চট্টগ্রামে নবনির্মিত আদালত ভবনে আগামী বুধবার থেকে বিচারকাজ শুরু হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, ব্রিটিশ ও উপমহাদেশীয় স্থাপত্যশৈলীর সংমিশ্রণে পরির পাহাড়ের (কোর্ট বিল্ডিং) চূড়ায় ১১৮ বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন পুরোনো আদালত ভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। এর পাশেই আধুনিক সুবিধা বাড়িয়ে নির্মাণ করা হয়েছে নতুন আদালত ভবন। ২০০৮ সালের ১৭ মার্চ নতুন আদালত ভবনের নির্মাণকাজ শুরু হয়। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই প্রকল্পটি বাস্তবায়ন করে। ভবনটি নির্মাণে খরচ হয়েছে ২২ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা। বিশাল পরিসরের এ ভবনের আয়তন দুই লাখ ৪৬ হাজার ৭১১ বর্গফুট, যা পুরোনো ভবনের আয়তনের দ্বিগুণেরও বেশি। জানা গেছে, চট্টগ্রামের সচেতন নাগরিকদের আন্দোলনের কারণে সরকার ১১৮ বছরের পুরোনো আদালত ভবন সংস্কার ও নতুন আদালত ভবন নির্মাণের জন্য একটি প্রকল্প নেয়, যার মেয়াদকাল ১৯৯৮ সালের জুলাই থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত বলে জানা গেছে। পুরোনো ভবনের মধ্যব্লকের (ডিসি ব্লক) সংস্কারকাজ ইতিপূর্বে শেষ হয়েছে। বাকি অংশের কাজ শিগগির শুরু হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন। নতুন আদালত ভবনে ৪৬টি এজলাস, মালখানা, বিশাল পরিসরের হাজতখানা, পুলিশ ব্যারাক, গ্রন্থাগার, সম্মেলন কক্ষ, ডাকঘর, একটি ব্যাংকের শাখা ও ক্যাফেটেরিয়া আছে বলে জানা গেছে।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কামালউদ্দিন আহম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের নতুন আদালত ভবন আমাদের জন্য এবারের ঈদের বিশাল উপহার। প্রধানমন্ত্রী এ ভবনের উদ্বোধন করবেন। আসলে নতুন আদালত ভবন নির্মাণের দাবি দীর্ঘদিনের। ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভবন নির্মাণ এবং পুরোনো ভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের জন্য প্রকল্প নেয়, যার বাস্তবায়ন হয়েছে এবার। এতে বিচারকেরা স্বাচ্ছন্দ্যে বিচারকাজ পরিচালনা করতে পারবেন।’