
বিজয়ের মাস। ইতিমধ্যে অনেকগুলো বন্ধুসভা মুক্তিযুদ্ধ নিয়ে নানা কর্মসূচি পালন করেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবসকে ঘিরে আমাদের আয়োজন ‘এসো শুনি বীরত্বগাথা’। সারা দেশে এই আয়োজন অনুষ্ঠিত হবে। একজন মুক্তিযোদ্ধার কাছে শুনব তাঁর বীরত্বের কথা। তাঁর যুদ্ধে অংশ নেওয়ার কথা।
প্রয়োজনে বন্ধুরা যাবেন মুক্তিযোদ্ধার বাড়ি। অথবা বিশেষ একটি জায়গায় আমন্ত্রণ জানিয়ে তাঁকে ঘিরে বসে পড়লেই হলো।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসকে ঘিরেও রয়েছে বন্ধুদের আয়োজন। বিশেষ করে ঢাকা মহানগরের বন্ধুরা উপস্থিত হবেন রায়েরবাজার বধ্যভূমিতে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এ উপলক্ষে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহ বন্ধুসভার রয়েছে বিশেষ আয়োজন।
১৯ ডিসেম্বর বরিশালে বন্ধুমেলা। মর্যাদায় গড়ি সমতা শীর্ষক এই আয়োজন উত্সর্গ করা হবে নারী মুক্তিযোদ্ধাদের। আয়োজনের উদ্বোধন করবেন একজন নারী মুক্তিযোদ্ধা।
গত ২৮ নভেম্বর ছিল সিলেটে বন্ধুমেলা। সিলেট অঞ্চলের সব বন্ধুসভা অংশ নেয় এতে। আয়োজক সিলেটসভার বন্ধুরা অসাধারণ একটি অনুষ্ঠান উপস্থাপন করেন। আশা করছি বরিশাল অঞ্চলের সব বন্ধুসভার বন্ধুরা মিলেও একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেবেন।
আগামী ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি লিটলম্যাগ বের করবে বন্ধুরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই লিটলম্যাগ বের হবে। এগুলো একই সঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ পাবে। সারা দেশের বন্ধুরা এতে লেখার সুযোগ পাবেন। সংকলনগুলোর ওপর থাকবে বিশেষ পুরস্কার। এ ব্যাপারে বন্ধুদের প্রস্তুতি নিতে বলি।
ফেব্রুয়ারিতে বইমেলায় বের হবে বন্ধুদের লেখা নিয়ে বই, বন্ধুদের প্রেমের গল্প। বইয়ে যাঁরা লেখা প্রকাশ করতে চান, তাঁরা গল্প পাঠান। প্রেমের গল্প পাঠাতে হবে বন্ধুসভার ই-মেইলে। শব্দসংখ্যা সর্বোচ্চ এক হাজার। পাঠাতে হবে ২২ ডিসেম্বরের মধ্যে।
নির্বাহী সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, জাতীয় পরিচালনা পর্ষদ