এসএনপির ঐতিহাসিক জয়
এবার স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট হবে। এ ব্যাপারে দেশটির ফার্স্ট মিনিস্টার স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) নেতা আলেক্স স্যামন্ড নিঃসংশয়। বলা হচ্ছে, যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত স্কটল্যান্ডের এবারের পার্লামেন্ট নির্বাচন সেখানে অনুষ্ঠিত আগের যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা, বেশি তাৎপর্যপূর্ণ। ‘দেশটির’ ইতিহাসে এমন নির্বাচন আর দ্বিতীয়টি হয়নি। এ নির্বাচনের ফলের প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের রাজনৈতিক চেহারা স্থায়ীভাবে পাল্টে দেবে তা। কারণ, স্বাধীনতাকামী এসএনপি এবারের নির্বাচনে ১২৯ আসনের মধ্যে পেয়েছে ৬৯টি আসন, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।নির্বাচনের কয়েক মাস আগের জনমত জরিপগুলোতেও দেখা গিয়েছিল, লেবার পার্টি স্পষ্টতই এগিয়ে আছে। কিন্তু শেষমেশ আসল দিনেই কিনা ভোটারদের মনের মোড় ঘুরে গেল! লেবারকে বরণ করতে হলো পরাজয়।জাত্যাভিমানী ও ‘দেশপ্রেমিক’ স্কটদের দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) বিরাট জয় পেলেও তা অবশ্য এককভাবে সরকার গঠনে যথেষ্ট নয়। তার পরও পার্লামেন্টে ভালো রকম সংখ্যাগরিষ্ঠতার জোরে স্কটল্যান্ডের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দেখছে দলটি। স্বাধীনতার জন্য গণভোট দেওয়া এসএনপির জন্য একসময় ছিল স্বপ্নমাত্র; কিন্তু এখন সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলেই মনে হয়। তবে জানা গেছে, এসএনপি গণভোট নিয়ে খুব তাড়াহুড়া করবে না। বরং ধীরে-সুস্থে আরও প্রচার-প্রচারণা চালিয়ে আগে স্বাধীনতার পক্ষে যথেষ্ট জনমত তৈরি করবে। সাম্প্রতিক জনমত জরিপের ফল বলছে, স্থানীয় ভোটাররা এখনই ‘বনি স্কটল্যান্ডের’ পূর্ণ স্বাধীনতার জন্য তৈরি নন, তাঁরা বরং এর বিরোধিতা করছেন। মানতেই হবে, পার্লামেন্ট নির্বাচনে এসএনপিকে ভোট দেওয়া আর স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য ভোট দেওয়া এক কথা নয়। এই দোলাচলের মধ্যেও নির্বাচনী ফলের প্রভাব গোটা যুক্তরাজ্যের রাজনীতিকদের মনোযোগ আকর্ষণ করবে এটাই স্বাভাবিক। ইতিমধ্যে প্রতিক্রিয়া শুরুও হয়ে গেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোজা বলে দিয়েছেন, ‘তাঁরা (এসএনপি) যদি গণভোট চায়, তাহলে যুক্তরাজ্যকে অখণ্ড রাখতে আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’ লেবার দলের নেতা এড মিলিব্যান্ডও অখণ্ডতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এসএনপি ‘স্বাধীনতার ধুয়া’ তুলছে। এটা স্পষ্ট যে স্কটল্যান্ড পূর্ণ স্বাধীন হোক, লেবাররা তা কখনোই চাইবেন না। কারণ এতে দলটির ওয়েস্টমিনস্টার কবজা করে গোটা যুক্তরাজ্য শাসনের সম্ভাবনা চিরতরে লোপ পাবে। স্কটল্যান্ডে কী কারণে লেবারদের এমন ভরাডুবি হলো শিগগিরই তার ‘ময়নাতদন্ত’ শুরু হবে। সেখানকার লেবার দলের নেতা ইয়েন গ্রেকে এবারের নির্বাচনী বিপর্যয়ের বলি হতে হয়েছে। আগামী হেমন্তে দলের পরিস্থিতি ও কৌশলের চুলচেরা পর্যালোচনার পর পদত্যাগ করবেন তিনি। অন্তত ১৯৩১ সালের পর থেকে এটাই স্কটল্যান্ডে সবচেয়ে খারাপ ফল লেবার দলের। তবে কনজারভেটিভ পার্টির জন্য ব্যাপারটা হতে পারে আরও খারাপ। সব হিসাব কষার পর সম্ভবত দেখা যাবে এটি স্কটল্যান্ডে তাদের এযাবৎকালের সবচেয়ে বাজে ফল। আর লিবারেল ডেমোক্র্যাটরা ১৯৭৯ সালের পর থেকে এত খারাপ আর করেনি।ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ডের সামনে কঠিন পরীক্ষা। দুরূহ সব সিদ্ধান্ত নিতে হবে তাঁকে। আজকের সর্বব্যাপী আর্থিক সংকোচনের সংস্কৃতির এ সময়ে তাঁকেও অপ্রিয় কাটছাঁট করতে হবে। এসএনপি ইতিমধ্যেই সরকারি খাতে ২০০১-১২ সালের জন্য ৩ শতাংশ ‘দক্ষতা সঞ্চয়’ (পড়ুন ব্যয় সংকোচন) করবে। ২০১৪-১৫ সালে এর হার আরও বাড়ানো হবে। এসএনপি এখন একা শাসন করছে বলে এই ব্যয় হ্রাস জনগণের জন্য কষ্টের কারণ হলে দায়দায়িত্ব তাঁদেরই নিতে হবে। তবে অন্যদের চেয়ে এসএনপির সুবিধার দিকটি হলো, যে স্বপ্ন নিয়ে ১৯৩৪ সালে দলটির প্রতিষ্ঠা অন্তত সেই স্বাধীনতার সম্ভাবনা জাগিয়ে তুলে দলের পার্লামেন্ট সদস্য তথা নেতাদের উজ্জীবিত রাখা যাবে তুলনামূলকভাবে সহজে। মিজান মল্লিক, বিবিসি অবলম্বনে