এসইসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন পুঁজি হারানো বিনিয়োগকারীরা
চট্টগ্রাম শেয়ারবাজারে নতুন বছরের সূচনা হয় ভালো লেনদেনের মধ্য দিয়ে। মূল্যসূচকও ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু শেষ চার দিন তা আর ঠিক ছিল না। সপ্তাহের শেষ দিন (বৃহস্পতিবার) তা একেবারে নিচে নেমে আসে। ব্যবসায়ী ও বাজারবিশ্লেষকেরা বরাবরের মতো এ জন্য মূলত ব্যাংকের তারল্যসংকট, নানা গুজবে উদ্বুদ্ধ হয়ে শেয়ার বিক্রির চাপকেই বড় করে দেখছেন। তবে বড় কথা হচ্ছে, শেয়ার ব্যবসার টাকা যে বিভিন্ন মাল্টিলেভেল কোম্পানিতে বিনিয়োগ হচ্ছে সেটা সবার কাছে স্পষ্ট। তারল্যসংকটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোও দ্রুত তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। ফলে কম ক্রেতার মধ্যে বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতির অবনতি ঘটে। ঢাকার শেয়ারবাজারের অবস্থাও ছিল প্রায় একই রকম। তবে ঢাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষের ঘটনা ঘটলেও চট্টগ্রামের বিনিয়োগকারীরা সে রকম কিছু ঘটাননি। তাঁরা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সূত্রমতে, এসইসি আজ (রোববার) সকালে ঢাকায় জরুরি সভা ডেকেছে। কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সবচেয়ে কম লেনদেন হয়েছে। গত চার মাসে এ রকম পরিস্থিতি এবারই প্রথম সৃষ্টি হলো বলে জানা যায়। এদিন মোট ৯৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ২৬ কোটি ৭৮ লাখ টাকা কম ছিল। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১২১ কোটি ৫১ লাখ টাকা। অপরদিকে, গত বছরের ১৩ সেপ্টেম্বর সিএসইতে লেনদেন হয় ৯২ কোটি টাকার মতো। এদিন লেনদেনের দরপতন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন যেখানে আমাদের লেনদেনের পরিমাণ পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার মতো দাঁড়ায়, সেখানে বৃহস্পতিবার তা এক কোটি টাকারও নিচে নেমে আসে।’বৃহস্পতিবার ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ১৮টির। দাম কমে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের। সার্বিক মূল্যসূচক ৪৯১ পয়েন্ট কমে ২২ হাজার ৩ পয়েন্টে নেমে আসে। জানা যায়, গত সপ্তাহে সিএসইতে প্রায় ৬৭৩ কোটি টাকার লেনদেন হয়, যা এর আগের সপ্তাহের তুলনায় ১০০ কোটি টাকারও কম ছিল। বাজারবিশ্লেষকেরা বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সঠিক বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দিচ্ছেন বেশি। কারণ তাঁরা মনে করেন, বিনিয়োগকারীরা নানাভাবে বিভ্রান্ত হচ্ছেন। তবে শেয়ারের দাম আর বাড়বে না, এমন গুজবে বিশ্বাস করে একশ্রেণীর বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিচ্ছেন। বাজারবিশ্লেষক ও সিএসইর পরিচালক মো. মহিউদ্দিন বলেন, ‘অহেতুক গুজবে কান দেওয়া ঠিক নয়। অতি দ্রুত না হলেও তা ক্রমান্বয়ে বাড়বে। এ নিয়ে অধৈর্য হওয়ার কোনো কারণ নেই।’ তিনি আরও মনে করেন, একটা সময় বিনিয়োগকারীদের মধ্যে শুধু লাভের ধারণাই দেওয়া হয়েছিল। তখন এর উত্থান-পতন সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকাটাও বর্তমান অস্থিরতার একটি কারণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীদের প্রশিক্ষণ এবং শেয়ার ব্যবসা সম্পর্কে আরও সচেতন করে তোলার এখনই আসল সময়। আর এ ব্যাপারে বিভিন্ন ব্রোকারেজ হাউসের পাশাপাশি সিএসই ও ডিএসই কর্তৃপক্ষও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’