ঐতিহ্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনামাটির টিফিন ক্যারিয়ার, কারুকার্যময় পানের বাটা কিংবা ড্রেসিংটেবিল...চোখ আটকে যায়। আছে বেনারসি, মসলিন। এসবের দেখা মিলল ঢাকার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকেন্দ্রে। জাহানারা খাতুনের সংগ্রহ নিয়ে প্রদর্শনীর উপলক্ষ তাঁর ৮৩তম জন্মজয়ন্তী উদ্যাপন। জাহানারা খাতুন ঢাকার ইমামগঞ্জের ব্যবসায়ী পরিবারের সন্তান। তাঁর শ্বশুর ছিলেন ব্রিটিশ ভারতে ঢাকা পৌরসভার কমিশনার ও পঞ্চায়েত সর্দার আল্লাহ বক্স সরকার। তবে গত ১৪ থেকে ২০ জানুয়ারি এ প্রদর্শনী হয় বাংলাদেশের জাতীয় জাদুঘরের শততম বার্ষিকী পালনের অংশ হিসেবে। এতে উঠে এসেছে ঢাকার বনেদি পরিবারের শতবর্ষী সব সংগ্রহ।জাহানারা খাতুনের সংগ্রহে আছে আদি ঢাকাই মসলিন, যা এখন বিলুপ্ত। তিনি ২০০০ সালে ব্যক্তিগত সংগ্রহ থেকে দুর্লভ এই শাড়িটি উপহার হিসেবে জাদুঘরে প্রদান করেন। ১৯৩০ সালে তাঁর স্বামী মনসুর রহমান সোনারগাঁ থেকে শাড়িটি সংগ্রহ করেন। বিশেষ বিশেষ দিনে এই শাড়িটি পরতেন তিনি। এই শাড়িটির সঙ্গে ছিল মসলিনের পেটিকোট ও ব্লাউজ। জাহানারা খাতুনের পারিবারিক সংগ্রহ অনেক। এর মধ্যে জাদুঘরে উপহার দেওয়া মসলিন শাড়ি প্রধান। এ ছাড়া শতবর্ষী শাড়ি, গয়না, আসবাব, তৈজস, সজ্জাসামগ্রী, মুদ্রাসহ আরও অনেক কিছু। এ ছাড়া রয়েছে স্বর্ণখচিত জুতা। সিল্কের জামার ওপর সোনার পাতের নকশা করা। ছোট্টবেলার খেলনা, শখের হাঁড়ি, সাপের খোলস, হরিণের মাথা, খাট, আলমারি, আলনা, ড্রেসিংটেবিলসহ রয়েছ ১৯৪১ সালে তাঁর নিজের ব্যবহূত রেডিও। তবে ব্যবহূত সব দ্রব্য জাদুঘরে দেওয়া হচ্ছে না। মসলিনের শাড়িসহ জাম রঙের টিস্যু শাড়ি, সাদা ও নীল রঙের জরির কাতান; এ ছাড়া চিনামাটির প্লেট, কাচের জগ, কাচের মোমদানি, চিনামাটির টিফিন ক্যারিয়ার নিয়ে মোট ২৬টি দুর্লভ জিনিস জাদুঘরে দিয়েছে জাহানারা ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের সভাপতি ও জাহানারা খাতুনের মেয়ে জিনাত পারভীন বললেন, ‘আমাদের মা চলে গেছেন ২০০১ সালে। তাঁর রেখে যাওয়া প্রতিটি জিনিস সংরক্ষণের চেষ্টা করছি। আমার মা জাতীয় জাদুঘরে ঢাকাই মসলিন ও দাদির বিয়ের বেনারসি শাড়ি উপহার দিয়ে গেছেন। তবে প্রদর্শনীর মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মের সামনে আমাদের সংগ্রহ তুলে ধরা।’