ঐতিহ্যের আশুরা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলায় পাওয়া যায় না এমন জিনিস নেই। গৃহস্থালিসামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, রকমারি খাবার, বেতের সামগ্রী, মাটির তৈরি হাঁড়ি-পাতিল, তাঁতের কাপড়, শীতবস্ত্র—সবই পাওয়া যায়। আশপাশের গৃহিণীরা অপেক্ষায় থাকেন মেলার জন্য। কারণ, কিছু সামগ্রী মেলা ছাড়া পাওয়া যায় না। তবে শিশু-কিশোরদের মধ্যেই উচ্ছ্বাসটা বেশি। দিনভর নাগরদোলায় চড়া, নানা পিঠাপুলি খেয়ে আর খেলনা কিনে বাড়ি ফেরা।প্রতিবছরের মতো এবারও পবিত্র আশুরার দিন রাঙ্গুনিয়া পৌরসভার পূর্ব সৈয়দবাড়ি বড় হুজুরের মাজারসংলগ্ন তালুকদারবাড়ি দিঘির পাড়ে বসে এ মেলা। হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) স্মরণে এ মেলার আয়োজন। মেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল ও জারি গান। হাজারো মানুষের ঢল নামে এ মেলায়।পূর্ব সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দা মাওলানা আহমদ উল্লাহ (৯৯) জানান, প্রায় ৩০০ বছর আগে থেকে এই দিঘির পাড়ে আশুরা মেলা হয়ে আসছে। তাঁর দাদা মাওলানা রুহুল আমিনের কাছ থেকে তিনি এ ব্যাপারে জেনেছেন বলে জানান।আহমদ উল্লাহ জানান, প্রায় ৪০০ বছর আগে দিঘির পাড়ে সম্রাট শায়েস্তা খাঁ রাজবাড়ি গড়ে তোলেন। রাজবাড়ির অন্যান্য অবকাঠামোর সঙ্গে একটি মসজিদও ছিল, যার ধ্বংসাবশেষ ছাড়া এখন আর কিছুই নেই। ধ্বংসাবশেষে খচিত আরবি লেখাগুলো থেকেও ঐতিহাসিক আশুরা মেলার প্রমাণ মেলে।দিঘির পাড়ে বসবাসরত রাহাত উল্লাহ নকশবন্দি প্রকাশ বড় হুজুরের নাতি মাওলানা আবুল বয়ান বলেন, মেলা, কারবালার মাহফিল ও জারি গানে অংশ নেওয়ার জন্য রাঙ্গুনিয়াসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ধর্মপ্রাণ মানুষ মেলায় ছুটে আসেন। দিঘির পারের প্রায় ১০ একর জমিজুড়ে অনুষ্ঠিত এ মেলার তত্ত্বাবধান করেন স্থানীয় লোকজন। মেলার তত্ত্বাবধান কমিটির সভাপতি আবু তালেব জানান, মেলায় আগত পণ্য বিক্রেতাদের কাছ থেকে টোল হিসেবে মেলা কমিটি ন্যূনতম টাকা আদায় করে। খরচ বাদ দিয়ে এসব টাকা তালুকদার বাড়ি জামে মসজিদ উন্নয়নের জন্য ব্যয় করা হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, পূর্ব সৈয়দবাড়ি তালুকদার বাড়ি দিঘির পারে অনুষ্ঠিত আশুরা মেলা ঐতিহাসিক। এ মেলার সঙ্গে এ অঞ্চলের মুসলিম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত। ফলে প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।