এসইসির কঠোর নজরদারি দাবি ইনভেস্টরস ফোরামের
বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা বাজার স্থিতিশীল রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কঠোর নজরদারি দাবি করেছেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো, পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনার কথাও বলেছেন তাঁরা।সংগঠনের আহ্বায়ক আসলাম মোরশেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ভুল সূচকের ওপর দাঁড়িয়ে আছে দুই স্টক এক্সচেঞ্জ। এর কোনো সংশোধন ছাড়াই আমরা বিনিয়োগ করে যাচ্ছি। এটা কতটা যুক্তিযুক্ত?’ তিনি আরও জানান, বাজার স্থিতিশীল করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় হতে হবে। দেখা যাচ্ছে বড় শিল্পপতিরা এখনো সেভাবে বিনিয়োগে এগিয়ে আসেননি। তাঁরা ক্রয় করছেন মেপে মেপে। এতে মার্কেট কী ফল পাবে? তাঁরা মার্কেটে খুশিমতো আসবেন, আবার বেরিয়ে যাবেন—এটা কেমন কথা। এ ব্যাপারে এসইসির (সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) নজরদারি দরকার।সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার ঘিরে নানা গুজব প্রসঙ্গে ইনভেস্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে সরকারের নীতিনির্ধারক মহল সিদ্ধান্ত নেবেন। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আমরা বারবারই বলে আসছি, পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি বাস্তবায়নের কথা। কিন্তু তা প্রকাশের আগে অপ্রচার চালিয়ে শেয়ারবাজারকে অস্থিতিশীল করার হীন মানসিকতার সঙ্গে কারা জড়িত আমরা জানি না। তবে আমরা মনে করি, এসব ব্যাপারে এসইসিকে কঠোর ভূমিকা নিতে হবে।’ তাঁর মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর দায়িত্ব নিতে হবে এসইসিকে। কোথায় কোথায় ফোর্স সেল হচ্ছে তাদের সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে তদারকি করতে হবে। তবেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।ফোরাম নেতারা শেয়ারবাজার নিয়ে সুধীসমাজ, অর্থনীতিবিদ, মন্ত্রী, সাংসদদের আলোচনা সমালোচনা বিষয়টি পরিহার করে বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করার অনুরোধ জানান। বাজার চাঙা করার ক্ষেত্রে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকেও সহযোগিতা আশা করেন তাঁরা। পাশাপাশি বিনিয়োগকারীদের রাতারাতি লাভের মানসিকতা ছেড়ে যাচাই বাছাই করে শেয়ার কেনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিনিয়োগের আহ্বান জানান।