এসো আমরা...
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এই দিবস উপলক্ষে অনেক বন্ধুসভা মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনার আয়োজন করেছে। আয়োজন করেছে মুক্তিযুদ্ধের পাঠচক্রের।
একবার একটা অনুষ্ঠানে বলেছিলাম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কে কে জানেন হাত তোলেন। বেশির ভাগ বন্ধু হাত তুলেছিলেন। বাকি কয়েকজন চুপচাপ বসে ছিলেন। হাত তোলেননি যাঁরা, তাঁদের জন্য লজ্জা হয়েছিল। আমরা বন্ধুসভায় বাধ্যতামূলক করেছি মুক্তিযুদ্ধের ইতিহাস জানা।
এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। সেই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যদি না জানি, তাহলে কি হয়? ইতিহাস না জানলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়া যায় কীভাবে? আমাদের পূর্বপুরুষের-মুক্তিযোদ্ধাদের রক্ত যদি আমাদের শরীরে প্রবাহিত না হয়, তাহলে আমরা সোনার বাংলা গড়ে তুলব কীভাবে?
মুক্তিযুদ্ধের সময়কালের দুটি ঘটনা উল্লেখ করে শেষ করি আজকের লেখা। পাকিস্তানি বাহিনী কতটা হিংস্রÊ ও নিষ্ঠুর ছিল তা এই ঘটনা থেকে বোঝা যায়।
কুমিল্লা। গোমতী নদী। নদী দিয়ে অসংখ্য লাশ ভেসে যাচ্ছে। একজন ডোম সে লাশগুলো আঁকশি দিয়ে টেনে তীরে তুলছিল কবর দেওয়ার জন্য। হঠাৎ এক নারীর লাশ তীরের কাছাকাছি আনতেই মৃত মায়ের পেট ফেটে বের হয়ে এল একটি মৃত বাচ্চা। এ দৃশ্য দেখে সেই ডোম অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। সে আর জীবনে সুস্থ হয়নি।
খুলনার চুকনগরে হাজার হাজার মানুষ হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। লাশ আর লাশ। এ ঘটনার পর এরশাদ মোড়ল নামে এক ব্যক্তি খুঁজতে বের হয়েছিলেন তাঁর বাবার লাশ। হঠাৎ তাঁর চোখে পড়ে গুলিতে মারা যাওয়া এক মায়ের দুধ পানের চেষ্টা করছে আট-নয় মাস বয়সী এক কন্যাশিশু। সস্নেহে তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। বড় করলেন তাকে। নাম দিলেন সুন্দরী।
এরশাদ বলেন, ‘আমি যখন ওর মায়ের কোল থেকে তুলে নিয়েছিলাম, তখন দেখতে পেয়েছিলাম ওর মায়ের কপালে সিঁদুর, হাতে শাঁখা।’ তাই আমি তাকে মুসলমান হতে প্ররোচিত করিনি। বড় করে বিয়ে দিয়েছি হিন্দুর ঘরে।’
একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অধ্যায়ের দুটি ঘটনা উল্লেখ করলাম। এ রকম অজস্র ঘটনা ঘটেছে নয় মাসজুড়ে। মহান এই অধ্যায়ের আমরা যদি কিছুই না জানি, সে হবে পাপ! এসো আমরা পাপমুক্ত হই।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ