
১১ মে বেলা দুইটা। চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। একটু আগেই নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। ভিড় ঠেলে নিজের নম্বর দেখার চেষ্টা শিক্ষার্থীদের। এই ভিড়ে আছেন একজন মধ্যবয়সীও। তাঁর নাম সব্বির আহমেদ (৫০)। এসেছিলেন ছেলে আহাদুল করিমের ফলাফল জানতে। খুঁজছিলেন কাঙ্ক্ষিত নম্বর ৫৪৩৮৯৬। তালিকায় নম্বরটিতে চোখ পড়তেই হাউমাউ করে কেঁদে উঠলেন। ছুটে আসেন শিক্ষকেরা। কান্না যেন কিছুতেই থামছে না।
৩ মে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সেনাক্যাম্পসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় আহাদ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল সে। পেয়েছে জিপিএ ৩ দশমিক ৪৫। এই ফল জানা হলো না আহাদের। তার আগেই চলে গেল না–ফেরার দেশে।
সব্বির আহমদ বলেন, ‘রেজাল্টের খবর শুনে ঘরে থাকতে পারিনি। আমার ছেলে পাস করেছে দেখে কষ্ট চেপে রাখতে পারলাম না। আল্লাহ আমার বুকের ধনকে না নিয়ে আমাকে নিলেই তো পারত। আহাদ বেঁচে থাকলে কত আনন্দ করত আজ। আমাদের পায়ে ধরে সালাম করত।’ এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন সব্বির আহমদ। তাঁর কথায় চোখ ভিজে যায় শিক্ষক ও শিক্ষার্থীদেরও।
চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি এম এনামুল হক বলেন, ৩ মে দুটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা যায় পাঁচজন। এর মধ্যে এসএসসির ফলপ্রত্যাশী আহাদুল করিমও প্রাণ হারায়। স্কুলে ফলাফল ঘোষণার পর শিক্ষক-শিক্ষার্থীরা কেউই আনন্দ প্রকাশ করতে পারেনি। আহাদের জন্য সবাই শোকাহত ছিল।
৫ মে আহাদের সড়ক দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করে সড়ক অবরোধ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছিল শিক্ষক-শিক্ষার্থীরা। ১১ মে এসএসসির ফলাফল প্রকাশের পর আবারও সেই দাবি সামনে এসেছে।
আবু উমাম নামের বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘এখনো দোষী বাসচালক গ্রেপ্তার হননি। আমরা দ্রুত তাঁর গ্রেপ্তার চাই।’
আহাদের বাড়ি চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামে। তাঁর ফলাফল জানার পর কান্নায় ভেঙে পড়েন মা শাহানা বেগম (৪৫)। বিলাপ করে বলছিলেন, ‘আল্লাহ, আমার ছেলেরে ফিরাইয়া দাও।’