এসএসসি পরীক্ষা দিয়ে...
এই তো সবে শেষ হলো এসএসসি পরীক্ষা। পরীক্ষার আগে কি ভাবনা আর ভয়েই না কেটেছিল দিনগুলো! এখন সে সব আর নেই। সামনে শুধু অখণ্ড অবসর!ফারিহা এবার পরীক্ষা দিয়েছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। কী করবে এই অবসরে প্রশ্ন করতেই ঝটপট উত্তর ফারিহার, ‘আপাতত ঢাকায় আত্মীয়স্বজনের বাসায় বেড়াব। এরপর ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি ভাষার ওপর কোর্স করার ইচ্ছা আছে। সে সঙ্গে সদস্য হব লাইব্রেরির।’ওর চার বন্ধু ফারা, আনিকা, ওয়াসিফা ও ওয়াইদা। আনিকাও আপাতত ঘোরাঘুরি করবে। তারপর বন্ধুরা সবাই মিলে কোনো একটি কোর্স করবে। ঘুমকাতুরে ফারা হাই তুলতে তুলতে বলে, ‘আমি বাবা কিছু দিন ঘুমাব। পরীক্ষা শুরুর আগে থেকেই পড়াশোনা আর টেনশনে ঠিকমতো ঘুমাতে পারিনি। তাই আগে ঘুম, তারপর অন্যসব।’ওয়াসিফার পছন্দ কার্টুন। তাই এই অবসরে প্রাণভরে কার্টুন দেখতে চায় সে। পাশাপাশি ছবি আঁকার হাতটাকে আরেকটু পাকা করার ইচ্ছা তার। এ ছাড়া ভালো কিছু বই পড়া এবং বন্ধুরা মিলে একসঙ্গে কোনো কোর্স করার কথা ভেবেছে সে।ফারিহাকে জিজ্ঞেস করি, ‘বন্ধুদের নিয়ে কোথায় বেড়াতে যেতে চাও? উত্তর মেলে, কেন পাহাড়ে!আইডিয়াল স্কুল ও কলেজের ছাত্র তৌহিদুর রহমান এ সময়টা বেরিয়ে পড়বে ভ্রমণে, চলে যাবে কক্সবাজারে, নয়তো সিলেটে। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি করার চেষ্টা করবে একটি তথ্যচিত্র।সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মারজান আল জান্নাত ইংরেজি কোর্সকরবে। বিভিন্ন স্কুলের অন্যান্য বন্ধুর সঙ্গে মিলে সমাজসেবামূলক কাজ করবে।এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের আগে যে নিরবচ্ছিন্ন সময়টা পাওয়া যায়, সেটি কাজে লাগানো উচিত বলে মনে করেন বিদগ্ধজনেরা। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, এ সময়টা হলো গ্রহণের। স্মৃতি হাতড়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষার পরবর্তী সময়টাতে আমি প্রচুর পড়াশোনা করেছি। বিশেষ করে, পাঠ্যবইয়ের বাইরের অনেক বিষয়। আমাদের বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ। তাই ইচ্ছা হলে এই সময়ে সাহিত্যের ভালো ভালো বই পড়ে ফেলা যেতে পারে। আর বেড়ানোর জন্য জায়গার তো কোনো অভাব নেই। তাই ঘুরতে পারো প্রজাপতির মতো রঙিন পাখা মেলে।টিভিব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের সরল বয়ান, এ সময়টা একেবারেই নিজের ইচ্ছামতো ব্যবহার করতে দিতে হবে ছেলেমেয়েদের। কারণ, এ সময়টা হলো নিজের মতো করে কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত। অনেক কিছুই করা যেতে পারে এ সময়ে। যেমন উচ্চারণের কোর্স করা যেতে পারে। কেননা, এই প্রজন্মের মধ্যে উচ্চারণ নিয়ে আছে অস্পষ্টতা।এই খুদে সৈনিকদের সমাজকল্যাণমূলক কাজে লাগানোর পক্ষপাতী শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী। তিনি মনে করেন, এই উদ্যোগটা নিতে হবে স্কুল থেকে। আর এই কল্যাণমূলক কাজটা করে শিক্ষার্থীরা যেন আনন্দ পায়, সে দিকটিও মাথায় রাখতে হবে।পড়াশোনার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের মধ্যে পড়াশোনা নিয়ে আছে প্রবল ভীতি। কিছুটা দুঃখ ভারাক্রান্ত স্বরেই বলছিলেন নাট্যব্যক্তিত্ব ও আলোকচিত্রী আলী যাকের। পড়াশোনার ক্ষেত্রে যেন একটা ধস নেমেছে। তাই শিক্ষার্থীদের এ সময় যত বেশি সম্ভব বই পড়ার পরামর্শ দেব আমি। এ ছাড়া ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক এবং বিশেষ দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখা যেতে পারে। ইচ্ছে হলে সময়কে ফ্রেমে বন্দী করে ফেলতে পারো। অর্থাৎ ছবি তুলতে পারো তোমরা। তাই এ সময়ে ফটোগ্রাফির ওপর ছোট্ট একটি কোর্স করলে মন্দ হয় না।বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার গোড়াটাও এ সময় শক্ত করে নেওয়া যেতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। কেননা, আন্তর্জাতিক ভাষাকে গুরুত্ব না দিলে চলে না। আর একই সঙ্গে কম্পিউটারের একটা কোর্স করা যেতে পারে। প্রযুক্তি এখন মাউস, কি-বোর্ড আর মনিটরনির্ভর। এ ছাড়া পড়তে পারো, যা ভালো লাগে তা-ই।দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় আছেন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম। তাই শিক্ষার্থীদের মন-মানসিকতা বেশ ভালোভাবেই বুঝতে পারেন তিনি। দীর্ঘদিন ধরে পরীক্ষা চলার পর একসময় বই-খাতা আর পড়াশোনার প্রতি বিতৃষ্ণা জন্মে শিক্ষার্থীদের। তাই মনটাকে সতেজ করতে এ সময় ভ্রমণের পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীরা ঘুরে ঘুরে নানা জিনিস দেখবে, জানবে ও বুঝবে। ইচ্ছা হলে কোনো কোর্স করতে পারো বা পড়তে পারো সাহিত্যের কোনো বই। নিয়মের বেড়াজাল বা সিলেবাসের ঘেরাটোপে আবদ্ধ করলে কোমলমতি এসব শিক্ষার্থীর নিজস্ব সত্তাটি বিকশিত হতে পারবে না।গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে নওশিন। পরীক্ষা-পরবর্তী সময়ে কী করছ জানতে চাইলে সে বলে, ‘ওই সময়টাতে আমি নাচের তালিম নিয়েছি। পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম সমুদ্র দর্শনে, আর পড়েছি বেশ কিছু বই। তবে সময়টাকে হয়তো আরও ভালোভাবে কাজে লাগাতে পারতাম। কেননা, এমন অবসর হয়তো আর কখনো মিলবে না।’তাই শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা-পরবর্তী দীর্ঘ সময়টা অপচয় করো না। সুন্দর ভবিষ্যত্ নির্মাণের কাজে সময়টা ব্যয় করো। পড়তে পারো প্রচুর বই। করতে পারো নতুন কোনো কোর্স, শিখতে পারো নতুন কিছু। আর পাখির মতো ডানা মেলে হারিয়ে যেতে পারো নতুন কোনো জায়গায়। তবে আর বসে কেন, লেগে পড়ো নিজেকে তৈরি করার কাজে।