গত ৩০ জুলাই শুরু হয়েছিল এয়ারটেল রাইজিং স্টারসের এই কর্মসূচি। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খুদে ফুটবলার অন্বেষণের এই আয়োজনে নাম নিবন্ধন করেছিল ৬০ হাজার কিশোর। যাদের বয়স ছিল ১২ থেকে ১৬ বছরের মধ্যে। প্রথমে জেলা পর্যায়ে বেছে নেওয়া হয় ১৬ জন করে খুদে ফুটবলার। তারপর সারা দেশকে ভাগ করা হয় আটটি বিভাগে। আট বিভাগ থেকে ২৫ জন করে সাভারের বিকেএসপিতে ডাক পায় ২০০ জন। গত ৬-৯ সেপ্টেম্বর বিকেএসপির মাঠে চলে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া। সেরা ১২ খুঁজে নিতে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুল থেকে আসেন তিন কোচ—কেভিন ও’কনেল, মাইকেল বেনেট, মাইকেল ম্যাকক্লিন। দুই দিন প্রশিক্ষণ ও পর্যবেক্ষণের পর ফুটবল-আকাশের এক ডজন নবীন তারার খোঁজ দেন তারা। এই খুদে তারকারা আগামী নভেম্বরের ১৭ তারিখ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তারা পাবে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ। পাশাপাশি তারকা ফুটবলারদের সান্নিধ্য! খুদে ফুটবলার অন্বেষণের এই আয়োজনে সহযোগী ছিল প্রথম আলো।