ঐতিহ্যের ধারায়অরুনিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মলা মিত্র, সন্ধ্যা মুখার্জি, আশা ভোঁসলে, প্রতিমা ব্যানার্জি। আবহমান বাংলা গানের সুদীর্ঘ পথে চারটি মাইল ফলক। তাঁদের গানের ভাষায় জীবন্ত হয়ে উঠেছিল মানুষের প্রাণের সুর। বাঙালির সুখ-দুঃখ আনন্দ-চাওয়া-পাওয়ার কথা মূর্ত হয়ে উঠেছিল তাতে। সেই সব কালজয়ী কিছু গান আবারও নিজের কণ্ঠে ধারণ করলেন একালের শিল্পী অরুনিমা ইসলাম। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন অ্যালবাম নির্মল সন্ধ্যায় আশার প্রতিমা । অ্যালবামের নামেই চার কিংবদন্তী শিল্পী প্রতীকী ব্যঞ্জনায় উঠে এসেছে। চিরকাল মানুষের মুখে মুখে ফেরা এসব গানকে নতুন করে গেয়ে অরুনিমা স্মৃতির হাওয়ায় ভাসিয়ে দিলেন গানপাগল মানুষদের। বাংলা নববর্ষে অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। প্রথম অ্যালবাম ঝিনুক ঝিনুক মন বেরিয়েছিল শান্তনু বিশ্বাসের সঙ্গে। ওই অ্যালবামের সবকটা গান ছিল নতুন। সেই যৌথ প্রথম অ্যালবামেই অরুনিমা তাঁর গায়কী প্রতিভার জানান দিয়েছিল। সবার প্রশংসা পেয়েছেন। সেই প্রশংসা ধরে রাখতেই তিনি সব সময় সতর্ক। ঠুনকো জনপ্রিয়তায় লোভ নেই, তাই কালের হাওয়ায় ভেসে গিয়ে ধুমধারাক্কার ডামাডোলে তাল মেলাননি। বরং মনোনিবেশ করেছেন সংগীতের সাধনায়। বাংলা গানের চির বহমান ধারার সঙ্গে নিজেকে যুক্ত করতে চেয়েছেন। এই জন্যই ধ্রুপদি গানের চর্চা করেন। একই কারণে চার শিল্পীর গান নিয়ে অ্যালবাম করলেন। কিন্তু ছোটবেলা থেকে তিনি মূলত নজরুল সংগীতই গেয়েছেন।

১৯৮৬ সাল থেকে বিটিভির তালিকাভুক্ত শিল্পী অরুনিমা বলেন, সারা জীবন সংগীত নিয়ে থাকার জন্য বাবা জমিউল ইসলাম ও মা মীরাতুন নেছার প্রেরণা ছিল সবচেয়ে বেশি। তাঁরাই ছোটবেলা ওস্তাদ পরেশ চন্দ্রের কাছে নিয়ে গিয়েছিলেন ধ্রুপদি গানের তালিম নিতে। টানা ২২ বছর শিখেছেন তাঁর কাছে। অরুনিমা বলেন, ‘এখন ছোট শিশুরা সব ধরনের গান গাইছে, আমাদের ওস্তাদেরা কিন্তু আমাদের তা করতে দেয়নি কখনো। এখন যেন প্রতিটি মা-বাবার চিন্তা তাঁদের সন্তানেরা গান গেয়ে তারকা কখন হবে।’

অরুনিমার স্বামী মেরিন ইঞ্জিনিয়ার। সে কারণেই দেশের বাইরে থাকতে হয়েছে। কিন্তু থেমে থাকেনি গানের চর্চা।

স্বামী ও সন্তানেরা তাঁকে গানচর্চায় যথেষ্ট সহযোগিতা করেন বলে জানালেন তিনি। তবে বাবার উৎসাহ আর প্রেরণার কথা বার বার বলেন অরুনিমা, ‘একটা স্মৃতি প্রায়ই মনে পড়ে। কোনো অনুষ্ঠানে গান করতে গেছি। মঞ্চে উঠছি আর তখন দেখতাম বাবা সামনে এসে হারমোনিয়ামের ওপরে একটা রেকর্ডার রেখে চলে গেছেন। তখন মনে মনে খুব রাগ করতাম। মনে হতো লোকে কী ভাববে। একদিন অনুষ্ঠানের পর গাড়ি করে ফিরছি আর বাবা রেকর্ডারটি বাজিয়ে শুনছেন। তখন বললাম, আপনি এটা কী করেন আমার তো লজ্জা লাগে। তখন বাবা হেসে দিয়ে বললেন, বুঝবি যে দিন মা হবি।’

অরুনিমার স্বপ্ন মানুষ মনে রাখবে এ রকম কিছু গান গেয়ে যেতে চান। সেই স্বপ্ন নিশ্চয় একদিন পূরণ হবে শ্রোতাদের ভালোবাসায়। কারণ গানটা তাঁর ভক্তি আর সাধনার বিষয়।