এসএমএস প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন মহাখালীর একটা মেসে থাকতাম। আমি, ফরহাদ, নাজমুল ও বেলাল ভাই—এই চারজন ফোন এক রুমে। আমাদের মধ্যে ফরহাদের মোবাইল ছিল না। একদিন ও একটা বাংলালিংকের সিম কিনল। আমাদের মাথা থেকে দুষ্টবুদ্ধি বের হলো। ঠিক হলো, বেলাল ভাইকে একটু নাচাতে হবে। আমার মোবাইল ফোনে ফরহাদের সিম ভরে বেলাল ভাইকে একটা এসএমএস করলাম। এসএমএসটা ছিল এ রকম, ‘আমি রুপা। তোমাকে ভালোবাসি। আমার মোবাইল ফোন নেই। আম্মুর মোবাইল ফোনে সিম ভরে তোমাকে এসএমএস করলাম। তোমার সঙ্গে আমার এসএমএসে কথা হবে।’ বেলাল ভাই তো এসএমএস পেয়েই পাগল। দিন-রাত সারাক্ষণ শুধু ওই নম্বরে কল করার চেষ্টা করেন। তিনিও একটা এসএমএস করেন, ‘তুমি একবার শুধু আমার সঙ্গে কথা বলো।’ কিন্তু কে কথা বলবে? এভাবে এসএমএসের মাধ্যমে প্রেম চলতে থাকে। আমরা কোনো রকমে এসএমএস দিয়েই মোবাইল ফোন অফ করে দিতাম। একদিন আমাদের বাসায় বুয়া নেই। বেলাল ভাই রান্না করছেন। মোবাইল ফোন ছিল বেডরুমে। আমি ফরহাদের সিমটা আমার মোবাইলে ভরে ১৭বার মিসকল দিলাম। খুব ছোট্ট করে মিসকলগুলো দিলাম, যাতে শব্দ হওয়ার আগেই কেটে যায়। বেলাল ভাই কোনোভাবেই যেন টের না পান। পরে মোবাইল ফোন অফ করে দিলাম, ‘অনেক মিসকল দিলাম, তবু তুমি কলব্যাক করোনি। তুমি কী?’ বেলাল ভাইয়ের মিসকল আর এসএমএস দেখে হার্টফেল করার মতো অবস্থা। বলা বাহুল্য, এর পর থেকে তিনি বাথরুমে গেলেও মোবাইল ফোনটা সঙ্গে নিয়ে যেতেন। তিনি আমাদের কাছে বললেন, ‘এটা আমার কোনো ছেলেবন্ধুর কাজ হবে।’ কিন্তু তাঁর মুখ দেখেই আমরা বুঝলাম যে তিনি মনে মনে কতটা দুর্বল। আমরা এই সুযোগে তাঁর কাছ থেকে কিছু খাওয়ার ফন্দি আঁটতে লাগলাম। আমরা তাঁর সঙ্গে খুব ভালো রেস্টুরেন্টে খাওয়ানোর শর্তে বাজি ধরলাম, ‘এ অবশ্যই কোনো মেয়ে হবে এবং নিশ্চিতভাবে আপনার সঙ্গে তিন দিনের মধ্যে কথা বলবে।’ পরদিনই নাজমুল ভাই কলেজে গিয়ে তাঁর এক বান্ধবীকে ঠিক করে ওই নম্বর থেকে মিসকল দিলেন। সঙ্গে সঙ্গে কলব্যাক। মেয়েটি বলল, ‘তোমাকে আমার খুব ভালো লাগে। অনেক কষ্ট করে তোমার নম্বর জোগাড় করেছি। তোমার বাসার পাশেই আমার বাসা।’ মেয়ের কণ্ঠ শুনেই বেলাল ভাই যে কী খুশি! খুশিতে তিনি একটা কিস চেয়ে বসলেন। আর নাজমুল ভাইয়ের বান্ধবী তো রেগে গেলেন। আমাদের প্রেস্টিজ নষ্ট। তাই আমরা বেলাল ভাইকে এই বলে তিরস্কার করতে লাগলাম, ‘আপনি প্রথমবারের কথাতেই কীভাবে এ কথাটা বললেন? এই মেয়ে আর কোনো দিন আপনার সঙ্গে কথা বলবে না, এসএমএসও করবে না—বাজি ধরে বলতে পারি।’ নাজমুল ভাই বাজি ধরলেন, ‘আপনি যেহেতু এ কথা বলেছেন, ওই মেয়ে তো আপনার সঙ্গে আর কথাই বলবে না। তাই এখন থেকে ওই মেয়ের সঙ্গে আমিই প্রেম করব।’ এর পরের দিন পরিকল্পনামতো নাজমুল ভাই তাঁর প্রেমিকার সঙ্গে কথা বলছেন। আর আমি আমার মোবাইল ফোনে ফরহাদের সিম ভরে ১২৩-এ ডায়াল করে বারবার ব্যালেন্স শুনতে লাগলাম, যাতে বেলাল ভাই কল দিলে ওয়েটিং পান। আমি বেলাল ভাইকে বললাম, ‘নাজমুল ভাই তো ওই মেয়ের সঙ্গে কথা বলছে।’ বেলাল ভাই কল দিয়ে দুজনের নম্বরই বারবার ওয়েটিং দেখতে পেলেন। তিনি আমাদের বললেন, ‘এটা ঠিক না। একজনের প্রেম আরেকজনের কেড়ে নেওয়া ঠিক না।’ তাঁর দীর্ঘশ্বাস শুনেই আমরা বুঝলাম, তিনি কতটা সিরিয়াস হয়ে গেছেন। সামনেই ছিল তাঁর পরীক্ষা। তাই আর দুষ্টুমি না করার সিদ্ধান্ত নিলাম। দুই-তিন দিন পর তাঁকে সবকিছু খুলে বলেছিলাম। শুনে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। বেলাল ভাইয়ের সঙ্গে এখন আর আমার দেখা হয় না, যোগাযোগও হয় না। ‘বেলাল ভাই, আমি আজ সত্যিই দুঃখিত। আপনার সঙ্গে ও রকম করা ঠিক হয়নি।’ রসায়ন বিজ্ঞান, তৃতীয় বর্ষ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।