ঐতিহ্যই ভরসা কাজেম আলী উচ্চবিদ্যালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসনের পতন শুরু হয়, প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ। পরের ১০০ বছরে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়া হয় বাংলার মানুষকে। এটা অনেকে মেনে নিতে পারেননি। কীভাবে হতাশাগ্রস্ত মুসলমানদের আলোর পথ দেখানো দেখা যায় এ নিয়ে ভাবতেন কিছু মানুষ। একসময় তাঁরা এগিয়ে এলেন কিছু করার উদ্দেশ্যে। তাঁরা বুঝতে পেরেছিলেন ইংরেজি শিক্ষা গ্রহণ না করলে ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। কাজেম আলী তাঁদের অন্যতম। তিনি চট্টগ্রাম কলেজের উত্তর পাশে মিছকিন শাহের দরগাসংলগ্ন প্রায় দেড় একর জমি কিনে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের নাম ছিল চট্টগ্রাম মধ্যম ইংরেজি বিদ্যালয়। কাজেম আলী ছিলেন বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। বিদ্যালয়ের ইতিহাস সূত্রে জানা যায়, কয়েক বছর পর এটির নাম হয় চট্টগ্রাম উচ্চবিদ্যালয়। তবে এটি জেলার প্রথম বিদ্যালয় হলেও মুসলমানেরা তখন ইংরেজি শিক্ষা পুরোপুরি মেনে নেননি। ফলে ১৮৮৫-১৯০০ সাল পর্যন্ত ১৫ বছরে তিনবার বিদ্যালয় ঘরটি জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু শেখ-এ-চাটগাম হিসেবে পরিচিত কাজেম আলী দমবার পাত্র ছিলেন না। তিনি নিজের জায়গা-জমি ব্যাংকের কাছে বন্ধক রেখে তিনবারই পুনর্নির্মাণ করেন বিদ্যালয়-ঘর। একসময় স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল এ বিদ্যালয়, কারণ কাজেম আলী ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। ১৯৮৭ সালে দুই বছর দেরিতে বিদ্যালয়ের শতবর্ষ উৎসব পালন করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনে মেলা বসেছিল আলোকিত মুখের। বিদ্যালয়টির বয়স এখন ১২৫ বছর। সেই বিদ্যালয় এখন কেমন চলছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে। দশম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান বলেন, ‘একসময় এ বিদ্যালয়ের অনেক সুনাম ছিল। এখন আশপাশে ভালো বিদ্যালয় গড়ে ওঠায় ছাত্রসংখ্যা কমে গেছে। তবে ফলাফল আগের চেয়ে অনেক ভালো। ২০১০ সালে তিনজন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ছিল ৮৪ দশমিক ১৩।’ জানা যায়, বিদ্যালয়ে বর্তমানে ছাত্র আছে ৫১৯ জন, শিক্ষক ১৭ জন। কৃতী ছাত্রদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজলুল করিম (আজ ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন), সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নুরুন্নবী প্রমুখ। জানা যায়, ১৯৩০ সালে মৃত্যু হয় কাজেম আলীর। এরপর ব্যবস্থাপনা কমিটি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে কাজেম আলী উচ্চবিদ্যালয় রাখে। সংশ্লিষ্ট লোকেরা জানান, ১৯৩৪ সাল থেকে বিদ্যালয়টি সুনাম হারাতে থাকে। ঘরের বাঁশের বেড়া নষ্ট হয়ে যায়। সে সময় ছালেহ আহমেদ উকিলসহ কয়েকজন শিক্ষাবিদ পাকা ভবন তৈরির উদ্যোগ নেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যরা এটি দখল করেন। ফলে ছাত্ররা মোহরা উচ্চবিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে থাকে। ১৯৪৭ সালে দেশভাগের পর এটি আবার চালু হয়। সে সময়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক দক্ষ শিক্ষক ছিলেন। তিনিই বিদ্যালয়ের ভিত শক্ত করেন। সপ্তম শ্রেণীর খ শাখার ছাত্র নান্তু গুহ কিছু সমস্যার কথা জানায়, ‘যে ভবনে আমাদের ক্লাস হয় তার সংযোগ সেতু ও রিটেইনিং ওয়াল (প্রতিরোধক দেয়াল) ভাঙা। ফলে পাঠ নেওয়ার সময় আমরা আতঙ্কে থাকি।’ প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের জানান, ‘মূল ভবনের পেছনের ভবনের নিচতলা ১৯৯৮ সালে তৈরি করা হয়। ভবনটি ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। দরজা-জানালা ভেঙে গেছে। ভবনটির দ্বিতীয়তলা তৈরি হয় ২০০৫ সালে। এরপর ভবনটির সংস্কার হয়নি। এখানেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ক্লাস হয়। মূল ভবনের সঙ্গে সংযোগ সেতু ও রিটেইনিং ওয়াল প্রায় ভেঙে পড়েছে। এর সংস্কার হওয়া দরকার।’ বিদ্যালয়ের মূল ভবন ২০১০ সালে দুলাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। একজন শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, ‘৫১৯ জন ছাত্রের জন্য ১২ জন শিক্ষক যথেষ্ট নয়। এ কারণে আরও পাঁচজন শিক্ষক রাখা হয়েছে, এঁদের বেতন দেওয়া হয় বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে। বেতনটা দিতে অনেক সময় সমস্যা হয়। এ ছাড়া সীমানাপ্রাচীর আরও উঁচু করা দরকার। সন্ধ্যার পর দেয়াল টপকে বখাটেরা এখানে আড্ডা জমায়। গভীর নলকূপ না থাকায় পানিসংকটে ভুগি।’