এসো পাখির বন্ধু হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে ফসলের মাঠের এক কোণে লেখা আছে, ‘এসো পাখির বন্ধু হই’। কে বা কারা জানাল এই আহ্বান? চুয়াডাঙ্গার বেলগাছি ঘুরে এসে জানাচ্ছেন ইফতেখার মাহমুদ ও শাহ আলম

ওঁরা সবাই একত্র হয়েছেন পাখি রক্ষার সংগ্রামে। দলনেতা বিপুল (মাঝে)
ওঁরা সবাই একত্র হয়েছেন পাখি রক্ষার সংগ্রামে। দলনেতা বিপুল (মাঝে)

গ্রামের নাম বেলগাছি। এই গ্রামে কি অনেক বেলগাছ আছে? চুয়াডাঙ্গা শহর পেরিয়ে বেলগাছি গ্রামটির আধাপাকা পথ ধরে এগোলে নামের সঙ্গে গ্রামটির অমিলই ধরা পড়বে। বেলগাছ এখানে চোখে পড়ে খুবই কম। কিন্তু সড়কের দুই পাশের সব গাছেই ঝুলতে দেখা যায় ছোট ছোট কলসি। পেটমোটা কলসিগুলোর সরু মুখ দিয়ে উঁকি দিচ্ছে রংবেরঙের পাখি! একটি কলসিতে তো আস্ত একটা গুইসাপ একঝলকের জন্য গলা উঁচিয়ে পরক্ষণেই চলে গেল আত্মগোপনে। গাছের শরীর বেয়ে এদিক-ওদিক উঁকি-ঝুঁকি দিতে দেখা গেল চঞ্চলা কাঠবিড়ালি দলকে। সড়কের পাশে ফসলের মাঠের এক কোণে লেখা আছে, ‘এসো পাখির বন্ধু হই’।
বেলগাছিতে গেলে এখন পাখিদের ফিরে আসা শুধু চোখ দিয়ে নয়, গুঞ্জনেও টের পাওয়া যাবে। শুধু কি গ্রামের পথ বা বাগানেই আছে তারা? মাঠে মাঠে তাদের কলকাকলি যেন নির্জন প্রকৃতিতে সান্ধ্য সংগীতের আয়োজন। তবে বছর দুই-তিনেক আগেও দেশের দক্ষিণাঞ্চলের এই গ্রামটি এমন ছিল না। শিকারি আর কীটনাশকের উৎপাতে পাখিরা গ্রামটি থেকে বিতাড়িত হয়েছিল। কিন্তু সেই সময় গ্রামের যুবক বখতিয়ার হামিন (বিপুল নামে যিনি পরিচিত) ঘুরে দাঁড়ালেন। বিপুলের নেতৃত্বে একদল তরুণের কাছে তখন বেলগাছি গ্রামটির পাখিশূন্য হয়ে ওঠা পছন্দ হচ্ছিল না মোটেও।
সময়টা ২০১১ সাল। তরুণদের নিয়ে তাই কাজে হাত দিলেন বিপুল। গ্রামের পাখি আর বনের প্রাণীদের গ্রামে ফিরিয়ে আনার এই পরিকল্পনায় তাঁর সঙ্গে যুক্ত হলেন আশরাফুলসহ আরও অনেকে। মোট ৩৫ তরুণ মিলে গড়ে তুললেন বেলগাছি যুবসমাজ। তাঁদের সম্বল টিউশনি থেকে জমানো তিন-চার হাজার টাকা আর পাখপাখালির প্রতি ভালোবাসা। বুদ্ধিটি এসেছিল বিপুলের মাথা থেকেই—পাখির বাসা হিসেবে গাছে কলসি বেঁধে দিলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। গ্রামের কুমারদের কাছে বিষয়টি খুলে বলতেই পাখির বাসার নকশা মাথায় রেখে ঝটপট শখানেক কলসি বানিয়ে দিলেন তাঁরা। এরপর বিপুলদের পারিবারিক বাঁশঝাড় থেকে বাঁশ কেটে গ্রামের ফসলের মাঠে হাজার খানেক পাখিদের বসার জন্য মাচা তৈরি করা হলো।
এক বছরের মাথায় পাখি আর প্রাণীরা বুঝতে পারল তাদের প্রতি মানুষের ভালোবাসা।

বেলগাছিতে এমন সাইনবোর্ড দেখে অবাক হবেন না
বেলগাছিতে এমন সাইনবোর্ড দেখে অবাক হবেন না

পাখি সব করে রব
২০১২ থেকেই বেলগাছি গ্রামের পথে-মাঠে-গাছে আনাগোনা বেড়ে গেল পাখিদের। আর শীতকালে তো তারা আসতে থাকল ঝাঁকে ঝাঁকে। শালিক, ঘুঘু, প্যাঁচা, শ্যামাসহ নাম না-জানা পাখিরা এসে গ্রামটিকে দখলই করে ফেলল প্রায়। শুধু কি পাখি? ফসলের মাঠের কোণে ঝোপঝাড়গুলোতে সাদা-কালো ও ছাইরঙা দুর্লভ প্রজাতির খরগোশরাও আশ্রয় নিল।
এখন প্রতিদিন সকাল সাতটা থেকে ব্যাচে ছাত্র পড়ানোর আগে সূর্য ওঠার পরপরই বেলগাছি যুবসমাজের বন্ধুদের নিয়ে পাখির বাসাগুলো দেখতে বের হন বিপুল। আর বিকেলে ফসলে ভরা হলুদ-সবুজ মাঠে পাখিদের আনাগোনা কত বাড়ল তা দেখতেও তাঁরা বের হন সদলবলে।
‘শুধুই কী নিসর্গচিন্তা, প্রকৃতিপ্রেম? এর বাইরে কী অন্য কোনো ব্যাপার আছে?’ জানতে চাই বিপুলের কাছে। তবে উত্তরটি বিপুলের সহযোদ্ধা আশরাফুল দিলেন । আঙুল উঁচিয়ে ফসলে ভরা সোনালি মাঠের শেষ সীমানা দেখিয়ে বললেন, ‘ওইখানে দেখেন, কতগুলো নিমগাছ। এগুলো কেউ রোপণ করেনি। গ্রাম থেকে নিমফল নিয়ে পাখিরাই সেখানে ফেলেছে। এখন সেখান থেকে নিমের ডাল গ্রামের সবাই নেয়।’ ‘ওই নিমবাগানটি পাখিদের তরফ থেকে গ্রামবাসীর জন্য দেওয়া উপহার।’ হেসে যোগ করলেন বিপুল। 

‘এত কিছু করেন, কোনো বাধা আসে না?’ আবার জানতে চাইলাম তাঁর কাছে।
বিপুল জবাব দিলেন, ‘হ্যাঁ। গ্রামের কিছু খারাপ লোক মিলে আমাদের শ দেড়েক কলসি ভেঙে দিয়েছিল। ওগুলো আবার নতুন করে লাগানোর জন্য কুমারদের কাছে অর্ডার দিয়েছি। তবে ওই ঘটনার পর গ্রামের মানুষ পাখির বাসা রক্ষায় আরও সচেতন হয়েছে। অনেকে কলসি বানাতে চাঁদাও দিয়েছে।’
বিপুলদের এই কার্যক্রম দেখতে বর্তমানে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বেলগাছিতে। এমনকি কেউ কেউ নিজেদের গ্রামে এ ধরনের কাজ করার জন্য সমিতি গঠনেরও উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে পাখি ও প্রাণিকুলের দেখভালের পাশাপাশি গ্রামের সব বয়সী মানুষকে অক্ষরজ্ঞান ও প্রকৃতি শিক্ষা দিতে বিপুলরা গ্রামে স্থাপন করেছেন একটি নৈশ বিদ্যালয়।
বেলগাছির কয়েকজন বাসিন্দা কার্যক্রম সম্পর্কে বললেন, ‘এখন খেতে আর আগের মতো পোকা ধরে না। পাখিরা সব খেয়ে ফেলে। তাই কীটনাশক কম লাগে, ফলনও আগের চেয়ে বেড়েছে।’
চুয়াডাঙ্গা পৌরসভার গাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বখতিয়ার হামিন বিপুলের কাছে এবার শেষ প্রশ্ন ছুড়ে দিলাম, ‘পারবেন এই কাজ ধরে রাখতে?’ আত্মবিশ্বাস আর প্রত্যয় ঝরে পড়া কণ্ঠ তাঁর, ‘পাখি না বাঁচলে তো আমরাও বাঁচব না। এরা তো প্রকৃতির প্রাণভোমরা। এদের বাঁচাতে হবে না?’