধন আমাদের প্রত্যেকের জন্যই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। বিভিন্ন দেশ থেকে আসা তরুণ-তরুণীরা ভাষা, সংস্কৃতি, আচার-আচরণে যেমন আলাদা, তেমনি চিন্তা-ভাবনার দিক থেকেও ছিল ভিন্ন। তবে, প্রত্যেকের মধ্যেই ছিল বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলার দৃঢ়প্রত্যয়।৭ আগস্ট সকালে কোরিয়ার জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড ফ্যামিলি মন্ত্রী কিম কুম লি আনুষ্ঠানিকভাবে আমাদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।পরদিন থেকেই শুরু হয় বিভিন্ন জায়গা ঘুরে দেখার পালা। প্রথমে যাই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হুন্দাই মোটরে। স্বয়ংক্রিয় রোবট নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে বিশেষ নৈপুণ্যে একের পর এক গাড়ি বানানোর কৌশল দেখে অবাক হতে হয়। এরপর গন্তব্য ছিল ‘জিওনজু হানক ভিলেজ’। এ ছাড়া সৌলের চেঙডিওকগুং, ইনসা ডং স্ট্রিট, হান নদী আর সৌল টাওয়ারও ঘুরেছি আমরা।‘এক্সপো মেলা-২০১২’-তে গিয়ে আমাদের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। এটা অনেকটা আমাদের দেশের বাণিজ্য মেলার মতো। তবে মেলার পরিধি কেনা-বেচা ছাড়িয়ে আরও বহু এগিয়ে। খেলাধুলা, নাচ-গান, সার্কাস, ফোর-ডি মুভি, বিশাল অ্যাকুরিয়াম, আলোর খেলা—কী নেই সেখানে! এ যেন বিশাল এক রাজ্য। সাগরতলের হাঙর, জেলি ফিশ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ক্যাঙারু পর্যন্ত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে সেখানে। সন্ধ্যার পর বিশ্বখ্যাত কোরীয় ব্যান্ড কে-পপের কনসার্টে যাই।ক্যাম্পের চার দিন কেটেছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় দ্বীপ এবং ক্ষুদ্রতম প্রদেশ জেজু দ্বীপে। এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত অন্তরীপ সিওপজিকোজি, সিওংসান ইলচুলবোং নামের প্রকাণ্ড ও প্রাচীন দুর্গের মতো পাহাড় আর ওয়াসান জিউমোরি সমুদ্রসৈকতের সৌন্দর্যে মুগ্ধ আমরা সবাই।ক্যাম্পের একটি বিশেষ অংশ ছিল ‘এশিয়ান ফুড ফেস্টিভ্যাল’। পরদিন আমাদের জন্য আয়োজন করা হয়েছিল মিনি অলিম্পিক গেম শোর। দৌড়, রশি টানাটানি, ফুটবল, গোলক নিক্ষেপ—সবই ছিল মিনি অলিম্পিকে।ক্যাম্পের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় আয়োজন ছিল ‘এশিয়ান ট্র্যাডিশনাল পারফরম্যান্স ফেস্টিভ্যাল’। এ আয়োজনে প্রত্যেক দেশের প্রতিনিধিরা নিজের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। স্বাগতিক দেশ হিসেবে প্রথম পারফরম্যান্সটি ছিল দক্ষিণ কোরিয়ার। তাদের ঐতিহ্যবাহী নাচে মুগ্ধ না হয়ে পারলাম না। এরপর আমাদের পালা। বাংলা গান আর নাচের তালে দেখালাম কীভাবে ছয় ঋতুর আগমনকে স্বাগত জানায় বাঙালিরা। নাচ শেষে ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রও দেখানো হলো। এরপর একে একে মঞ্চে উঠলেন অন্য দেশের প্রতিনিধিরা। বিভিন্ন দেশের চমৎকার সব উপস্থাপনার মধ্য দিয়ে পরিচিত হলাম এশিয়ার বৈচিত্র্যময় সব সংস্কৃতির সঙ্গে।তবে শুধু ঘুরে বেড়ানো নয়, এর পাশাপাশি কোরিয়ান ভাষা, সংস্কৃতি, সামাজিক আচার-আচরণ, ঐতিহ্যবাহী শিল্পকর্মের ওপরেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে ক্যাম্প প্রতিনিধিদের।এ উৎসবে নতুন অনেক বন্ধু পেয়েছি। ভাষা, সংস্কৃতি বা দেশের সীমানা যে কখনো তারুণ্যের শক্তিকে আলাদা করতে পারে না, তা-ই প্রতীয়মান হয়েছে এই ক্যাম্পে। ওখানে গিয়ে পরিচিত হয়েছি এশিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে। জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ে প্রাণবন্ত এই ক্যাম্পের প্রতিটি মুহূর্তই ছিল পরম শিক্ষণীয়। এসব অভিজ্ঞতাকে নিজ নিজ দেশে কাজে লাগানোর প্রত্যয় নিয়েই দেশে ফিরি আমরা।