চারদিকে স্বর্ণমুদ্রার ছড়াছড়ি। রয়েছে কাগজের নোটও। সেসব আবার বিভিন্ন মূল্যমানের। বিভিন্ন সময়ের। সবই দৃষ্টিসীমার মধ্যে। কিন্তু হাত দিয়ে ছোঁয়ার উপায় নেই। কাচের বাক্সে রাখা এসব মুদ্রা বা নোট দেখে এবং এ-সম্পর্কিত তথ্য জেনেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ, বহু মুদ্রাই হাজার বছর আগের। বিনিময়মূল্য না থাকুক, এর পেছনে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি। বলছিলাম, ৯ জুলাই থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হওয়া ‘আবহমান বাংলার মুদ্রা ও কাগজি নোট প্রদর্শনী’র কথা। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে আবহমানকালে বাংলা থেকে জারি করা দিল্লির সুলতানদের মুদ্রা। দিল্লির সুলতান ও গভর্নরদের যৌথ নামের মুদ্রা; মোগল, ত্রিপুরা, কোচ, জয়ন্তিয়া, আরাকান, ব্রিটিশ, পাকিস্তানি মুদ্রাসহ রয়েছে খ্রিষ্টপূর্ব পঞ্চম দশকের বক্রদণ্ড ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা। কাচের বাক্সে সাজানো এসব মুদ্রা দেখলে ফিরে পাওয়া যায় ইতিহাস। যুগে যুগে মুদ্রা বা নোটের গায়ে যে ইতিহাস-ঐতিহ্যের নীরব প্রদর্শনী, তা সহজেই বোঝা যাবে ১১ দিনের এ প্রদর্শনী ঘুরে এলে। প্রতিটি মুদ্রাতেই রয়েছে বিভিন্ন সময়ের অমর কীর্তি বা কীর্তিমানদের প্রতিকৃতি। তবে সবকিছুর সঙ্গে দৃষ্টি কাড়তে পারে ‘কড়ি’। ‘কড়ি দিয়ে কিনলাম’ বাক্যটির সত্যতা প্রমাণ করতে বিনিময়ের মাধ্যম যে কড়িই ছিল, তা জানা যাবে প্রদর্শনীতে এসে।প্রদর্শনী উদ্বোধন করতে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘একসময় পশুপাখির হাড়, কড়ি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। প্রচলন ছিল স্বর্ণ, রৌপ্য ও বোঞ্জের মুদ্রার। মুদ্রা প্রচলনের অনেক পরে বিনিময়ের মাধ্যমকে সহজ করার জন্য কাগজের নোটের প্রচলন শুরু হয়। আর তাই এ প্রদর্শনীতে প্রাচীন, মধ্যযুগ, মোগল, সুলতানি আমল থেকে শুরু করে বর্তমান সময়ে প্রচলিত মুদ্রা ও নোট ঠাঁই পেয়েছে।’প্রদর্শনীতে ব্রিটিশ আমল, পাকিস্তানি আমল এবং বাংলাদেশের সব ধরনের মুদ্রা-কাগজি নোট এবং স্মারক মুদ্রা ছিল। বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক ও এইচএসবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজকদের আশা , আদি থেকে বর্তমান কালের মুদ্রা ও কাগজি নোটের এই প্রদর্শনী দর্শক-সাধারণের দেখা ও জানার পরিধি বাড়াবে। পাশাপাশি, গবেষকদের জন্যও ইতিহাসের নতুন নতুন তথ্য ও বিশ্লেষণের উপাদান জোগাবে।