এসএসসি পরীক্ষা দিতে পারেনি নয় শিক্ষার্থী!
শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের কারণে এবারের এসএসসি পরীক্ষা দিতে পারেনি মহেশখালী উপজেলার কালারমারছড়া উচ্চবিদ্যালয়ের নয় শিক্ষার্থী। এতে এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন এক বছর পিছিয়ে পড়েছে এবং তাদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। জানা গেছে, ২০১১ সালের ২০ অক্টোবর কালারমারছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নূর হোসাইনকে নিয়োগ দেওয়ার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে ধর্মঘট করে। আর এ দ্বন্দ্বের প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিদ্যালয় থেকে ৯৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে প্রধান শিক্ষকের মাধ্যমে নয়জন ও বাকি ৯০ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে ফরম পূরণ করে। কিন্তু শিক্ষা বোর্ড থেকে ৯১ জন শিক্ষার্থীর প্রবেশপত্র এলেও বাকি আটজনের প্রবেশপত্র আসেনি। পরে অন্য একজনের প্রবেশপত্র এলেও তা আবার স্থগিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে নয়জন শিক্ষার্থী ফরম পূরণ করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ শিক্ষকেরা এসব শিক্ষার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়াসহ নানা অভিযোগ এনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত শিক্ষার্থীরা হচ্ছে শবে মেরাজ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাসেল, তাহমিনা আকতার, স্বপ্না রানী শীল, সুমি আকতার, জোছনা আকতার, মো. রিদোয়ান ও সাদত হোসেন। অভিযোগের কারণে বোর্ড থেকে তাদের নামে প্রবেশপত্র আসেনি। ফলে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরে রিদোয়ানের প্রবেশপত্র এলেও তা আবার স্থগিত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় ৯০ জন শিক্ষার্থী পাস করেছে। এদের ফরম পূরণের ব্যাপারে প্রধান শিক্ষককে বলা হলে তিনি অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তিনি এসব শিক্ষার্থীর ফরম পূরণ করাননি। এমনকি তিন মাস ধরে বিদ্যালয়ে আসেননি তিনি। পরে শিক্ষার্থীদের অভিভাবকেরা বোর্ডে গিয়ে ফরম পূরণের ব্যবস্থা করেন। নয়জন শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, এরা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এ ব্যাপারে অভিযোগ থাকায় প্রধান শিক্ষক চেষ্টা করেও তাদের ফরম পূরণ করাতে পারেননি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রধান শিক্ষক নূর হোসাইন বলেন, ‘স্থানীয় কয়েকজন শিক্ষক প্রাণনাশের হুমকি দেওয়ায় আমি স্কুলে যেতে পারছি না। এনিয়ে থানায় ডায়েরি করেও কোনো প্রতিকার পাইনি।’ অভিযুক্ত শিক্ষার্থী রিদোয়ান বলেন, ‘আমরা নির্বাচনী পরীক্ষায় পাস করেছি, নির্ধারিত ফি-ও দিয়েছি প্রধান শিক্ষকের মাধ্যমে। কিন্তু শিক্ষকদের দলাদলির কারণে আমাদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেল।’এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ারুল নাসের বলেন, ‘শনিবার আমি শুনেই বোর্ডে যোগাযোগ করেছিলাম। কিন্তু ওই নয় শিক্ষার্থীর ব্যাপারে বিদ্যালয়ের অন্য শিক্ষকদের আপত্তি থাকায় বোর্ড তাদের প্রবেশপত্র ইস্যু করেনি বলে পরীক্ষা নিয়ন্ত্রক আমাকে জানিয়েছেন।’