ঐতিহ্যের জয়গান চট্টগ্রাম উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনে ঢুকতেই দারুণ এক সাম্পান। সেই সাম্পান যেন কর্ণফুলীর কথা বলছে। বসন্তের মিষ্টি রোদে দর্শকদের যেন বাতাস করছিল পাখা দুটো। ছিল একটা পালকিও। চট্টগ্রাম উৎসবের পরতে পরতে ছিল চট্টগ্রামের ঐতিহ্যের জয়গান। আর ছিল শেকড়ের গান, চট্টগ্রামের গীতিকারদের গান। এ ছাড়া পাহাড়ি নৃত্য, ফ্যাশন শো, পুঁথি পাঠ, পুঁথি-চিত্রকলা-আলোকচিত্র প্রদর্শনী মন ভরিয়েছে দর্শকদের। চট্টগ্রাম উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে ১২ ও ১৩ ফেব্রুয়ারি জাঁকজমক উৎসবটি অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে ফুল দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার পর সবাই যখন ক্লান্ত তখনই মুক্তমঞ্চে বাবুল জলদাশের ঢোলবাদনে আনন্দে মেতে ওঠেন দর্শকেরা। শুরুতে সংগীত ভবনের শিল্পীরা ‘জালালাবাদের পাহাড়’, ‘জিলা চট্টগ্রামের...বার আউলিয়ার স্থান’ গানগুলো পরিবেশন করেন। পরে পরিষদের আহ্বায়ক ফাউজুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। বক্তব্য দেন জেলাপ্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও লায়ন রূপম কিশোর বড়ুয়া। ‘চট্টগ্রামের সাংস্কৃতিক বিকাশে ধারাক্রম’ বিষয়ের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি এজাজ ইউসুফী। এতে তিনি চট্টগ্রামের নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর ইতিহাস, নামকরণ, আঞ্চলিক গান ও বিপ্লবের ইতিহাসসহ নানা বিষয় তুলে ধরেন। কবিতা পাঠ করেন কবি স্বপন দত্ত, ওমর কায়সার, আকতার হোসেন, সঞ্জীব বড়ুয়া, সাথী দাশ প্রমুখ। কবি ওমর কায়সারের বিনোদবিহারী চৌধুরীকে নিয়ে লেখা ‘তুমি এক সুদীর্ঘ কবিতা’ দর্শকদের চমকে দেয়। এরপর গীতিকার আবদুল গফুর হালী ও সৈয়দ মহিউদ্দিনকে সম্মাননা দেওয়া হয়। সংগীতানুষ্ঠানে শিল্পী কল্যাণী ঘোষ ও নয়ন শীল মাইজভান্ডারী গান পরিবেশন করেন। কল্যাণীর ‘দেখে যারে মাইজভান্ডারী’ গানের সুরে নাচতে থাকেন দর্শকেরা। এ ছাড়া শিল্পী সৈয়দ জাবেদ সরোয়ার, ফেরদৌস হালী, বুলবুল আকতার, সঞ্জিত আচার্য, শিমুল শীল লোকগান পরিবেশন করেন। নাচ করেন শুভ্রা বিশ্বাস ও তাঁর দল। দ্বিতীয় দিন বিয়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন সেতু বিশ্বাস ও তাঁর দল। ‘ছোড ছোড ঢেউ তুলি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তী ও তাঁর দল। শিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতা জুটি ‘নগদ টেঁয়া জিনিস দি জামাই ন কিনিস’ গেয়ে দর্শকদের নাচিয়ে তোলেন। এ জুটি ‘আঁর বউরে আই কিলাইয়ুম’সহ শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের জনপ্রিয় বেশ কয়েকটি গান করেন। পরে আলাউদ্দিন তাহের ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্খুম তোঁয়ারে’ গেয়ে আসর মাত করেন। সাম্পান-মাঝির গান গেয়ে দর্শকদের সাম্পানওয়ালার যুগে নিয়ে যান কান্তা নন্দী। আরও গান করেন দীপক আচার্য। উপজাতীয় নৃত্য পরিবেশন করেন পাংখোয়া সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সদস্যরা। বাঁশ নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির নিচতলায় আবদুস সাত্তার চৌধুরী পুঁথিশালার আয়োজনে চলে পুঁথি প্রদর্শনী। এতে প্রায় ৪৫০ বছর আগের হাতে লেখা ১০৪টি পুঁথি প্রদর্শিত হয়। এ ছাড়াও দ্বিতীয় ও তৃতীয়তলায় আলোকচিত্র ছিল প্রদর্শনী।