ঐক্য চান আদিবাসীরা
পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ আদিবাসীদের। তবে সংঘাত সহজে বন্ধ হবে বলে মনে করেন না বেশির ভাগ আদিবাসী নেতা। এক্ষেত্রে বিবদমান পক্ষগুলো পরস্পরের ওপর দোষ চাপাচ্ছে।গত শুক্রবার পার্বত্য চট্টগ্রামের আদিবাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। কর্মসূচিতে শত শত আদিবাসী নারী-পুরুষ, ছাত্র, জনপ্রতিনিধি ও হেডম্যান কারবারিরা অংশ নেন।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারপারসন সুধা সিন্ধু খীসা এ প্রসঙ্গে বলেন, ‘বৃহত্তর জাতীয় ঐক্য ছাড়া আদিবাসীদের অধিকার আদায় সম্ভব নয়।’ নেতারা ভুল করলেও জনগণ কখনো ভুল করে না। জনগণ বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এ দাবি জানাচ্ছে। তিনি আরও বলেন, জনসংহতি সমিতির (এম এন লারমা) ২০১০ সালের ১০ এপ্রিল দীঘিনালা ঘোষণাপত্রে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক প্রদীপন খীসা বলেন, জনগণের ঐক্যের আহ্বানকে ইউপিডিএফ স্বাগত জানাচ্ছে। জনগণের এ দাবি সময়ের দাবি। পার্বত্য চুক্তির পর দ্বন্দ্ব-সংঘাতের কারণে সাধারণ মানুষসহ উভয় দলের বহু নেতা-কর্মী নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন। স্বজন হারানোর বেদনা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারেন। এ যন্ত্রণা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চায়। এ লক্ষ্যে ইউপিডিএফ বারবার ঐক্য ও সমঝোতার আহ্বান জানিয়ে আসছে। ইউপিডিএফের এ আহ্বানে জেএসএসের অধিকাংশ নেতা-কর্মী একমত। তিনি জেএসএসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউপিডিএফ জনগণের মতামতকে সম্মান জানাচ্ছে। জেএসএসেরও উচিত জনমতকে সম্মান দেখানো। জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান শান্তশীল চাকমা বলেন, ‘পাহাড়ের আদিবাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে আমি আশাবাদী। প্রত্যেক দলের নেতারা দাবি করেন, তাঁরা জনমতকে শ্রদ্ধা করেন। জনগণ এখন ঐক্যের আহ্বান জানাচ্ছেন। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হতে কোনো বাধা নেই।’খাগড়াছড়ি আদিবাসী ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবিশংকর তালুকদার বলেন, ‘ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান আদিবাসীদের প্রাণের দাবি। কিন্তু রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখে মনে হয় না, তারা ঐক্যবদ্ধ হতে পারবে।’