এশিয়ায় মুঠোফোন প্রযুক্তির হালচাল
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের বাধা পেরোতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। অন্যান্য দেশের নাগরিকদের ইমিগ্রেশন পেরোতে যখন দেড় থেকে দুই মিনিট সময় লাগছিল, তখন কেবল আমরা আট বাঙালি দাঁড়িয়ে থাকলাম। ১৬ নভেম্বর দিনটা তাই একধরনের খারাপ লাগা নিয়েই কেটেছে। তবে এর পরদিন যখন হংকং কনভেনশন সেন্টারে ‘জিএসএমএ এশিয়া মোবাইল কংগ্রেস ২০১০’-এ প্রবেশ করলাম, তখন খারাপ লাগাটা আর ছিল না। কংগ্রেস উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছিল সর্বশেষ মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে দারুণ এক মেলার। মেলা ঘুরে যেসব প্রযুক্তি দেখতে পেলাম, তার কোনোটিই এখন পর্যন্ত বাংলাদেশের মোবাইল ফোন গ্রাহকেরা ব্যবহারের সুযোগ পায়নি।এবারের মেলায় সৌরশক্তিচালিত ‘সোলার চার্জার’ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। তা ছাড়া সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহার করে মোবাইল গ্রাহকদের মধ্যে যোগাযোগ বাড়ানো, ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মতো বিষয়গুলো ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে।ইউরোপের বাজারে এখন সোলার চার্জার ছাড়ার প্রায় শেষ পর্যায়ে আছে সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চার্জারের সফল ব্যবহার সম্পন্ন হয়েছে। ছোট্ট এই চার্জার সামান্য সূর্যের আলোয় নিজের মধ্যে চার্জ ধারণ করে রাখতে পারে। তাই মোবাইল ও ক্যামেরায় তাৎক্ষণিক চার্জ দেওয়ার ক্ষেত্রে এটি জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। উৎপাদনকারীরা জানিয়েছেন, ছোট এই যন্ত্রটি হাতব্যাগের সঙ্গে ঝুলিয়ে রাখলেই চলবে। তা ছাড়া যন্ত্রটি প্লাস্টিকের হওয়ায় ভেঙে যাওয়ারও কোনো আশঙ্কা নেই। ইউরোপের বাজারে এর দাম পড়বে সাড়ে তিন হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত।মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান ফেসবুককে ব্যবসায়িক ও সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে তারা মোবাইল ফোনকেও জুড়ে দিয়েছে। অর্থাৎ ফেসবুকে ব্যক্তি যে ধরনের সুবিধা পাবে, তা সরাসরি ওই ব্যক্তির মোবাইল ফোনেও চলে আসবে। এই সেবার অন্য বৈশিষ্ট্য হলো, ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেকোনো সেবা তিনি মোবাইল ফোনের মাধ্যমে উপভোগ করতে পারবেন।ভারতীয় প্রতিষ্ঠান কমভাইভা মোবাইল ফোনকে গান শোনার একটি গুরুত্বপূর্ণ যন্ত্রে পরিণত করতে চায়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, রান্নাসহ সব কাজে কম খরচে সেবা দিতে মোবাইল ফোনকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য এশিয়ার বিভিন্ন অপারেটরদের সঙ্গে চুক্তিও করে যাচ্ছে তারা।মেলায় এশিয়ার বিভিন্ন দেশের মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে উচ্চপ্রযুক্তির মোবাইল ফোন সেবাসংক্রান্ত বিষয়গুলো বেশি আগ্রহের সৃষ্টি করে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অপারেটরদের কাছে ‘এলটিই’ ছিল আগ্রহের বিষয়। নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে এই নেটওয়ার্কিং গড়ে তোলার পাশাপাশি বিশ্বব্যাপী এই সেবা ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এশিয়ার জিএসএমএ কর্তৃপক্ষ আশা করছে, ২০১৫ সালের মধ্যে যোগাযোগের এই প্রযুক্তি মহাদেশের ১২ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। মেলায় গাড়িতে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে রাস্তার নির্দেশনা (নেভিগেশন) দেওয়ার একটি প্রযুক্তিও এনেছে চীনের প্রতিষ্ঠান চায়না মোবাইল।বাংলাদেশ থেকে মেলার সংবাদ সংগ্রহের জন্য এসেছি শুনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যথেষ্ট আগ্রহ নিয়ে কথা বলেছে। কেননা ইতিমধ্যে সম্মেলনে ঘুরেফিরে বাংলাদেশের নাম উঠে এসেছে। বলা হয়েছে, এশিয়ায় বাংলাদেশ হলো মোবাইল ফোন বাজারের ক্ষেত্রে অন্যতম সম্ভাবনাময় (ইমার্জিং) বাজার। কিন্তু মোবাইল ফোনে ওই সব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যে প্রজন্মের প্রযুক্তিসুবিধা থাকা দরকার, তা বাংলাদেশে নেই। তাই যখন প্রযুক্তিগুলো ব্যবহার করে দেখছিলাম, তখন বারবারই মনে হয়েছে, কবে আমরা এ সুবিধা পাব।মোবাইল ফোন ব্যবহার করে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য সবার আগে প্রয়োজন ফোরজি (চতুর্থ প্রজন্ম) প্রযুক্তি। মেলায় যেসব প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কাজকে হাতের মুঠোয় আনার কথা বলা হয়েছে, তার বেশির ভাগের জন্য এ প্রযুক্তি প্রয়োজন। তবে থ্রিজি প্রযুক্তিও কিছুটা সহায়তা দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের দেশে মোবাইল ফোন অপারেটররা টুজি প্রযুক্তি ব্যবহার করছে। কেননা বাংলাদেশ সরকার এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি (লাইসেন্স) এখন পর্যন্ত মোবাইল ফোন সংযোগদাতাদের দেয়নি।এশিয়া মোবাইল কংগ্রেসে আগত বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ফোন অপারেটর টেলিনরের এশিয়া অঞ্চলের উপপ্রধান হিল্ডি টোন বলেন, বাংলাদেশে উচ্চপ্রযুক্তি (থ্রিজি) ব্যবহারের সব ধরনের উদ্যোগ গ্রামীণফোনের আছে। ২০১০ সালের আগস্টে তা শুরু করার উদ্যোগও ছিল। কিন্তু লাইসেন্স না পাওয়ায় সেটা সম্ভব হয়নি। তিনি এ জন্য বাংলাদেশের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে (রেগুলেটরি ফ্রেমওয়ার্ক) দায়ী করেন।মেলায় অ্যাপলের আই ফোন-৪ এর নানাবিধ ব্যবহার দেখানো হয়। আনা হয় স্মার্ট ফোন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ দুই ধরনের ফোনের দাম অত্যন্ত বেশি। তবে আশার কথা হচ্ছে, ইতিমধ্যে চীনসহ বেশ কিছু দেশ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য ১০০ ডলার বা সাত হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন সরবরাহের উদ্যোগ নিয়েছে। আর তা বাস্তবায়ন হলে এ দেশের সাধারণ গ্রাহকেরা মোবাইল ফোন ব্যবহার করে আরও বেশি সুযোগ-সুবিধা পাবে।