ঐতিহ্যের ত্রাণকর্তা চার্লস
ব্রিটিশ রাজপরিবার সে দেশের ঐতিহ্যের ব্যাপারগুলো ধরে রাখতে খুবই উদগ্রীব এটা নতুন কথা নয়। তবে তাদের মধ্যে কারও কারও উর্যাসাহের মাত্রাটা অন্যদের চেয়ে বেশি। রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লস তাঁদেরই একজন। অনেক কিছুর পাশাপাশি তিনি অর্গানিক খাবার ও ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর একনিষ্ঠ অনুরাগী। আর সেই অনুরাগ আরেকবার প্রমাণ করতেই যেন সংকটে পড়া মাছের দোকান ওয়াল্টার পারকিস অ্যান্ড সন্সকে বাঁচাতে এগিয়ে এলেন তিনি।ব্যাপারটা খুলেই বলা যাক। উত্তর লন্ডনের ক্রাউচ এন্ডে পারিবারিক মাছ ব্যবসাপ্রতিষ্ঠান ওয়াল্টার পারকিস অ্যান্ড সন্স। শুধু তাজা মাছ বিক্রি নয়, সংরক্ষণ করার জন্য মাছ ‘স্মোক করার’ ব্যবস্থাও আছে সেখানে। স্মোক হাউসটা দোকানের পেছনেই। এত দিন সবই ঠিক ছিল। ছয় পুরুষ ধরে সেইন্সবারিজ, ওয়েটরোজ ও মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো তাবড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যবসা করে যাচ্ছিল পারকিস পরিবার। কিন্তু মাছ স্মোক করার গন্ধের কারণে একজন মাত্র এলাকাবাসীর অভিযোগের জেরে স্থানীয় নগর পরিষদ সম্প্রতি ব্যবসা বন্ধের নোটিশ দেয় তাদের। পুরোনো খদ্দেরদের সম্মিলিত আবেদনে আপাতত এ নোটিশ স্থগিত রয়েছে। তবে পারকিসদের বলা হয়েছে, মাছ স্মোক করার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত রাখতে। এই যখন অবস্থা তখন হঠার্যাই খোদ প্রিন্স চার্লসের এক প্রতিনিধি ঢুঁ মারলেন ওয়াল্টার পারকিস অ্যান্ড সন্সে। জানতে চাইলেন সর্বশেষ পরিস্থিতি। তাঁকে সব জানানো হলো। তিনি সব টুকে নিয়ে যাওয়ার সময় বলে গেলেন প্রিন্স চার্লস এ বিষয়ে সাধ্যমতো করবেন।ওয়াল্টার পারকিস অ্যান্ড সন্সের স্মোক হাউসটি যুক্তরাজ্যের সবচেয়ে পুরোনোগুলোর একটি। ওক কাঠের ফালি পুড়িয়ে হ্যাডক ও স্যামন মাছ স্মোক করার এক বিশেষ কায়দা আছে তাদের। ১৮৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে একবার মাত্র বন্ধ হয়েছিল এ স্মোক হাউস। তাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিমনিতে বোমা পড়ায়। দুই দিন পরই আবার চালু হয় তা। যে চার্লস লন্ডনে ঐতিহ্যের পরিপন্থী কোনো তথাকথিত ‘অত্যাধুনিক’ ভবন পর্যন্ত দেখতে চান না, তিনি যে পারকিসদের ব্যবসা বাঁচাতে সত্যিই সাধ্যমতো করবেন তা হয়তো ধরে নেওয়াই যায়। মাহফুজার রহমান