এশীয় সাইবার গেমসে বাংলাদেশের ব্রোঞ্জ
তখন চলছিল ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। একদিকে বিশ্বের অন্যতম এ আসরে লড়ছে বিশ্বের সেরা সব দল, অন্যদিকে সাইবার গেমেও চলেছে তুমুল লড়াই।৯ থেকে ১১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সাইবার গেমসের এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় প্রতিযোগিতা—‘এশীয় সাইবার গেমস-২০১০’।এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ। এ আসরে ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশের গেমার আরাফাত। আর সেটা ফুটবলের গেম (ফিফা-১০) থেকেই এসেছে।ঢাকার গভর্নমেন্ট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রআরাফাত। পদক জয়ের পর ঢাকায় ফিরে এসে বলে, ‘পুরস্কার পেয়ে ভালো লেগেছে, পাশাপাশি আরও ভালো করার ইচ্ছে আছে। পদক পাওয়ার এ ধারাবাহিকতা ধরে রেখে এবং দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।’এবারের এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় ১৪টি দেশ অংশ নেয়। বাংলাদেশ থেকে সাতজন গেমার অংশ নিয়েছে। ডটা, ফিফা-১০ ও ফ্রোজা ৩ এক্সবক্স—এ তিনটি গেমে লড়াই করে গেমাররা। এর মধ্যে ফিফা ১০ খেলায় আরাফাত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চীনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয়।এর আগে বাংলাদেশি গেমারদের বড় অর্জন ছিল দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় (এসএসিজি) ডটা গেমে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া। ধীরে ধীরে আসতে থাকা এসব সাফল্য বাংলাদেশে গেমারদের জন্য নতুন এক অধ্যায়। বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশকান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেন জানান, ২০০৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিত গেম প্রতিযোগিতার আয়োজন করে আসছে ‘এফওয়ান আইটি’। ৬ থেকে ৮ আগস্ট রাজধানীর উত্তরার স্কলাস্টিকা স্কুলে শুরু হবে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ। জাতীয় চ্যাম্পিয়নশিপের বিজয়ীরা অংশ নেবেন বিশ্ব সাইবার গেমস প্রতিযোগিতায়। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে বিশ্ব সাইবার গেমসের আসর।