এসেছে ভাসার ভাষার মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ মাত্রই ভুল করে—এই প্রবাদটি অটো ডাউনলোড হয়নি। সৃষ্টির শুরু থেকেই মানুষ পাইকারি হারে ভুল করে আসছে। ভুল না করে কোনো কিছু শেখা যায় নাকি? ভুল করতে করতেই একসময় সঠিক কাজটি করে ফেলে মানুষ। তবে শুধরে না দিয়ে ভুলকে প্রশ্রয় দেওয়াও কিন্তু বড় মাপের ভুল। বিভিন্ন ধরনের ভুল করার পাশাপাশি এই বড় মাপের ভুলটিও আমরা নিয়মিতই করে থাকি। যেমন, বানান ভুল। পরীক্ষার খাতা, প্রেমপত্রের পাতা, দোকানের সাইনবোর্ড, বিলবোর্ড, দেয়ালের পোস্টার থেকে শুরু করে সরকারি অফিসের কাগজপত্রেও থাকে অসংখ্য বানান ভুল। তবে অন্য বানান ভুলগুলো সবার চোখে না পড়লেও সাইনবোর্ড, বিলবোর্ড বা পোস্টারের ভুলগুলো সবাই নজর কাড়ে। জুরি বোর্ড না লিখে ‘ঝুড়ি বোর্ড’ কিংবা ‘রোম ভাড়া হবে’, ‘এই দুকানে আইচক্রিম পাওয়া যায়’ টাইপের সাইনবোর্ড প্রায়ই চোখে পড়ে। দেশের অধিকাংশ দোকানের সাইনবোর্ডেই সঠিক বানান লেখা হয় না। এমনকি যারা সাইনবোর্ড লেখার কাজটি অত্যন্ত যত্নের সঙ্গে করে, তাদের সাইনবোর্ডেও থাকে ভুল; বড় করে লেখা থাকে ‘এখানে বেনার/ছাইনবোর্ড লেখা হয়।’ যারা নিজেদের দোকানের সাইনবোর্ড সঠিক বানানে লিখতে পারে না, তারা তো অন্যের সাইনবোর্ড ভুল লিখবেই। এদিকে ভুল সাইনবোর্ড বা ভুল দেয়াললিখন দেখে ভুলটাই শিখছে শিশু-কিশোরেরা। অথচ বিরাট এই ভুল শুধরে দেয়ার কেউ নেই। আসলে জায়গায় জায়গায় ভুল সাইনবোর্ড ব্যবহার যে একটা জাতীয় সমস্যা, তা কারও মাথাতেই আসছে না। এটাও একটা সমস্যা। অথচ কর্তৃপক্ষ যদি একটু মাথা খাটাত, তাহলে কিন্তু এই সমস্যা দূর করা যেত। তবে কর্তৃপক্ষের মাথা আছে কি না, তা নিয়ে অনেকেরই সংশয় আছে। যাই হোক, প্রথমেই আসি সংখ্যার কথায়। যারা সাইনবোর্ড লেখায় তাদের চেয়ে যারা লেখে তাদের সংখ্যা কম। সাইনবোর্ড লেখকেরা যদি বানান সম্পর্কে ভালো ধারণা রাখে তাহলে সাইনবোর্ডে কোনো ভুলই হয় না। আর সঠিক সাইনবোর্ড দেখে অন্যরাও নিজেদের ভুল বানানগুলো ঠিক করে নিতে পারে। তাই, কর্তৃপক্ষের উচিত পর্যায়ক্রমে দেশের সাইনবোর্ড-ব্যানার লেখার দোকানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সঠিক বানানরীতি সম্পর্কে ধারণা দেওয়া। প্রয়োজনে দোকানে দোকানে বাংলা একাডেমীর অভিধানও পাঠানো যেতে পারে। এ ছাড়া, টিভি-রেডিওতে ‘এসো বানান শিখি’ টাইপের বানান শেখার অনুষ্ঠান নিয়মিত প্রচার করা যেতে পারে। আশা করি, ভাষার মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে জাতিকে সঠিক বানানে লেখার আনন্দে ভাসার সুযোগ করে দেবে।