এসএএফ শিক্ষাবৃত্তি
বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সাউথ এশিয়া ফাউন্ডেশন ‘এসএএফ মদনজিৎ সিং স্কলারশিপ’ প্রদান করছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মান, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন মেয়াদে পড়ার জন্য বৃত্তির দরখাস্ত গ্রহণ করা হচ্ছে।ভারতের পডুচেরি বিশ্ববিদ্যালয়ে গ্রিন এনার্জি টেকনোলজি ও সাউথ এশিয়ান স্টাডিজে স্নাতক পর্যায়ে দুই বছরের কোর্সের জন্য যথাক্রমে কম্পিউটার, পদার্থ, রসায়নে বিএসসি বা এমএসসি ও সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাসে সম্মান ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সাংবাদিকতা বিষয়ে সম্মান ডিগ্রিধারী শিক্ষার্থীরা চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজমে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে পড়ার জন্য বৃত্তির আবেদন করতে পারবেন। এ ছাড়া এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা রয়েল ইউনিভার্সিটি অব ভুটানে ফরেস্ট্রি এবং নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড রিজিওনাল কো-অপারেশনে পড়ার জন্য আবেদন করতে পারবেন। এ প্রসঙ্গে সাউথ এশিয়া ফাউন্ডেশনের (এসএনএফ) সদস্যসচিব দেওয়ান হাসান মাহমুদ জানান, ‘বাংলাদেশি শিক্ষার্থীরা গত বছরও সাফল্যের সঙ্গে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছে। আশা করা যায় এবারও তারা ভালো করবে।’বিস্তারিত তথ্য জানা যাবে: www.southasianfoundation.org ওয়েবসাইটে।