ঐতিহ্যে নতুন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশেল হালাজিয়ানের মতো অনেক প্রতিবন্ধীর কর্মসংস্থান করেছে গৃহসজ্জার উপকরণ তৈরির প্রতিষ্ঠান বেইত বাই ২–বি
মিশেল হালাজিয়ানের মতো অনেক প্রতিবন্ধীর কর্মসংস্থান করেছে গৃহসজ্জার উপকরণ তৈরির প্রতিষ্ঠান বেইত বাই ২–বি

কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে যাওয়ার মতো ক্ষীণ। চলনশক্তিও অপর্যাপ্ত। সেই শৈশবে স্নায়ুরোগে ভুগে পঙ্গু হয়ে গেছেন। মিশেল হালাজিয়ান ঠিকমতো কথা বলতে বা চলতে পারেন না। কিন্তু তাঁর এই পঙ্গুত্ব শারীরিক। মোটেই মানসিক নয়। শারীরিকভাবে যতটা দুর্বল, মানসিকভাবে তার চেয়ে অনেক বেশি দৃঢ় বলেই অন্যের দয়ায় বেঁচে থাকেননি মিশেল। নিজে কাজ করেন। নিজের হাতে তৈরি সেই কাজ দিয়ে ৪১ বছর বয়সী এই লেবানিজ মুগ্ধ করে চলেছেন সবাইকে।
গর্বভরে মিশেল তাঁর হাতের কাজ দেখিয়ে বললেন, ‘লোহার এই খণ্ডগুলো দেখতে পাচ্ছেন? এগুলো বৈরুতের একটি বিশের দশকের বাড়ির ঝুলবারান্দা থেকে নেওয়া। এগুলো আমি এখন বাতিতে রূপান্তরিত করব। আর সেই বাতিগুলো ছড়িয়ে যাবে সারা বিশ্বে।’ প্রতীকী অর্থে হলেও বিশ্বকে আলোকিত করার একটা স্বপ্ন যেন ঝিলিক দিয়ে যায় তাঁর চোখে।
মিশেল প্রতিদিন আর্ক এন সিয়েল কারখানায় কাজ করেন। স্থানীয় এই এনজিও শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থান করে। কারখানাটি ‘বেইত বাই ২-বি ডিজাইন’ নামের একটি প্রতিষ্ঠানের মিশন পূরণে কাজ করছে। লেবানিজ এই প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বাড়ির ধ্বংসাবশেষ থেকে স্থাপত্যের নানা জিনিস সংগ্রহ করে তা থেকে গৃহসজ্জার নতুন উপকরণ তৈরি করে।
প্রকল্পটির স্বপ্ন প্রথম দেখেছিলেন বেনেদিক্ত দো ব্লাভোয়া ও তাঁর স্বামী রাজা মুবারাক, পঞ্চাশের ঘরে পা দেওয়া ফরাসি-লেবানিজ এক দম্পতি। ব্লাভোয়ার দুটো নেশা-মানুষের জন্য কাজ করা এবং শিল্প বা গৃহসজ্জার উপকরণের প্রতি ভালোবাসা। এই দুটো তিনি মিলিয়েছেন এক বিন্দুতে।
১৯৯৪ সালে এই দম্পতি যখন লেবাননে এলেন, লেবাননের ঐতিহ্যবাহী বাড়িগুলোর সৌন্দর্যে মুগ্ধ ব্লাভোয়ার মাথায় একটা পরিকল্পনা খেলে গেল। প্রতিষ্ঠা করলেন বেইত বাই ২-বি ডিজাইন নামের এই সামাজিক-ব্যবসায়িক প্রতিষ্ঠান। দুঃখ করে তিনি বলছিলেন, গৃহযুদ্ধের পর পুরো দেশটি যখন নতুন করে গড়ে তোলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে তা সঠিকভাবে করা হয়নি। রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বৈরুত প্রায় দখল করে ফেলল। মহামূল্যবান স্থাপত্য-ঐতিহ্যের গলায় বসানো হলো ছুরি।
নগরায়ণের দৈত্য দিনকে দিন বড় হতে থাকল। একই সঙ্গে ব্লাভোয়ার বিরুদ্ধ-স্রোতে সাঁতরানোর লড়াই, লেবানিজ স্থাপত্যের ঐতিহ্য ধরে রাখার সংগ্রাম। পুরোনো, পরিত্যক্ত, ধ্বংসপ্রায় কিংবা বিধ্বস্ত বাড়িগুলোর যে উপকরণ তাঁর ব্যবহারযোগ্য মনে হলো, সেগুলো নিয়ে এসে তাতে তিনি নতুন জীবন দেওয়ার মিশন নিলেন।
এই স্বপ্ন পূরণের লড়াইয়ে তাঁরা পাশে ডেকে নিলেন প্রান্তিক মানুষগুলোকে। এঁদের মধ্যে মিশেল যেমন আছেন, তেমনই আছেন ৩৮ বছর বয়সী রানিয়ার মতো গৃহিণীরাও। জেইতাবি কারখানায় কাজ করা এই নারী বলছিলেন, ‘আমি এখানে ছয় বছর আগে কাজ শুরু করি। আমার স্বামী তখন এক দুর্ঘটনায় পুরো পঙ্গু হয়ে তিন বছর শয্যাশায়ী। তিনি কাজ করতে পারতেন না। তাঁর কর্মক্ষেত্রে থেকেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সে সময়ই আর্ক এন সিয়েলে কাজ করা আমার বাবার মাধ্যমে বেনেদিক্ত আর রাজার সঙ্গে আমার পরিচয়।’
অদক্ষ এক শ্রমিক থেকে রানিয়া একসময় দক্ষ কর্মী হয়ে উঠলেন। সাধারণ এক গৃহিণী থেকে পরিবারের উপার্জনের অনন্য ভরসা। লেবাননের প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ এক নারী থেকে যেন হয়ে উঠলেন এক শিল্পী। স্বামীকেও সুস্থ করে তুললেন। স্বামী কাজে ফিরলেন। কিন্তু অন্তঃপুর থেকে যে মুক্তির স্বাদ তিনি পেয়েছেন, সেটি আর হারাতে চাইলেন না। রানিয়া কাজ করে চলেছেন এখনো। কারণ? ‘আমি তো শুধু আমার পরিবারকে সাহায্য করছি না, আমি কাজ করছি আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্যও।’
বেইত বাই ২-বি ডিজাইন বিশ্বের সেই ৯৩৫টি প্রতিষ্ঠানের একটি, যাদের ‘বি করপোরেশন’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এ সার্টিফিকেটের অর্থ হলো, এই প্রতিষ্ঠান তাদের করপোরেট শক্তি ব্যবহার করে পরিবেশ ও সামাজিক সমস্যা সমাধানে কাজ করছে। ইসরায়েল বাদে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এটিই একমাত্র ‘বি কর্প’ প্রতিষ্ঠান।
রাজা মুবারক বলছিলেন, টেকসই সামাজিক উন্নয়নের জন্য অর্থনৈতিক সক্ষমতা অন্যতম পূর্বশর্ত। প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক সাহায্য দিয়ে আরও বেশি নির্ভরশীল করে ফেলা নয়, বরং তাদের অর্থনৈতিক কর্মযজ্ঞের মধ্যে নিয়ে আসার মাধ্যমেই সম্ভব টেকসই উন্নয়ন। আর এটা যে সফলভাবেই করা যায়, রাজা আর ব্লাভোয়া এর অন্যতম বড় উদাহরণ। ছোট্ট একটা পরিসরে নিজেদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু করার পর এই দম্পতি আড়াই লাখ ডলার বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রের বোস্টনে এখন একটি গ্যালারি চালু করেছেন!
কিন্তু তাঁদের আসল সাফল্য এভাবে অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। বিশ্বের একটা প্রায় বিচ্ছিন্ন অংশ থেকে মাদকাসক্ত, জেলজীবন বা গৃহহীন হয়ে পথে আশ্রয় নেওয়া নারীরা এখন নতুন কর্মক্ষেত্র আর নতুন জীবন করে তুলেছেন। সামাজিক ব্যবসায় উদ্যোগের প্রতি এখন ইউরোপ-আমেরিকার মানুষের মধ্যেও অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ফলে ক্ষেত্রটির সামনে আরও বহু পথ।
সবচেয়ে বড় কথা, প্রতিষ্ঠানটি এমন সব মানুষকে কর্মক্ষেত্রে নিয়ে আসছে, যাঁদের কেউ কাজের যোগ্য বলে বিবেচনাই করেনি। মিশেল-রানিয়ারা খুঁজে পেয়েছেন তাঁদের স্বপ্নের নতুন ঠিকানা।