ঐতিহ্যের ধারক-বাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সমাজের কমবেশি সবাই ইভ টিজিং ও ইভ টিজারদের সঙ্গে পরিচিত। এ যেন সমাজের এক অবিচ্ছেদ্য অংশ! ইভ টিজাররা সাম্যের গানই গান।
ধনী-গরিবনির্বিশেষে সবাইকেই সমান চোখে দেখেন এই ইভ টিজাররা। ব্যাপারটা অনেকটা পয়লা বৈশাখের উৎসবের মতোই। এই উৎসব যেমন সমাজের সব শ্রেণির মানুষই উদ্যাপন করেন, তেমনি ইভ টিজিং ব্যাপারটাও সমাজের সব শ্রেণির কিছু কিছু মানুষ অন্তরে লালন করেন। গতবারের পয়লা বৈশাখ উৎসবের কথা ভুলে গেলেন? থাক, সেই উদাহরণ আর নাই-বা টানি!
ইভ টিজিংয়ের মহান দায়িত্ব পালন করেন কারা? কারা আমাদের সমাজের এই সংস্কৃতির ধারক ও বাহক? এ সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখা যায়, আসলে ইভ টিজিং একটি পরম্পরা। ইভ টিজিং তাঁদের একটি ঐতিহ্য। যে ঐতিহ্য কখনো ভোলার নয়। ইভ টিজিং তাঁদের পেশা, ইভ টিজিং তাঁদের নেশা। কিন্তু কাদের? সেটাই আমাদের প্রশ্ন।
ইভ টিজারদের সম্পর্কে গবেষণায় জানা যায়, ইভ টিজারদের কোনো বয়স নেই। তাঁদের বয়স যেমন ১৫ হতে পারে, তাঁদের বয়স আবার হতে পারে ৫০ও। ইভ টিজাররা কেন ইভ টিজিং করেন, তা নিয়ে গবেষণায় দেখা যায়, তাঁদের ইভ টিজিং ছাড়া আর কিছু করার নেই আসলে। বাংলাদেশের বেকারত্ব মোচনে তাই ইভ টিজিং একটি বড় ভূমিকা পালন করছে, তা বলাই যায়। ইভ টিজাররা দলে দলে ইভ টিজিং করে তাঁদের ঐক্য ও সংহতির এক ভয়াবহ উদাহরণ তুলে ধরছেন আমাদের সামনে। যুগ যুগ ধরে তাঁরা এই ইভ টিজিংয়ের গুরুদায়িত্ব পালন করে আসছেন সাফল্যের সঙ্গে। বাসে, ট্রেনে, মেলায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, রমনায়, টিএসসিতে, নিউমার্কেটে-বলতে গেলে এমন কোনো জায়গা নেই, যেখানে তাঁরা সফল নন! এমনকি তাঁদের আছে সুপার হিউম্যান পাওয়ার। যেমন ধরুন, তাঁরা ইভ টিজিং করতে গিয়ে ধরা পড়লেন কোনো সিসি ক্যামেরায়। এরপর তাঁরা কী এক জাদুবলে নিজেদের চেহারা পরিবর্তন করে ফেলেন! হাজারো খোঁজাখুঁজির পরও তাঁদের আর পাওয়া যায় না! এসব দিক দিয়ে বলতে গেলে তাঁরা বিভিন্ন গুণের অধিকারী। তাঁরা ইভ টিজিং করে পুলিশের চোখের সামনে দিয়ে চলে যান, রাস্তার মানুষ হাঁ করে তাকিয়ে দেখেন, তবে কারোরই কিস্সু বলার ক্ষমতা নেই! এতই তাঁদের ক্ষমতা!
তাঁদের মাঝে অনেকেই আছেন টো টো কোম্পানির আসল মালিক। তাঁদের কাজ হলো সারা দিন রাস্তায় টো টো করা আর তাঁদের গুরুদায়িত্ব মানে ইভ টিজিং করা। ইভ টিজিং করে অবশ্য অনেক সময় তাঁদের অনেক বিপদেও পড়তে হয়। এ সম্পর্কে তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, এটা তাঁদের জন্য কোনো ব্যাপারই নয়। ইভ টিজিং তাঁদের রক্তে মিশে আছে। যত বিপদই আসুক না কেন, ইভ টিজিং তাঁরা ছাড়বেন না। তাঁদের রক্তে আছে ইভ টিজিংয়ের নেশা, পূর্বসূরিদের দেখানো পথ। তাই শত ঝড়-ঝঞ্ঝা, বিপদ-আপদের পরও ইভ টিজিংকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে এসেছেন তাঁরা। ইভ টিজিং তাঁদের কাছে কোনো মামুলি ব্যাপার নয়। ইভ টিজিং তাঁদের কাছে একটি সত্তা, একটি ঐতিহ্য! এই ঐতিহ্য তাঁরা টিকিয়ে রাখবেনই!