ঐতিহাসিক সফরে রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে ভৌগোলিক দূরত্ব বলতে কিছুই নেই। কারণ আয়ারল্যান্ড দ্বীপের উত্তরের কয়েকটি কাউন্টি নিয়েই উত্তর আয়ারল্যান্ড, যা যুক্তরাজ্যের অংশ। দূরত্বটা মূলত মানসিক। এর পেছনে রয়েছে দীর্ঘ তিক্ততার ইতিহাস। আর তা এমনই যে গত ১০০ বছরে কোনো ব্রিটিশ রাজা বা রানি আয়ারল্যান্ড সফর করেননি।এই অচলাবস্থার অবসান ঘটিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ কয়েক দিনের সফরে আয়ারল্যান্ড গেলেন। তাঁর এ সফর তাই সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহের। আইরিশ কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই রানির নিরাপত্তার জন্য মোতায়েন হয় ছয় হাজার পুলিশ।প্রশ্ন উঠেছে, রানির এ সফর কি ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি জাত্যাভিমানী ও স্বাধীনচেতা আয়ারল্যান্ডের দীর্ঘদিনের শীতল মনোভাবের অবসান, না কি নেহাতই আরেকটি সফর?১৯১১ সালের জুলাইয়ে আয়ারল্যান্ড সফর করেছিলেন দ্বিতীয় এলিজাবেথের পিতামহ রাজা পঞ্চম জর্জ। ডাবলিনে স্থানীয় জনসাধারণের উষ্ণ আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছিল। তবে এর পরের এক দশকে আয়ারল্যান্ডের রাজনৈতিক চালচিত্র বদলে যায়; বদলে যায় অ্যাংলো-আইরিশ সম্পর্কও। ওই বছরগুলোর ঘটনাপ্রবাহই নিশ্চিত করে, আগামী ১০০ বছরেও কোনো ব্রিটিশ রাজন্য আয়ারল্যান্ডে পদার্পণ করবেন না। ১৯১৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত চলে আয়ারল্যান্ডের স্বাধীনতার যু্দ্ধ। এই যুদ্ধ চলাকালে গভর্নর অব আয়ারল্যান্ড অ্যাক্ট ১৯২০-এর মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডের ছয়টি কাউন্টির জন্য একটি পৃথক পার্লামেন্ট গঠন করা হয়। পরের বছরের অ্যাংলো-আইরিশ চুক্তি দক্ষিণ আয়ারল্যান্ডে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ২৬ কাউন্টির ফ্রি স্টেট গঠন করা হয়। এই চুক্তির সবচেয়ে স্পর্শকাতর ও তিক্ত বিষয় হচ্ছে, আইরিশ পার্লামেন্টের সদস্যদের ব্রিটিশ রাজার প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ। এর জের ধরে সেখানে গৃহযুদ্ধের সূচনা হয়। এর মানে কিন্তু এই নয় যে আয়ারল্যান্ড দ্বীপের দক্ষিণাংশে ব্রিটিশ রাজতন্ত্রের কোনো আবেদন নেই। তা বরাবরই কমবেশি ছিল এবং এখনো আছে। আইরিশরা যে রকম উৎসাহ-উদ্দীপনা নিয়ে রানি ভিক্টোরিয়া, রাজা সপ্তম এডওয়ার্ড ও রাজা পঞ্চম জর্জকে স্বাগত জানিয়েছে, তা সবার ধারণা এবং একই সঙ্গে বৈরী জাতীয়তাবাদী মনোভাবকে ছাপিয়ে গেছে। ব্রিটেন ও আয়ারল্যান্ডের ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, দ্বীপ দুটির মধ্যে নিয়ত লোকজনের চলাচল, ১৮০০ সালের আনুষ্ঠানিক অ্যাক্ট অব ইউনিয়ন, ব্রিটিশ সাম্রাজ্যের একসময়ের অন্যতম সেরা নগর হিসেবে ডাবলিনের পরিচিতি এবং সর্বোপরি রাজকীয় জাঁকজমকের প্রতি জনগণের আকর্ষণের কারণে আয়ারল্যান্ডে ব্রিটিশ রাজপরিবারের প্রতি আগ্রহে কখনোই ভাটা পড়েনি। আইরিশ জাতীয়তাবাদীরা শক্তি সঞ্চয় করলে ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি আগ্রহের ব্যাপারটা লুকোছাপার পর্যায়ে চলে যায়।আয়ারল্যান্ডের বিভক্তির ধারাবাহিকতায় ২৬ কাউন্টির নতুন দেশটি সার্বভৌমত্ব পেলে আইরিশ জাতীয়তাবাদের পালে বেশ হাওয়া লাগে। প্রজাতন্ত্রী আইরিশরা তাদের নতুন সংবিধান থেকে ব্রিটেনের সঙ্গে সম্পর্কের যাবতীয় চিহ্ন ধুয়েমুছে ফেলে। শেষ পর্যন্ত ব্রিটিশ কমনওয়েলথ থেকে বের হয়ে গিয়ে তারা ১৯৪৯ সালে নিজেদের প্রজাতন্ত্র ঘোষণা করে। এরপর উত্তর আয়ারল্যান্ডে ১৯৫৬-৬২ সময়কালে চলে আইআরএর ব্রিটিশবিরোধী আন্দোলন। এসব কারণে পঞ্চাশ ও ষাটের দশক আয়ারল্যান্ডের রাজনৈতিক আবহাওয়া কোনো ব্রিটিশ রাজা-রানির সফরের জন্য মোটেই উপযোগী ছিল না। ১৯৬৯ সালে উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়। ১৯৭২ সালে ঘটে ব্লাডি সানডের ঘটনা। নাগরিক অধিকারের দাবিতে আন্দোলনরত নিরস্ত্র মানুষের ওপর ব্রিটিশ সেনাদের গুলিতে নিহত হয় ১৪ জন। এসব কারণে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে ব্রিটিশ রাজকীয় সফর সুদূরপরাহতই হয়ে থাকে।ব্রিটিশ রাজতন্ত্র ক্রমশ হয়ে দাঁড়ায় যুক্তরাজ্যের প্রতি আইরিশ ইউনিয়নিস্টদের আনুগত্যের প্রতীক। কিন্তু অন্যদিকে স্থানীয় জাতীয়তবাদীদের কাছে তা ছিল অনাহূত হস্তক্ষেপেরই চিহ্ন। এভাবেই কেটে যায় যুগের পর যুগ। কেবল বিশ শতকের শেষে এসে কূটনৈতিক উষ্ণতা প্রতিষ্ঠার একটি উদ্যোগ শুরু হয়। এর প্রথম দিককার কারিগরদের একজন ছিলেন আইরিশ প্রধানমন্ত্রী ম্যারি রবিনসন। ১৯৯৬ সালে তিনি প্রথম বিশ্বযুদ্ধে নিহত ৩৫ হাজার আইরিশের স্মরণে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাকিংহাম প্রাসাদে মধ্যাহ্নভোজ করেন তিনি। পরের প্রেসিডেন্ট ম্যারি ম্যাকঅ্যালিজ শান্তিপ্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে নেন। এই শান্তিপ্রক্রিয়া অব্যাহত থাকাতেই আয়ারল্যান্ডে রানির সফর সম্ভব হলো।  সুমন কায়সার, তথ্যসূত্র: বিবিসি