এসডিজি অর্জনে বাংলাদেশ কাজ করে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ মালেক
জাহিদ মালেক

১৯৯৪ সালে মিসরের রাজধানী কায়রোয় জনসংখ্যা ও উন্নয়নের ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রজননস্বাস্থ্য ও অধিকার, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতাকে জনসংখ্যা ও উন্নয়ন কর্মসূচির মূলভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব বিষয়ে বাংলাদেশে কতটুকু অর্জিত হয়েছে সে বিষয়ে জানতে প্রথম আলো কথা বলেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে।
প্রথম আলো: আজ থেকে ২২ বছর আগে মিসরের রাজধানী কায়রোয় জনসংখ্যা ও উন্নয়নের ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রোগ্রাম অব ইন্টারন্যাশনাল কনফারেন্স অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি) অব অ্যাকশন’ বাস্তবায়নে বাংলাদেশ কী অগ্রগতি অর্জন করেছে? কোনো উল্লেখযোগ্য পরিবর্তন কি এসেছে?
জাহিদ মালেক: জনসংখ্যা ও উন্নয়নের যেসব আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হয়েছে তা অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলোই অর্জিত হয়েছে, যা কিনা আইসিপিডি লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কিত। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার একসময় ৪-এর কাছাকাছি থাকলেও বর্তমানে তা ১ দশমিক ৩৯-এ এসে দাঁড়িয়েছে। মাতৃমৃত্যুর হার, শিশুমৃত্যুর হার আমরা রোধ করতে সক্ষম হয়েছি। রাজনৈতিক ও প্রশাসনিক সর্বস্তরে আমরা নারীর ক্ষমতায়নে সক্ষম হয়েছি। নারী আজ প্রজননস্বাস্থ্য, তার পরিবার এবং সামাজিক ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। এর সুফল স্বাস্থ্য খাতে এসে পড়েছে। পুষ্টিমানের উন্নয়নের জন্যও আমরা কাজ করে যাচ্ছি। সরকারি-বেসরকারি সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এই অগ্রগতি অর্জিত হয়েছে এবং অক্ষুণ্ন রয়েছে।
প্রথম আলো: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যেসব তথ্য ও উপকরণ প্রয়োজন সেসব বাংলাদেশের কতখানি আছে বলে আপনি মনে করেন?
জাহিদ মালেক: যেকোনো লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তার নির্দেশক বা সূচকসমূহ যথাযথভাবে নির্ধারণ, পরিমাপকরণ এবং পরিবীক্ষণ করা প্রয়োজন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় আমাদের অর্জন ও অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তার জনবল এবং সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক তথ্য সংরক্ষণ করে আসছে। সেই সঙ্গে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনাসহ এ-সম্পর্কিত সব বিষয়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এসডিজি অর্জনের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ, অগ্রাধিকার নির্ণয় এবং নীতিনির্ধারণের জন্য তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে আরও অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
প্রথম আলো: কোনো ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে স্বাস্থ্যসূচক পরিমাপ করার ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন আছে কি? সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের প্রয়োজন নির্ধারণ করার ব্যাপারে বাংলাদেশ কতখানি প্রস্তুত?
জাহিদ মালেক: স্বাস্থ্য সূচক পরিমাপ করার ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন অবশ্যই রয়েছে। অনেক তথ্যের শুদ্ধতা উত্তরদাতার দায়িত্বশীলতার ওপর নির্ভর করে। এসডিজি অর্জনের জন্য যেসব সূচক নির্ধারণ করা হয়েছে তা বাস্তব ক্ষেত্রে তথ্য সংগ্রহের ভিত্তিতে কার্যক্রম, পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার বিবেচনায় পরিবর্তন ও উন্নয়নের প্রয়োজন হতে পারে। এ লক্ষ্যে আমাদের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পৃথক দুটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ইউনিট রয়েছে। সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম গ্রহণ করেছে। এ ছাড়া উপজেলা পর্যায়েও বিশেষজ্ঞ ডাক্তারের পদায়ন করা হয়েছে এবং সে এলাকার জনগণের চাহিদা ও স্বাস্থ্য সূচকের বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।
প্রথম আলো: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে কোন বিষয়গুলো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? কোন লক্ষ্য পূরণ করা সবচেয়ে কঠিন হবে এবং কেন?
জাহিদ মালেক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন অপুষ্টি রোধ, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধি (বর্তমানে ৩৭ শতাংশ যা ৮০ শতাংশ হওয়া প্রয়োজন), বয়স্ক মানুষের জন্য চিকিৎসাসেবা, অসংক্রামক ব্যাধি মোকাবিলা এবং কার্যক্রম বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি। বিনিয়োগ যাতে সুষ্ঠুভাবে ব্যবহৃত হয়, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রথম আলো: চলতি এপ্রিল মাসে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক কমিশনের (সিপিডি) ৪৯তম অধিবেশনে আপনি যোগ দিয়েছেন। ওই অধিবেশনে মূল বার্তা বা বক্তব্য কী ছিল?
জাহিদ মালেক: জাতিসংঘের ৪৯তম জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক কমিশনে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের অর্জিত সাফল্য তুলে ধরা হয়েছে। ওই অধিবেশনের মূল বার্তা ছিল এসডিজি অর্জনের জন্য দরকার শক্তিশালী তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলা । আর এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং রাজনৈতিক অঙ্গীকার খুবই প্রয়োজন।