এসএসসির পর আজ আমাদের ছুটি...
আবদুল্লাহ আবু সায়ীদসভাপতি, বিশ্বসাহিত্য কেন্দ্র এসএসসি পর কিছুটা অবসর পায় ছাত্রছাত্রীরা। ১০ বছরের শিক্ষাজীবন শেষে এ অবসরে জীবন যাতে সুন্দর হয়, যেসব কাজ করলে জীবনটা একটু মিষ্টি হয়ে ওঠে, সেই কাজগুলোই করা উচিত এখন। একজন শিক্ষার্থীর মূল ভিত্তি তৈরি হয় স্কুল পর্যায়ে। এখানে তার ওপর থাকে প্রাতিষ্ঠানিক পড়ালেখার চাপ। সময়গুলো থাকে নির্দিষ্ট একটা ছকে বাঁধা। তাই শিক্ষার্থীদের বলব, এই সময়কে কাজে লাগাও। সব রকম চাপ থেকে মুক্ত হয়ে তোমার মনকে এবার সবদিক থেকে উৎকর্ষ দাও। ভালো ভালো বই পড়ো। আমাদের স্মরণীয় যে গানগুলো আছে, সেগুলো শোনো। চাইলে বন্ধুবান্ধব মিলে কোথাও ঘুরেও আসতে পারো। আর পড়ো সেসব বই, যা পড়লে তোমার মনের আকাশটি আরও বড় হয়ে উঠবে, মানবিক ও বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখাবে। মোট কথা, চারপাশ থেকে ভালো জিনিসগুলো আহরণ করে নাও।রাশেদা কে চৌধূরী নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাআমরা যখন এসএসসি দিয়েছি, তখন পরীক্ষার পর ছুটি ছিল অনেক বেশি। এখন সময়মতো ফল প্রকাশের কারণে ছুটির সময় অনেক কমে এসেছে। ফলে শিক্ষার্থীরা সময় খুব একটা পায় না। তার পরও এ সময়ে পড়ালেখার চাপ থেকে তাদের মুক্তি মেলে। শিক্ষার্থীদের এ সময়ে মানবিক মূল্যবোধ বৃদ্ধি ও নিজেদের সৃজনশীলতা বিকাশে মনোযোগী হওয়া উচিত। সেটি হতে পারে খেলাধুলা, বইপড়া, গানবাজনা কিংবা সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি, শিক্ষাজীবনে কোনো ছুটিছাটা পেলেই আমরা গ্রামে যেতাম। মিশতাম গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। এই ছুটিতে ছাত্রছাত্রীরাও ছুটে যেতে পারে গ্রামে। তাদের জন্য গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন খুব কাছ থেকে দেখে নেওয়ার এই তো সুযোগ।উন্নত দেশগুলোতে শিক্ষার্থীরা এ সময়ে স্বেচ্ছাশ্রমমূলক বিভিন্ন কাজকর্ম করে। বিষয়টি আমাদের দেশে যদিও সেভাবে প্রচলিত নয়, তবু স্বেচ্ছাশ্রমভিত্তিক নানা রকম কাজ এ সময়ে করতে পারে তারা। এটি পরবর্তী জীবনেও তাদের কাজে লাগবে। আসলে শিক্ষাজীবনের এ অবসরটুকু নির্ভেজাল আনন্দের মধ্যে মুক্তবিহঙ্গের মতো কাটাতে পারলেই ভালো। এসব কিছুই যদি শিক্ষার্থীরা না করতে চায়, তবু তাদের বলব, বিশ্বসাহিত্য কেন্দ্রে গিয়ে পড়ে থাকো। বই পড়ার চেয়ে আনন্দের আর কিছু নেই। মঞ্জু আরা বেগমভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজপ্রথমত, ছাত্রছাত্রীদের বলব, ছুটির মেজাজে থাকলেও পড়াশোনা কিছু করো। যে বিষয়ে তোমার বেশি আগ্রহ, সেগুলো আবার চর্চা করতে পারো। তোমার ভেতরে যে সৃষ্টিশীলতা ও শখ আছে, তাকে শাণিয়ে নিতে পারো এখন। করতে পারো ভালো যেকোনো কাজ।আমাদের সময়ে আমরা তখন প্রচুর বই পড়তাম। পরীক্ষা চলাকালেই তালিকা করতাম, কী কী বই পড়ব ছুটিতে। তোমাদের নির্দিষ্টভাবে শুধু বই পড়তেই বলব না, বই পড়া, গান শোনা কিংবা অন্তর্জালে (ইন্টারনেট) বিভিন্ন বিষয় সম্পর্কে জানা—যার যেদিকে আগ্রহ ও শখ, সেদিকে ছুটে যাও। মনে রাখবে, এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ সময় থেকেই তোমার জীবনের লক্ষ্য স্থির করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছ তুমি।ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিওঅধ্যক্ষ, নটর ডেম কলেজএসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীরা বেশ খানিকটা ছুটি পায়। ছুটিতে তারা আনন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ভুললে তাদের চলবে না যে জীবনের পথচলা শুরু হয়েছে মাত্র। দীর্ঘ ১০ বছর ধরে তারা যে পড়ালেখা করেছে, এর মাধ্যমে তার ভিত্তিটি পত্তন হয়েছে কেবল, এখনো অনেক বাকি। নিজের ভিত্তিকে আরও শক্ত করে নেওয়ার মোক্ষম সময় এটাই।তোমাদের অনেকেরই ইংরেজি বা গণিত বিষয়ে ভীতি আছে। সেই ভীতি কাটাতে ব্যবহার করতে পারো সময়টিকে। পাঠ্যবইয়ের অন্যান্য বিষয়ে দুর্বলতা থাকলে সেগুলোর প্রতি বাড়তি নজর দেওয়ার ক্ষেত্রেও এ ছুটি যথেষ্ট কার্যকর হতে পারে। এতে তোমার নিজের ভিত্তি আরও শক্ত হবে।তা ছাড়া নিজের ভাষা-সাহিত্য সম্পর্কে জানা, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেকে বিকশিত করা—ইচ্ছেমতো করো সবকিছুই। শুধু মনে রেখো, সামনে তোমার সম্ভাবনাময় জীবন। এমন কিছু কোরো না, যাতে জীবনের সম্ভাবনা বাধাগ্রস্ত হয়।গ্রন্থনা: আলতাফ শাহনেওয়াজ