এসো মাতি উল্লাসে...

‘এখানে এসে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলাম, পুতুল নাচ আর জাদু দেখলাম, সেই সঙ্গে বন্ধুরা সবাই মিলে অনেক মজা করলাম।’ চোখে–মুখে আনন্দের ঝিলিক ছড়িয়ে কথাগুলো বলছিল নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উন্মে কুলসুম। তার সঙ্গে কথা বলতে বলতেই চোখ পড়ল একটা জটলার দিকে। কাছে যেতেই পরিষ্কার হলো বিষয়টি। সিসিমপুরের পাপেট টুকটুকি, ইকরি ও হালুমের সঙ্গে খেলায় মেতে উঠেছে একদল শিশু।

টেলিভিশনে দেখা সিসিমপুরের পাপেটগুলোকে কাছে পেয়ে হুমড়ি খেয়ে পড়েছিল সবাই। নাগরদোলায় ওঠার জন্য শিশুদের লম্বা লাইন। সবাই উঠতে চায়, চড়তে চায়। এভাবেই ২০ ও ২১ নভেম্বর নগরের টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দ আয়োজনে মেতে ওঠে শিশুরা। বিশ্ব শিশু দিবস উদ্যাপন উপলক্ষে ‘এসো মাতি উল্লাসে’ শিরোনামে বর্ণিল এ আসরের আয়োজন করে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন।
২০ নভেম্বর বিকেল তিনটায় উদ্বোধন হয় এ আনন্দ আয়োজনের। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদের খান। প্রধান অতিথি ছিলেন উত্তরা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান। অনুষ্ঠানে শিশুরা চিত্রাঙ্কন, কুইজ, পোস্টার আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। এতে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি অংশ নেয় সাধারণ ও অটিজমে আক্রান্ত শিশুরা। উৎসব প্রাঙ্গণজুড়ে ছিল মেলার আয়োজন। যেখানে ছিল প্লে জোন ও ৩০টির মতো স্টল। বিভিন্ন প্রতিযোগিতা শেষে শিশুরা মেলার প্লে জোনে মেতে ওঠে খেলায়।
সন্ধ্যা ছয়টায় উৎসব মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন। এতে শুরুতেই গান নিয়ে মঞ্চে আসে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রয়াস। এরপর চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা গান ও কবিতায় মাতিয়ে তোলে মঞ্চ। সবশেষে জাদুকর রাজীব বসাকের জাদুর পরিবেশনায় মুগ্ধ হয় শিশুরা।

পরদিন ২১ নভেম্বর সকাল ১০টায় উৎসব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঠেঁাট ও তালুকাটা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে আলোচনা সভা। দুপুরে আনন্দ আয়োজনের মূল মঞ্চে বসে পুরস্কার বিতরণের আসর। এতে চিত্রাঙ্কন, পোস্টার আঁকা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে মোট ২৪ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় মঞ্চে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এ সময় গান ও কৌতুকে মেতে ওঠে উপস্থিত দর্শনার্থীরা। এ আয়োজনে কৌতুক উপস্থাপন করেন সাইফুল ইসলাম, কমর উদ্দিন, বাবু, সাকি, হৃদয়, গোবিন্দ, শাহাজাদা প্রমুখ। গান পরিবেশন করেন বাংলাদেশ আইডল খেতাব পাওয়া আদিবাসী শিল্পী মং। ‘আজকের শিশু পৃথিবীর আলো’ শিরোনামে গান গেয়ে মং শুরু করেন তাঁর পরিবেশনা। তিনি একে একে পরিবেশন করেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘ভালোবাসি বড় ভালোবাসি’, ‘যদি হিমালয় হয়ে’সহ বেশ কিছু জনপ্রিয় গান। এরপর কাজী ইসমাইল অনুষ্ঠানে ভিন্নমাত্রা এনে দেন। তিনি তাঁর খালি গলায় বিভিন্ন পশু-পাখির ডাক নকল করে মজা দেন দর্শকদের। তারপর সবাইকে হাসাতে মঞ্চে আসেন মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি। তাঁর জমজমাট কৌতুক পরিবেশনার মাধ্যমে শেষ হয় এ আনন্দ আয়োজন।