এশীয় আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেটে দ্বিতীয় সেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুর ইউকেএম বিশ্ববিদ্যালয় এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটটি দল অংশ নেয়। টুর্নামেন্টে সেরা হয়েছে শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।২ অক্টোবর থেকে মালয়েশিয়ায় এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। প্রথম খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল সিঙ্গাপুর নানিয়াং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়কে ৫৪ রানে, দ্বিতীয় খেলায় মালয়েশিয়ার ইউকেএম বিশ্ববিদ্যালয়কে ৭ রানে, তৃতীয় খেলায় চীনের সাংহাই মেডিকেল ইনস্টিটিউটকে ১০ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনালে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়কে ১০৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল। তবে ফাইনাল খেলায় শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের কাছে ১২০ রানে পরাজিত হয়ে টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।টুর্নামেন্ট উদ্বোধন ও ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের দলনেতা ছিলেন। উপদলনেতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি সুলতান আহমেদ। এ ছাড়া ক্রিকেট দলের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মুহাম্মদ রহুল আমীন খান ও উপপরিচালক আনিসুল আলম। আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় সেরা হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলকে অভিন্দন জানিয়েছেন উপাচার্য আনোয়ারুল আজিম। অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের এ সাফল্য দেশের ক্রীড়াজগৎকে সমৃদ্ধ করেছে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে ক্রিকেট দলকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন উপাচার্য।