দীর্ঘদিন আটকে থাকা লেপ-কম্বল-চাদর-সোয়েটার মহাসমারোহে একযোগে মুক্তি পাওয়ায় সহজেই বোঝা যায় শীতকাল চলে এসেছে। এই বিষয় বোঝার জন্য আবহাওয়া অফিসের ঘোষণার প্রয়োজন হয় না। শুধু দরকার পর্যবেক্ষণ। কিন্তু পাবলিকের পর্যবেক্ষণ করার ইচ্ছা ও ক্ষমতা খুবই কম। এ কারণেই হয়তো পত্রিকা বা টিভিতে ‘শীতকাল এসে গেছে’ টাইপের সংবাদ প্রচার করে শীতের আগমনের কথা মনে করিয়ে দেওয়া হয়। অবশ্য টিভি-পত্রিকায় আজকাল তেমন কোনো খবরও থাকে না। শীতকাল আসাটাই বিরাট একটা খবর। শীতকালে সবার মনে আনন্দ বিরাজ করলেও কিছু কিছু সম্প্রদায়ের কাছে তা মোটেও আনন্দের নয়। বিশেষ করে, দেশের পকেটমার সম্প্রদায় শীতকাল একেবারেই সহ্য করতে পারে না। ঠাণ্ডার কারণে অধিকাংশ মানুষ পকেটে হাত ঢুকিয়ে রাখে। চাদর-সোয়েটার পরার কারণে পকেট ঢাকা থাকে। ফলে পকেটমারেরা তাদের পবিত্র পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। তা ছাড়া শীতকালে জনগণের হাতে ধরা পড়ে গণধোলাই খেলে ব্যথাও বেশি লাগে। চিকিৎসার খরচ তো আর সরকার দেয় না, নিজেদেরই দিতে হয়। এ জন্য শীতকালে তাদের মধ্যে বিরাজ করে চাপা ক্ষোভ। এফডিসির নায়ক-নায়িকারাও শীতকাল এলেই শঙ্কিত হয়ে পড়েন। এমনিতেই তাঁরা খুব বেশি জামা-কাপড় পরতে পারেন না। তার ওপর এই শীতের মধ্যে তাঁদের কৃত্রিম বৃষ্টিতে ভিজে প্রেমের গান গেয়ে নাচানাচি করতে হয়। আহা, মায়াই লাগে। কিন্তু সরকার এই সম্ভাবনাময় শিল্প দুটোকে রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা খুবই হতাশাব্যঞ্জক। আশা করি, সরকার জাতীয় অর্থনীতিতে এই সম্ভাবনাময় শিল্প দুটোর গুরুত্ব বিবেচনা করে তাদের জন্য শীতকালীন পুনর্বাসনের ব্যবস্থা করবে।