ঐরাবত
এ যেন যন্ত্রযান আর জন্তুজানোয়ারের ঠোকাঠুকি। ব্যস্ত সড়কে জিপগাড়ি-মোটরসাইকেল ছুটছে নিত্যদিনকার মতো। এর মধ্যেই এক বুনো হাতি হাজির।জনাকীর্ণ রাস্তায় হাতি গিয়ে প্রায় হামলে পড়েছে চলন্ত গাড়ির ওপরে। দৃশ্যটি বিরল বটে! ছবিটি দেখে একটুখানি বিনোদনও হাসিল করে নেওয়া যেতে পারে। কিন্তু এসব বুনো হাতিদের অপকীর্তির কথা জানার পর ছবির মজা আর থাকে না। খবরের বাকি অংশ পড়ে আমরা জানতে পারি, এই বুনো হাতি আর এর সঙ্গী মিলে রীতিমতো তাণ্ডব চালিয়েছে মহীশুর শহরে। ঐরাবতবাহিনীর এই অনাহূত আগমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা পড়েন ৫৫ বছর বয়স্ক এক ব্যক্তি। (সূত্র: পৃষ্ঠা ১১, প্রথম আলো, ৯ জুন, ২০১১)।ঘটনাটি আমাদের দেশের নয় ভেবে কেউ কেউ হয়তো স্বস্তি পেতে চাইবেন। কিন্তু, হাতির পদতলে পিষ্ট হয়ে মানুষ মৃত্যুর ঘটনা আমাদের দেশেও নতুন নয়। আর হাতিদের লোকালয়ে চলে আসার পেছনে আছে তাদের চারণভূমি দখল, নির্বিচারে বন ধ্বংস ইত্যাদি কারণ! কে না জানে এসব ব্যাপার-স্যাপার আমাদের দেশেও আকছার ঘটছে।ভারতের কর্ণাটক রাজ্যের মহীশুর শহরের এই খবর আর ছবি তাই চমকের সঙ্গে অন্তরে একটুখানি শঙ্কাও জাগায়।—ইকবাল হোসাইন চৌধুরী