এশিয়ায় ম্যালেরিয়া প্রতিরোধে আর্টেমিসাইনিন
প্রায় এক দশক ধরে দক্ষিণ-পূর্ব এশিয়াতে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় দ্রুত কার্যকর হচ্ছে ওষুধ আর্টেমিসাইনিন। থাইল্যান্ডে ম্যালেরিয়া চিকিৎসায় দীর্ঘস্থায়ী ও শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহূত হয়ে আসছে এই ওষুধ। এর ব্যবহার এই অঞ্চলে ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার কমিয়ে এনেছে অনেকাংশে।থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত অঞ্চলে আর্টেমিসাইনিনের ব্যবহার শুরু হয় প্রায় আট বছর আগে। পরবর্তী সময়ে থাইল্যান্ডের পশ্চিমাঞ্চল, মিয়ানমার ও ভিয়েতনামে এর ব্যবহার বাড়তে থাকে। তবে এই ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কায় রয়েছে এ অঞ্চলের মানুষ। তাদের ধারণা, ম্যালেরিয়া পরজীবী একসময় আর্টেমিসাইনিন প্রতিরোধী হয়ে উঠতে পারে। রোল ব্যাক ম্যালেরিয়া পার্টনারশিপের পরিচালক ফ্যাতওমাটা নাফো-ট্রেয়র বলেন, যদি এই অঞ্চলে ম্যালেরিয়ার জীবাণুর ওষুধ-প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায়, তবে এর প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ম্যালেরিয়া পরজীবী আর্টেমিসাইনিন প্রতিরোধী হয়ে ওঠার কারণ অভিবাসী কর্মী, নাকি স্বতন্ত্র কোনো বিয়ষ এর পেছনে রয়েছে—সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য কারও জানা নেই। অধিকাংশ ক্ষেত্রেই আর্টেমিসাইনিন কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে এই অঞ্চলে। এর ব্যবহার থাইল্যান্ডে ম্যালেরিয়ায় মৃত্যুর হার কমিয়ে এনেছে। ২০১১ সালে ৩০ হাজার ম্যালেরিয়া আক্রান্ত রোগীর মধ্যে মাত্র ১২ জনের প্রাণহানি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঞ্চলিক বিশেষজ্ঞ চার্লস ডিলেকোলেট্টে জানান, আফ্রিকার মতো এ অঞ্চলে ম্যালেরিয়ার পরজীবী ওষুধ-প্রতিরোধী হয়ে উঠলে ম্যালেরিয়া প্রতিরোধে এক দশকের সার্বিক সাফল্য ব্যর্থ হয়ে যাবে। মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা জানান, ২০১০ সালে সে দেশে প্রায় চার লাখ ২০ হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। তাদের মধ্যে মারা গেছে ৭৮৮ জন। মোট আক্রান্ত ব্যক্তির তুলনায় এ সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক স্য লুইন জানান, দেশে ম্যালেরিয়া পরজীবীর ওষুধ-প্রতিরোধ ক্ষমতা মাত্র ১৫ শতাংশ। এএফপি।