ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক ও নকশায় আমাদের আছে ঐতিহ্য। আমাদের তাঁতি, ডিজাইনাররা খুবই সৃষ্টিশীল ও পরিশ্রমী। পোশাকে আমাদের নিজস্ব নকশা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। তৈরি করতে হবে নিজেদের আলাদা জায়গা। এ উদ্দেশ্যে ঢাকা ফ্যাশন উইক কয়েক বছর ধরে ফ্যাশন শোর আয়োজন করে আসছে। গত শুক্রবার রাতে ঢাকা ক্লাবে ‘ঢাকা ফ্যাশন উইক-২০১০: সামার কালেকশন’ শীর্ষক ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। এ বছর ঢাকা ফ্যাশন উইকের প্রতিপাদ্য ‘আশা’। বসনে কখনো আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের বাহারি ভাব, আবার কখনো দেশি জামদানির স্নিগ্ধতা। প্রকৃত অর্থে ঐতিহ্য আর আধুনিকতা মিশেল। পাশ্চাত্যের আধুনিকতার সঙ্গে প্রাচ্যের ঐতিহ্য আর আভিজাত্যের এক শৈল্পিক সমন্বয় যেন। পোশাকে কখনো শুভ্র ফুলের স্নিগ্ধতা, তো কখনো রাতে জমকালো নকশা। নকশায় আদিবাসীদের কাঠ ও পুঁতি যেমন ছিল, ছিল তেমনি আলো-ঝলকানো পাথরের কাজও। পোশাকে সাদার শুভ্রতা ধরা পড়েছিল জীবনের অন্য রঙে, ছিল নকশিকাঁথার কাজও। সব মিলিয়ে বাংলাদেশের ফ্যাশনের যেন ঐতিহ্য আর আধুনিকতার নতুন এক পসরা।ঐতিহ্যবাহী কারুশিল্প থেকে শুরু করে নানামাত্রিক হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, ছাপা, আঁকা, পুঁতির অলংকার ছিল। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টপস, স্কার্ট, শার্ট পরে র‌্যাম্পে হেঁটে বেড়ান টুম্পা, মৌ, আরিয়ানা, মিলা, লিনা খান, চিন্ময়ী, আঁখি, মৌনতা, রুমা, সানজানাসহ ৪০ জন মডেল। ফ্যাশন হাউস মানশা, ফরচুনা, অঞ্জন’স, মাটির, জারিফের তৈরি পোশাক প্রদর্শন করা হয় এতে। এসব পোশাকের অভিনব নকশার সঙ্গে রঙের বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। মানশার ডিজাইনার ফারহানা তাহেরের পোশাকে ছিল আভিজাত্যের সঙ্গে রঙের মার্জিত ছোঁয়া। মসলিন, শিফনের অনেকগুলো শাড়ি উপস্থাপন করে মাটির। আফসানা আহমেদের করা পোশাকগুলো ছিল বিশেষ ধরনের। তবে সব ডিজাইনারের পোশাকের নকশাতে মার্জিত ও কোমল রঙের প্রভাব। সুতা ও নকশায় উঠে এসেছে পরিবেশবান্ধব সচেতনতা। ফ্যাশন শোর ফাঁকে ফাঁকে ছিল সংগীতানুষ্ঠান। গান গেয়েছেন শিল্পী শুভ ও পলাশ।ঢাকা ফ্যাশন উইকের নির্বাহী পরিচালক ফাখরুল ইসলাম চৌধুরী বলেন, দেশীয় কাপড় সবার কাছে পৌঁছে দিতে, সারা বিশ্বে দেশি পোশাক ও ডিজাইনারদের পরিচিত করতেই এ ফ্যাশন শোর উদ্দেশ্য।এবার ঢাকা ফ্যাশন উইকের সহ-আয়োজক ছিল একুশে টেলিভিশন, ভোরের কাগজ, অটবি, মাস্টহেড পিআরএ, চারবেলা চারদিকে, বেঙ্গল মিউজিক।