ঐকতান পরিবারের জমজমাট আয়োজন
সুললিত কণ্ঠের গান, মনোমুগ্ধকর নাচ, আবৃত্তির ঝংকার, অনন্য কথামালা সবই ছিল। সঙ্গে বাড়তি পাওনা অসাধারণ গীতিনাট্য। প্রায় ছয় ঘণ্টার পুরো অনুষ্ঠানেই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৪৯তম জন্মজয়ন্তী বলে কথা। এটি ছিল নগরের বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের ঐকতান পরিবারের পঞ্চম আয়োজন। তবে এবারের অনুষ্ঠানটি হয়েছে এলাকার বাইরে, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। ২১ মে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের শুরুতে ছিল ঐকতান পরিবারের শিল্পীদের রবীন্দ্রসংগীত। একক ও দ্বৈতভাবে এতে অংশ নেন রবিন চৌধুরী, ইমু দাশ, প্রিয়াংকা দে, শুভ্রা চৌধুরী, শর্মী দাশ, পিংকী দে, তমা চৌধুরী ও তন্বী চৌধুরী। নাচ করেন অর্পিতা বড়ুয়া। এরপর শুরু হয় আলোচনা পর্ব। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক হরিশংকর জলদাস। অতিথি ছিলেন অধ্যাপক কুন্তল বড়ুয়া। আলোচনা করেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত ও সবুজ দে। বক্তারা রবি ঠাকুরের জীবন ও কাজের নানা দিক নিয়ে আলোচনা করেন। এরপর ছিল প্রমার অনবদ্য বৃন্দ পরিবেশনা।রাত আটটায় আবার শুরু হয় রবীন্দ্রসংগীত। এবারের শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত, প্রদীপ দাশ, আইরিন সাহা, শ্রেয়সী রায়, শ্যামলী পাল, সুবর্ণা চক্রবর্তী, রতন বিশ্বাস, আরিফুর রহমান ও তৃপ্তি দাশ। প্রায় গানেই ছিল রেওয়াজের ছাপ। শিল্পীদের বেহালায় শ্যামলচন্দ্র দাশ, কিবোর্ডে নিখিলেশ বড়ুয়া, তবলায় সাখাওয়াত হোসেন সহযোগিতা করেন। সব শেষে ছিল সৌরভ দের নির্দেশনায় গীতিনাট্য শাপমোচন। নৃত্যশিল্পী সুদীপ দত্ত ও প্রমা দত্ত অভিনীত নাটকটি দর্শকদের আনন্দ দিয়েছে। এতে শিল্পী প্রমিত বড়ুয়া, ইমু দাশ, আবৃত্তিকার লিটন সরকার সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠান শেষ হয় রাত ১১টায়। অনুষ্ঠান সঞ্চালনে দিবাকর চৌধুরী ও লিটন সরকার ছিলেন স্বচ্ছন্দ।