ঐতিহ্যের অহংকারে বৈশাখ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ অগ্নিবাণে পুড়ছে চারদিক। আকাশে মেঘের আনাগোনা সেই উত্তাপ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তার পরও পয়লা বৈশাখের হাতছানি কে উপেক্ষা করেন! নববধূর মতোই যে সেজেছে বৈশাখী ফুল, লতা-পাতা; ডাকছে পাখিরা, ডাকছে ডিসি হিল, সিআরবি পাহাড়ের কোল। বর্ষবরণের জন্যই তো শিল্পকলার সুরের ভুবন কিংবা চারুশিল্পী সম্মিলন পরিষদের শোভাযাত্রা। তাই তো প্রাণের টানে ঐতিহ্যের অহংকারে সবাই হারিয়ে গেলেন বাঙালির প্রাণের উৎসবে। নিচের দিকে তাকালে পা আর পা। আর ওপরে সব চেনা মুখ, চেনা হাসি। তিন দশকেরও বেশি সময় ধরে এমন চিত্রই দেখে আসছে ডিসি হিল। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান ছিল যেন লোকারণ্য, সেই চেনা দিনগুলোর মতোই। উৎসবের মূল স্লোগান ‘পয়লা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক।’ভোরে কবি অরুণ দাশগুপ্তের নববর্ষ আবাহন। এর পর শাস্ত্রীয় সংগীতের ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর রাগ ভৈরবের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। দিনভর একক, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি, কবিগান চলে সমানে। দর্শকদের অপেক্ষা ছিল শাহনাজ বেলীর লোকগানের জন্য। কান্তা নন্দী যখন ‘ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে...’ গাইছিলেন তখন গোটা ডিসি হিল যেন জেগে উঠেছিল। কল্যাণী ঘোষ, সঞ্জিত আচার্য ও শিমুল শীলের গানেও নেচেছে ডিসি হিল। ‘পয়লা বৈশাখ, একাল সেকাল’ বিষয়ে কল্পতরু ভট্টাচার্য ও মানিক শীলের কবিগান দারুণ উপভোগ করেছেন দর্শকেরা। এ ছাড়াও ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা। কিন্তু কজনই বা এমন অনুষ্ঠানের প্রতি মনোযোগী থাকেন! সবাই ব্যস্ত হয়ে পড়েন আপন আড্ডায়; নববর্ষের আড্ডা। যাঁরা ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে ডিসি হিলের অন্দরে যেতে পারেননি তাঁরাও কিন্তু উৎসবের উচ্ছ্বাস থেকে বিন্দুমাত্র বঞ্চিত নন। পার্কের বাইরে রাস্তায় দাঁড়িয়ে, বসে নিজেদের মতো করে আড্ডায় মত্ত ছিলেন তাঁরা।ডিসি হিলে ভিড় আরও বাড়তে পারত। কিন্তু সিআরবি পাহাড়ের কোলে দ্বিতীয়বারের মতো বর্ষবরণ উৎসব সেই ভিড় বাড়তে দেয়নি। এখানেও দর্শক উপস্থিতির কমতি ছিল না, ছিল মন ভরানো গান, নাচ। বাড়তি ছিল শাহাবউদ্দিনের বলীখেলা। সিআরবি পাহাড়ে প্রকৃতি যেন তার অবারিত ডানা মেলে ডেকেছে বাঙালিকে। ছায়াঘেরা এই পরিবেশে বর্ণিল সাজে, নানা রঙের শাড়ি, পাঞ্জাবি পরা তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে মাতোয়ারা ছিল চারদিক। তারুণ্যের উচ্ছ্বাস, প্রবীণের আবেগ ও শিশু-কিশোরের উচ্ছলতা, সংগীত, আবৃত্তি, ঢোল-বাঁশির সুর পুরো এলাকায় যেন প্রাণের জোয়ার আনে। উষ্ণ সকাল কিংবা দুপুরে প্রাণের উষ্ণতা নিয়ে নিতান্ত আপন করে ডেকেছে প্রিয় মুখটি, ঠিক আরতি মুখোপাধ্যায়ের গানের মতো ‘এক বৈশাখে দেখা হলো দুজনায়।’ সন্ধ্যায় বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি এই শিল্পী। আরতির গান শুনতে দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড় ছিল মহিলা সমিতি উচ্চবিদ্যালয় মাঠে। তিনি গাইলেন ‘এই মন জোছনায়’, ‘দূর বহুদূর’, ‘তখন তোমার একুশ বছর বোধই’ জনপ্রিয় গানগুলো। তাঁর আগে গেয়েছেন ‘নজরুলের গানের ময়না’ খ্যাত শারমিন সাথী ইসলাম। সবশেষে ওপার বাংলার লক্ষ্মণ দাশ বাউল ও তাঁর দলের গানে উন্মাতাল তারুণ্য। এবার সম্মাননা জানানো হয় সংগীতজ্ঞ আবদুল গফুর হালী, স্বাধীন বাংলা বেতারের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ ও চিত্রনায়িকা সারাহ কবরীকে। লোকসংস্কৃতির প্রতি ঝোঁকটা দিন দিন যেন বাড়ছে সবখানে, সব বয়সের মানুষের। এ যেন নতুন দিনের ডাক, নববর্ষের আহবান।