এসএসসি পরীক্ষার্থীদের কাছে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: ফাহিম ও আফরা
ছবি: সাবিনা ইয়াসমিন, অলংকরণ: এস এম রাকিবুর রহমান

প্রিয় এসএসসি পরীক্ষার্থী,

আমার আর ‘স্বপ্ন নিয়ে’র শুভেচ্ছা নিয়ো। সবকিছু ঠিক থাকলে, আজ বিকেলের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার সব পর্ব শেষ হবে। করোনা অতিমারির ভয়ংকর ছোবলের মাত্রা কমে যাওয়ায় মানুষ আবার তার ছন্দে ফেরার চেষ্টা করছে। কিন্তু অন্যদের তুলনায় তোমাদের হারিয়ে যাওয়া দিনগুলো তোমাদেরকে অনেক বেশি ভোগাবে। গত বছর মার্চ মাসে যখন তোমরা মাত্র দশম শ্রেণির মূল পড়ালেখায় ঢুকেছ, তখনই স্কুলগুলো বন্ধ হয়ে যায়।

তোমাদের স্কুল ও সরকার নানাভাবে টেলিভিশন, অনলাইন, ফেসবুকের মাধ্যমে পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছে। কিন্তু আমরা তো জানি, তোমার অনেক বন্ধুরই কম্পিউটার, স্মার্টফোন বা প্রয়োজনীয় ইন্টারনেট সংযোগ ছিল না। সে তো ক্লাসে থাকেনি। তোমাদের বয়সী অনেক মেয়েকে তার মা-বাবা বিয়ে দিয়ে দিয়েছেন! সে হয়তো আর পড়াশোনার জগতে ফিরবে না।

তিন বিষয়ের পরীক্ষা হওয়ায় তোমাদের এসএসসির ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হতে পারে। এরপর কলেজে ভর্তি ও উচ্চমাধ্যমিকে ক্লাস শুরু হতে হতে ফেব্রুয়ারি চলে আসবে। করোনার আগে হলে আমি তোমাকে বলতাম—এ সময়টা শুধু উপভোগ করো। নানাবাড়ি-দাদাবাড়ি বেড়াতে যাও, মনের আনন্দে সিনেমা দেখো, বই পড়ো। কিন্তু এবার আমি তোমাকে আরও কিছু করতে বলি।

তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অনেকে হয়তো সততার সঙ্গে, গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টগুলো করোনি বা করতে পারোনি। আবার অনেকেই শুরু থেকে পড়াশোনার জগতে, নিজেকে তৈরি করার কাজে সক্রিয় ছিলে। সঙ্গে ছিল বাড়তি একটা ব্যাপার—তা হলো দীর্ঘ সময় তুমি মা-বাবা ভাইবোনদের সঙ্গে কাটিয়েছ। স্কুল শুরুর পর এত লম্বা ছুটি আর কখনো পাওনি। তুমি হয়তো এই সময়ের মধ্যেই টের পেয়েছ—মা বাসায় থাকলেও তাঁকে কত কাজ করতে হয়, বাবার ওপর কত শত দায়িত্ব। ছোট ভাইবোনদের দেখভাল করার মতো কিছু দায়িত্ব হয়তো তুমিও নিয়েছ। কিংবা বড় ভাই বা বোনের কাছ থেকে শিখেছ নতুন কিছু।

কিন্তু তোমার মাথায় ছিল—এসএসসি পরীক্ষা দিতে হবে। তুমি হয়তো এ আশাও করেছিলে, পরীক্ষার আগে তুমি কয়েক মাস স্কুলে যাওয়ার সুযোগ পাবে, সংক্ষিপ্ত হলেও তোমার পড়ার বিষয়গুলো একটু ঝালিয়ে নিতে পারবে। কিন্তু নিষ্ঠুর করোনা আমাদের কাউকে এখনো আগের ছন্দে ফিরতে দেয়নি। তুমিও যা ভেবেছিলে তা পাওনি। এই ছন্দে ফেরার লড়াইটা তাই তোমাকে এগিয়ে নিতে হবে।

তিন বিষয়ের পরীক্ষা হওয়ায় তোমাদের এসএসসির ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হতে পারে। এরপর কলেজে ভর্তি ও উচ্চমাধ্যমিকে ক্লাস শুরু হতে হতে ফেব্রুয়ারি চলে আসবে। করোনার আগে হলে আমি তোমাকে বলতাম—এ সময়টা শুধু উপভোগ করো। নানাবাড়ি-দাদাবাড়ি বেড়াতে যাও, মনের আনন্দে সিনেমা দেখো, বই পড়ো। কিন্তু এবার আমি তোমাকে আরও কিছু করতে বলি।

এ বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের সঙ্গে আগের কারো অভিজ্ঞতা মেলে না
ছবি: প্রথম আলো

ভাষা দক্ষতা বাড়াও

যেদিন তুমি জেনেছ তোমার এসএসসি পরীক্ষায় কেবল তোমার বিভাগের তিনটা বিষয় থাকবে, সেদিন থেকে আরও অনেকের মতো তুমিও নিশ্চয়ই ওই তিন বিষয়ে জোর পড়াশোনা করেছ। এতে দোষের কিছু নেই। কিন্তু এখন তোমাকে বাংলা ও ইংরেজির এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় যে দক্ষতাগুলো আবশ্যিকভাবে দরকার মনে করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো যোগাযোগের দক্ষতা। তুমি যদি পদার্থবিজ্ঞান-রসায়নে দুর্দান্ত ভালো হও, কিন্তু সেটি প্রকাশ করতে না পারো—তাহলে তো এগোতে পারবে না। আমি বলি কী, এই আড়াই মাসে তুমি এমন একটা বিশেষ দক্ষতা অর্জন করো, যা আগামী দিনগুলোতে তোমাকে এগিয়ে রাখবে। এ জন্য যে তোমাকে অনেক কষ্ট করতে হবে তা নয়। তুমি একটা নিয়ম মেনে নিজের ভাষার দখলকে জোরদার করো। তুমি ইচ্ছে করলে তোমার শিক্ষকদের সাহায্য নিতে পারো। কিংবা তুমি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পদ্ধতি অনুসরণ করতে পারো। তিনি প্রতিদিন পত্রিকার একটি নিবন্ধ (তুমি প্রথম আলো’র সম্পাদকীয় বেছে নিতে পারো) পড়ে সেটার একটি সংক্ষিপ্ত নোট নিতেন। দুই সপ্তাহ পরে সেই নোট দেখে তিনি ওই নিবন্ধটি নিজের মতো করে লেখার চেষ্টা করতেন। তারপর মিলিয়ে নিতেন, কোথায় ভুল করেছেন সেটা ঠিক করতেন। তুমিও যদি এই কাজটা করতে পারো, তাহলে অনায়াসে তুমিও তাঁর মতো ভাব প্রকাশের দক্ষতা অর্জন করতে পারবে।

শরীর ও মনের যত্ন নাও

পরীক্ষা ও করোনার কারণে তুমি হয়তো তোমার শরীর আর মনের যত্ন নিতে পারোনি। শরীরের যত্ন নেওয়ার দুটি উপায়। একটি হলো ‘জাঙ্ক ফুড’ বাদ দিয়ে পুষ্টিকর খাবার খাওয়া, আরেকটি হলো ব্যায়াম। যদি সুযোগ থাকে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খোলা মাঠে বা পার্কে গিয়ে এক চক্কর দৌড়ে আসতে পারো। শরীরের পাশাপাশি মনের যত্ন নিয়ো। মন খারাপ হলে, কারও ওপর রাগ হলে মা-বাবা বা পরিবারের কাউকে জানাও। মনের মধ্যে পুষে রেখো না। দিনে একবার অন্তত হো হো করে হাসতে ভুলো না।

স্ক্রিন থেকে দূরে থাকো

অনলাইনে পড়া, ক্লাস, অ্যাসাইনমেন্টের কারণে স্মার্টফোন বা ল্যাপটপ এ কদিন তোমার সার্বক্ষণিক সঙ্গী হয়ে গেছে। তাদের এবার কিছুদিন বিশ্রাম দাও। কদিন আগে আমরা জেনেছি তোমার বয়সী ছেলেমেয়েরা দিনে কমবেশি সাড়ে চার ঘণ্টা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকে। ম্যালকম গ্ল্যাডউইলের আউটলায়ার বইয়ের কথা মনে করিয়ে দিই। সেখানে তিনি দেখিয়েছেন—কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ হতে হলে একজনকে সেই কাজে ১০ হাজার ঘণ্টা সময় দিতে হয়। এবার হিসাব করে দেখো, যেভাবে গত কিছুদিন তুমি স্মার্টফোনের দিকে তাকিয়ে থেকেছ, তাতে ১০ বছরে তুমি প্রায় ১৪ হাজার ঘণ্টা এই কাজে ব্যয় করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এর ফলে তোমার কোনো বিশেষ দক্ষতা অর্জন হবে না; লাইক, কমেন্ট বা শেয়ার গোনা ছাড়া। কাজেই আগামী কিছুদিনের জন্য মুঠোফোনের ব্যবহার কমিয়ে আনো।

কলেজজীবনের প্রস্তুতি

তোমাদের এসএসসির শিক্ষাজীবন প্রলম্বিত হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে তোমাদের উচ্চমাধ্যমিক পর্যায়টা সংকুচিত হতে পারে। তার মানে তুমি তোমার বড় বোনের মতো এইচএসসিতে বেশি সময় পাবে না। অথচ উচ্চমাধ্যমিক হলো নিজেকে বিশ্ববিদ্যালয়জীবনের জন্য তৈরি করা। কাজেই এখন থেকে কলেজের প্রস্তুতি শুরু করে দাও। তুমি যদি বিজ্ঞান বিভাগের হও, তাহলে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের যে অংশগুলো সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না, সেগুলো দেখতে শুরু করে দাও। যদি ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তাহলে হিসাববিজ্ঞান, বাণিজ্যনীতি অথবা অর্থনীতি ও মনোবিজ্ঞান পড়তে নেমে পড়ো। মনে রেখো, ২০২৪ সালে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, তখন কেউ কিন্তু তোমার এখনকার কথা মনে রাখবে না। তারা তোমার কাছে সব দক্ষতা ও সম্যক জ্ঞানই আশা করবে।

করোনা অতিমারি আমাদের শিখিয়েছে অদম্য মানুষ ফিনিক্স পাখির মতো সব বাধা জয় করে আবার উঠে দাঁড়াতে পারে। মানবজাতির হাজার বছরের গর্বিত উত্তরাধিকারী হিসেবে তুমিও তার ব্যতিক্রম নও। কাজেই করোনাকালের দুঃখ-বেদনা ভুলে তৈরি হও, ঝাঁপিয়ে পড়ো নতুন জীবনে।