ঐতিহ্যের ঈদবাজার নিউ মার্কেট
ঐতিহ্যের দিক থেকে চট্টগ্রামের বিপণিকেন্দ্রের মধ্যে বিপণিবিতানের (নিউ মার্কেট) আলাদা একটা অবস্থান দীর্ঘদিনের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিপণিকেন্দ্রকে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বিক্রয়কেন্দ্রের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে প্রতিনিয়ত। তার পরও ঈদ সামনে রেখে ক্রেতারা ঐতিহ্যবাহী নিউ মার্কেটের দিকেই ছুটছেন।যতই দিন ঘনিয়ে আসছে, নিউ মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে নির্ঘুম রাত কাটছে দোকানিদের। এখন রাত দুইটা পর্যন্ত মার্কেট খোলা থাকে। যদি তার পরও ক্রেতা দেখা যায় তখন সময় আরও বাড়ে। পাবনা স্টোরের শাহদাত হোসেন বলেন, ‘নিউ মার্কেট সব বয়সের নারী-পুরুষের বিপণিকেন্দ্র। সবার চাহিদার সমন্বয় ঘটাতেই এই মার্কেট। নতুন অনেক মার্কেটে গিয়ে আপনি অনেক কিছু পাবেন না। কিন্তু এখানে তা পাবেন।’ সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় নিউ মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় নানা বয়সের নর-নারী ভিড় করেছেন। নিচতলায় শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট-পাঞ্জাবির সমাহার বেশি, আর তৃতীয় তলায় সালোয়ার-কামিজ ও শিশু-কিশোরদের তৈরি পোশাক এবং জুতার বাজার। লোকজনের ভিড় লেগে আছে চতুর্থ তলার ইলেকট্রনিকস মার্কেটেও। ঈদ উপলক্ষে বিশেষ করে বাড়ির ফ্রিজ ও টেলিভিশন পরিবর্তন করার জন্য উঠেপড়ে লেগেছেন অনেকেই। আর শখের মুঠোফোন সেটটি তো অনেকেরই পরিবর্তন করতে হচ্ছে এই ঈদে। তাই তাঁদের গন্তব্য চতুর্থ তলায়। শুক্রবার রাতে কথা হয় এক তরুণের সঙ্গে। নাম জাবের। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে নতুন নতুন সেট আসে। তাই পুরোনো সেটটি পরিবর্তন করে নতুন একটি মোবাইল সেট কেনার চেষ্টা করছি।’ থেমে নেই দ্বিতীয় তলার সোনার দোকানগুলোও। সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও ঈদ উপলক্ষে এসব দোকানেও দেখা যাচ্ছে ক্রেতা। বিক্রেতারা জানান, লোকজন আসছে, তবে বিক্রি তেমন নেই। নিউ মার্কেটের দোকানিরা জানান, দিনের চেয়ে রাতে এখানে ভিড় বাড়ে। বিশেষ করে ইফতারের পর নারী-পুরুষের জন্য পা ফেলা দায় হয়ে পড়ে। দলে দলে লোক আসে। কেনাকাটা করে ফিরে যায়। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নানা রকম উপহারের ব্যবস্থাও রেখেছেন দোকানিরা। নির্দিষ্ট অঙ্কের পণ্য কেনার ক্ষেত্রে ছাড় কিংবা উপহার চালু করেছে কয়েকটি দোকান। ক্রেতার ভিড় সামাল দেওয়ার জন্য নির্ধারিত বিক্রয়কর্মীর বাইরে নতুন কিছু তরুণও নিয়োগ দিয়েছে প্রতিটি দোকান। রেভলন, গিফট অ্যান্ড ফ্যাশন, বিশাল ফ্যাশন, এ ওয়াদুদ ব্রাদার্সসহ বিভিন্ন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের প্রতিষ্ঠানে ঈদ উপলক্ষে দুই থেকে ছয়জন পর্যন্ত নতুন কর্মী যুক্ত হয়েছেন। ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্যই এ ব্যবস্থা। তার পরও ক্রেতাদের অভিযোগ থাকছে। দুর্ব্যবহার, সাইজ পরিবর্তন করে না দেওয়া, বেশি দাম নেওয়া, পছন্দ করার সময় না দেওয়া—এসব অভিযোগ ফিকে হয়ে যাচ্ছে ঈদের ভিড়ের ঠেলায়।বিপণিবিতানকে কেন্দ্র করেই যেন পুরো ঈদবাজার আবর্তিত হচ্ছে। বিপণিবিতানের আশপাশে অনেকগুলো বিপণিকেন্দ্র রয়েছে। রিয়াজ উদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইন, স্টেশন রোডের শত শত বিপণিকেন্দ্র, জহুর হকার্স মার্কেট—আরও কত কী! তা হলে কী হবে—পুরো এলাকাটি প্রথমেই পরিচিতি পায় নিউ মার্কেট (বিপণিবিতান) নামে। তাই ঈদবাজারের আমেজটা শহরের অন্যান্য এলাকার চেয়ে এখানে বেশি পাওয়া যায়।বিকিকিনি না করলেও এখানে অনেক তরুণ আসে ঈদবাজারের ভিড় দেখতে। মার্কেটের গোলাকৃতির সিঁড়ি কিংবা বাগানের দিকে চলে ঈদবাজার উপলক্ষে আড্ডা। বন্ধুবান্ধব মিলে মার্কেটের এই ফাঁকা স্থানের আড্ডাটাও যেন ঈদবাজারেরই অনুষঙ্গ।