ঐতিহ্যে আধুনিকতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগেও জর্জেট, শিফনের ওপর চুমকি, পুঁতির কাজ করা শাড়িগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে। ফ্যাশন ঘুরে ঘুরে আসে—কথাটা প্রমাণ করতেই যেন হাল ফ্যাশনে ফিরে এসেছে কাতান, মসলিন; ঐতিহ্যের শাড়িগুলো। আলমারিতে তুলে রাখা মা-খালাদের শাড়িগুলোর খোঁজ পড়ছে আবার। ফ্যাশন ডিজাইনাররাও এসব শাড়ির আদলে তৈরি করছেন নতুন শাড়ি। তবে শাড়িটা যদি পুরোনো হয়, এর সঙ্গের অনুষঙ্গও কি তেমনই চাই! কাতান শাড়ির সঙ্গে কি পরতেই হবে সোনার ভারী গয়না। একদম না। বরং সেই সময়কার শাড়ির সঙ্গে এখকার গয়নাগুলোও দিব্যি পরতে পারেন। চুলের স্টাইল আর মেকআপও পুরোনো সময়ের আদলে নয়। হতে পারে আজকের ঢঙেরই। ফ্যাশন ডিজাইনার আর রূপবিশেষজ্ঞদের মতটাও এর পক্ষে। ঈদের দিনের বিশেষ সাজটা হতে পারে এমনই।‘বিয়ের অনুষ্ঠানে সোনার গয়নার সঙ্গেই শুধু পরা হবে ঐতিহ্যবাহী শাড়ি, এমন ধারণা পাল্টেছে। ষাটের দশকে যেমন টেনে চোখ আঁকা হতো। উল্টিয়ে চুল বাঁধা হতো। সেটা আবার জনপ্রিয় হয়েছে। একে এখন আর পুরোনো স্টাইল বলা যায় না। বরং এটাই এখনকার স্টাইল হয়ে গেছে। একই কথা শাড়ির বেলায়ও। তবে পুরোনো দিনের গয়না ও সাজগোজ যে পুরোনো দিনের মতোই হতে হবে, তা নয়। বরং ফিউশন লুকটাও ভালো লাগে।’ বলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।কানিজ আলমাস খান জানান, পাশ্চাত্যে এখন গলায় বড় হার, বড় কানের দুল, হাতে বেশ কিছু চুড়ি একসঙ্গে পরার চল। আমাদের দেশি ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গেও এভাবে সাজগোজ করা যায়। সেটা কীভাবে, তাও জানিয়ে দিয়েছেন তিনি।মুক্তার গয়নার কোনো একাল-সেকাল নেই। সেটা একরঙা শিফন শাড়ির সঙ্গে যেমন মানানসই, তেমনি ভারী কাজ করা বেনারসি বা কাতান শাড়ির সঙ্গেও। শাড়ির বিপরীত রঙের একছড়া মুক্তার মালা পরা যায় গলায়। তাতেই বেশ জমকালো দেখাবে।এসব শাড়িতে সোনালি রঙের কাজ বেশি থাকে বলে অনেকে এর সঙ্গে রূপার গয়না পরতে চায় না। অথচ রূপা বা অক্সিডাইজড গয়নাও পরা যেতে পারে। তাতে নানা রঙের পাথর বসানো থাকতে পারে।নানারঙা পুঁতি বা পাথরের মালা কয়েক লহরে পরতে পারেন। পাথর বা পুঁতির আকার নানা রকম হতে পারে।কানে বড় রিংও বেশ ভালো লাগবে। এসবের সঙ্গে হাতে পরতে পারেন অনেকগুলো রংচঙে বালা। একটি বা দুটি পাতলা ব্রেসলেটও মন্দ নয়। মোট কথা, নিজের পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের গয়নাই পরে ফেলতে পারেন। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে সোনার গয়নায়ই আটকে থাকতে হবে, তা নয়।জমকালো শাড়ি আর গয়নাও নজরকাড়া। এর সঙ্গে মেকআপ যে হালকা হলেই ভালো, তা তো বলা বাহুল্য। চোখের ওপর টানা আইলাইনার, নিচের দিকে খালি রাখলেই ভালো দেখাবে। লিপগ্লসটা ব্যবহার করতে পারেন ইচ্ছামতো। রাতের বেলা শিমার ব্যবহার করতে পারেন। তবে সবশেষ কথা হলো নিজের স্বাচ্ছন্দ্য। তাই কেউ যদি মনে করেন, ভারী মেকআপেও তিনি দিব্যি মানিয়ে যাবেন, তবে তা করে দেখতে পারেন। যেমন গাঢ় লাল লিপস্টিক আর স্মোকি আইজ।এবার ঈদে মসলিন, সিল্ক, কাতান—এ ধরনের শাড়ি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন। ঐতিহ্যবাহী কাপড়, আধুনিক লুক আর জাংক জুয়েলারি— এই ঈদে এটাই চলবে বলে মনে করেন তিনি। সেই সঙ্গে ব্লাউজের রং আর নকশাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ব্রোকেড, ডুপিয়ান, অ্যান্ডি সিল্ক কাপড়ের ব্লাউজই এমন শাড়ির সঙ্গে মানানসই। শাড়িটা বেশ ভারী। আবার ঈদও গরমের সময়ে। তাই স্লিভলেস, অফ শোল্ডার, হলটার ব্লাউজও পরতে পারেন।‘এসব শাড়িতে সোনালি রঙের ছড়াছড়ি। ব্লাউজ, গয়না আর অন্যান্য অনুষঙ্গে তাই সোনালি রংটাই বাদ দিয়ে দিন। রঙের বৈপরীত্যটা বুঝতে হবে। এই শাড়িগুলো হাই কন্ট্রাস্টের হয়। যেমন হয়তো নীল জমিনের শাড়িতে কমলা পাড়। ব্লাউজও তাই কন্ট্রাস্ট হতে পারে। এবার এক ধরনের ফ্যাশন খুব চলতে পারে। ব্লাউজের সামনে ও পেছনের অংশ এক রকম কাপড়। আবার হাতা অন্য রকম কাপড়ে তৈরি। যেমন সাদা-কালো শাড়ির সঙ্গে পরতে পারেন লাল ব্লাউজ। সেটার হাতে আবার ফিরোজা রঙের কাপড়। এই মিক্স অ্যান্ড ম্যাচের ব্যাপারটা বুঝেই সাজতে হবে।’ বলেন শাহরুখ আমিন।