ঐতিহ্যই প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাস শেষে বাড়ির পথ ধরেছে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ
ক্লাস শেষে বাড়ির পথ ধরেছে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ

সিলেটের মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব হয়ে গেল চলতি বছরের ২১ ও ২২ জানুয়ারি। হীরকজয়ন্তীর এ উৎসবে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন এসেছিলেন কলেজের প্রাক্তন ছাত্র, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুজনের উপস্থিতিতে পুরো কলেজেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল কলেজটি সরকারীকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা।

১৯৪০ সালের ২৬ জানুয়ারি নগরের লামাবাজার এলাকায় দুই ভাই মোহিনীমোহন দাস ও যোগেন্দ্রমোহন দাস তাঁদের প্রয়াত বাবার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে কেবল বাণিজ্য শাখায় শিক্ষার্থী ভর্তি করা হলেও পরবর্তী সময়ে এখানে বিজ্ঞান ও মানবিক বিভাগও চালু করা হয়। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৯৯৭ সালে শহরের তারাপুর এলাকায় আরও একটি ক্যাম্পাস তৈরি করা হয়।

৩ দশমিক ৩৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে প্রায় ১১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক শ্রেণি ছাড়াও এখানে ছয়টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং সম্মানোত্তর বিষয় চালু রয়েছে। এ ছাড়া স্নাতক (পাস) পর্যায়ে বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি কোর্সের পাশাপাশি এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে সেক্রেটারিয়েল সায়েন্স, কম্পিউটার, হিসাবরক্ষণ, ব্যাংকিং ও উদ্যোক্তা উন্নয়ন কোর্স চালু রয়েছে। রয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ।

জেলার প্রথম শহীদ মিনার

সিলেট জেলার প্রথম শহীদ মিনারটি এই কলেজেই স্থাপিত হয়েছিল। ১৯৬৭ সালের ২১ ফেব্রুয়ারি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ মিনারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর থেকে এ শহীদ মিনারেই নিয়মিতভাবে কলেজসহ শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ শুরু করে। নগরের চৌহাট্টা এলাকার বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত মদনমোহন কলেজের শহীদ মিনারটিই সিলেটের প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা পেয়ে আসছিল। কলেজের এ শহীদ মিনারটির পাশাপাশি আধুনিক স্থাপত্যকলায় ২০১২ সালে স্থপতি রাজন দাশের নকশায় ‘দৃষ্টিপাত’ নামে আরেকটি শহীদ মিনার ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়।

রয়েছে ৩৯ বছরের পুরোনো সংগঠনও

১৯৭৭সালে গঠিত হয়েছিল মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ। প্রতিষ্ঠার পর থেকেই লোকসাহিত্য সংগ্রহ এবং সভা-সেমিনারসহ নানা আয়োজন এখনো অব্যাহতভাবে সংগঠনটি করে আসছে। এ পরিষদ থেকেই প্রকাশিত হয়েছে মুজতবা প্রসঙ্গ এবং রাধারমণ সংগীত-এর মতো উল্লেখযোগ্য প্রকাশনা। ১৯৪১ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হলে তাঁকে উৎসর্গ করে দিশারি নামে একটি সংকলন প্রকাশিত হয়েছিল কলেজ থেকে, সেটিও এই সাহিত্য পরিষদ এখন পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছে। সিলেটি বাংলা-প্রমিত বাংলা-ইংরেজি ত্রিভাষিক অভিধান প্রণয়নের পাশাপাশি কলেজের অনিয়মিত সাহিত্যপত্র ঈষিকার চারটি বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ চারটি বিশেষ সংখ্যার বিষয় হচ্ছে: সিলেট-গীতিকা, সিলেটের লোকগান, সিলেটে আদি বাংলা গদ্যচর্চা ও সিলেটের লোকপ্রবাদ।

সাহিত্য পরিষদ ছাড়াও রয়েছে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠন ‘ক্যাম্পাস থিয়েটার’। আগামী ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সোলেমান আহমদের মৃত্যুবার্ষিকীতে শহীদ সোলেমান নামে একটি মঞ্চনাটক মঞ্চায়ন করবে সংগঠনটি। নাটকটি রচনা করেছেন কলেজেরই প্রাক্তন ছাত্র নাট্যকার মু. আনোয়ার হোসেন। এ দুটি সংগঠন ছাড়াও কমার্স ক্লাব, মদনমোহন কলেজ ক্রীড়া সংসদ, রোভার স্কাউট ও বিএনসিসিসহ আরও কয়েকটি সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা মেধার বিকাশ ঘটাচ্ছেন।

যত আড্ডা শ্রেণিকক্ষে

মদনমোহন ক্যাম্পাসে আড্ডা দেওয়ার তেমন কোনো জায়গা নেই। কখনো নবনির্মিত শহীদ মিনার ‘দৃষ্টিপাত’-এর পাদদেশে বসে শিক্ষার্থীরা আড্ডা জমান। ছাত্রীদের জন্য ছোট্ট একটি কমনরুম থাকলেও সেখানে স্থান সংকুলান হয় না। তাই শিক্ষার্থীদের যত আড্ডা শ্রেণিকক্ষেই জমে। পাঠ গ্রহণ শেষে অনেকে আবার কলেজের পাশের রেস্তোরাঁ কিংবা কবি নজরুল অডিটরিয়ামের পাশেও আড্ডা দেন। বিএ প্রথম বর্ষের ছাত্রী তাহমিনা আক্তার, শেফালী বেগম ও শুকরিয়া আক্তারসহ কয়েকজন সহপাঠীকে একাডেমিক ভবনের দোতলায় পাওয়া গেল। তাহমিনা বলেন, ‘কলেজে কেবল উঁচু উঁচু দালান। হাতে গোনা কয়েকটা গাছ ছাড়া ক্যাম্পাসে প্রকৃতির কোনো ছোঁয়া নেই। তাই ক্লাসরুমই আমাদের গল্প করার জায়গা। নিয়মিত ক্লাস হয়, এটা একটা ভালো দিক।’ হেসে যোগ করলেন, ‘ক্যাম্পাসের সীমানা ছোট হলেও আমাদের স্বপ্নের সীমানা ছোট না।’

কেবল নেই আর নেই

এই কলেজ ঘিরে কত ঐতিহ্য, তবু হতাশার চিত্রও চোখে পড়ল। কলেজজুড়ে রয়েছে নানা ধরনের সংকট। ছাত্র বা ছাত্রী—কারও জন্যই নেই আবাসন ব্যবস্থা। ক্যাম্পাসের ভেতরে নেই ক্যানটিন।

শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ৩২ আসনের দুটি শিক্ষার্থী পরিবহনের কোস্টার থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। নেই খেলার মাঠ। খুব একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় না এ কলেজে।

আবুল ফতেহ ফাত্তাহ
আবুল ফতেহ ফাত্তাহ
কলেজের ঐতিহ্য সর্বজনবিদিত
আবুল ফতেহ ফাত্তাহ
অধ্যক্ষ, সিলেট মদনমোহন কলেজ সিলেট

অঞ্চলের নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পাঠদানের ক্ষেত্রে দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান মদনমোহন কলেজের অতীত ঐতিহ্য সর্বজনবিদিত। বাঙালির গণসংগ্রাম, ভাষা-আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই কলেজের শিক্ষার্থীরা অবদান রেখেছেন। বর্তমানে শিক্ষার্থীদের সমস্যাগুলোর ব্যাপারে আমরা অবগত আছি। কলেজের জায়গার সংকট আছে। জায়গা পেলে আমরা ছাত্রাবাসসহ অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা করব।