ও পাহাড়ি বন্ধু রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার চঞ্চলা পাহাড়ি তরুণীকে দেখে হঠাৎ চোখ আটকে গেল। পাহাড়ি পোশাকে আর সাজে তাঁদের মানিয়েছিল বেশ। নির্ণিতা, জুঁই, জ্যোতিস্বী ও পিপিকার গল্প বলছি। চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে চারজনের সাজেই ছিল রঙের ছোঁয়া। আদিবাসী দিবসের শোভাযাত্রা শেষ করে চারজন মিলে ঘুরে বেড়াচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। কলা ভবনের পাশে আসতেই দেখা হলো এক বাঙালি বন্ধুর সঙ্গে। ‘কিরে, কেমন আছিস তোরা?’ দূর থেকে দেখেই চিৎকার করে উঠল পলাশ। সবাই একসঙ্গে বলে উঠল, ‘আমি গম আগি।’ তাঁদের সঙ্গে থাকতে থাকতে এরই মধ্যে তাঁদের ভাষাটা কিছু কিছু বুঝতে পারি। তাই তাঁরা ভালো আছে, এটা বুঝতেও খুব একটা কষ্ট হয়নি পলাশের।অপরাজেয় বাংলার সামনে আড্ডা দিচ্ছিলেন তাঁদের আরেক বন্ধু জুয়েল চাকমা। তিনি পড়েন মার্কেটিংয়ে চতুর্থ বর্ষে। জুঁই, নির্ণিতা, জ্যোতিস্বী, পিপিকাও এসে যোগ দিলেন তাঁর সঙ্গে। অর্পণ জ্যোতি, জনর্দেন হাজং ও নিষ্কৃতি হাগিদক এরই মধ্যে চলে এসেছেন তাঁদের মাঝে। সেখানেই চলল তাঁদের নিজেদের সংস্কৃতি নিয়ে হরেক রকম কথা। তাঁদের পরিচয়টা দিয়ে নিই এই ফাঁকে। নির্ণিতা, জুঁই, জ্যোতিস্বী আর জুয়েল হলেন চাকমা সম্প্রদায়ের। জনর্দেন হচ্ছেন হাজং, অর্পণ আর পিপিকা ত্রিপুরা। তাঁদের কারও বাড়ি খাগড়াছড়ি, কারও বা রাঙামাটি, বান্দরবান। জনর্দেনের বাড়ি নেত্রকোনা আর নিষ্কৃতির বাড়ি শেরপুরে। তবে তাঁদের সবার আজ একই পরিচয়। ওঁরা সবাই আদিবাসী। আর সবচেয়ে বড় পরিচয়, তাঁরা সবাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু। অর্পণ যখন প্রথম খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন, তখন খুব মন খারাপ হয়েছিল তাঁর মা-বাবাকে ছেড়ে আসতে।পিপিকার প্রথম দিকে ভাষা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। জুয়েল আর জ্যোতিস্বীরও তাই। তবে জনর্দেন বেঁচে গেছেন, কারণ ওঁদের ভাষাটা বাংলার কাছাকাছি, ‘যদিও বাঙালি বন্ধুদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি আমরা শিখে নিয়েছি বাংলা ভাষাটি।’ বললেন জ্যোতিস্বী।জ্যোতিস্বীর খুব একা লাগত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। হঠাৎ করে নতুন একটি সংস্কৃতির সঙ্গে মিলে যেতে একটু ভয় কাজ করেছে তাঁর। তবে এখন তাঁরা বেশ মানিয়ে নিয়েছেন নিজেদের। খুকু, জুবায়ের, সূচি, পলাশ, রনি, সিমা—অনেক অনেক বাঙালি বন্ধু রয়েছে তাঁদের। বাঙালি খাবারও হয়ে উঠেছে প্রিয়। পুরান ঢাকার বিরিয়ানি আর কাচ্চি তো সপ্তাহে এক দিন খাওয়া চাই-ই। সেদিনও এমনই পরিকল্পনা ছিল তাঁদের।দুপুরের দিকে সবাই চললেন পুরান ঢাকার উদ্দেশে। নীরব হোটেলে গিয়ে মাছের ভর্তা, পটোল ভর্তা, আলু ভর্তা, শুঁটকিসহ হরেক রকম ভর্তা সাজিয়ে খেতে বসে গেলেন সবাই। খেতে বসে পিপিকার মনে পড়ল আদা ফুল আর হলুদ ফুলের ভাজির কথা। খুব পছন্দ তাঁর এ খাবারটা। সঙ্গে সঙ্গে জুয়েল মনে করিয়ে দিলেন বাঁচ্চুরির কথা। বাঁচ্চুরি হলো কচি বাঁশের তরকারি। খেতে ভীষণ মজা। তাঁরা মাঝেমধ্যে হলে রান্না করলে বাঙালি বন্ধুরাও এটি খেতে ভালোবাসেন। তাঁদের সবারই শুঁটকিটা খুব পছন্দ, তাই আরও চারটা শুঁটকি ভর্তার অর্ডার করলেন জুঁই। ‘অনেক দিন সিঁদল খাই না রে’ বলে আফসোস করলেন জ্যোতিস্বী। খাওয়াদাওয়ার পর্ব চুকিয়ে তাঁরা চললেন কার্জন হলের দিকে। কার্জন হলের মাঠের সবুজ ঘাসে কেউ বা এলিয়ে দিলেন গা।তাঁদের আদিবাসী উৎসবের মতো তাঁরা কিন্তু বাঙালিদের উৎসবেও বেশ আনন্দ করে বেড়ান। পয়লা বৈশাখ, বসন্ত, ঈদ, পূজা—সব উৎসবেই তাঁরা এভাবে ঘুরে বেড়ান দলবেঁধে। গত বসন্তে এই চার কন্যা শাড়ি পরে ঘুরে বেড়িয়েছেন সারা বেলা—যদিও তাঁদের পোশাক হচ্ছে পিনন, হাদি আর থামি। ছেলেরা অনেকেই পরেন ধুতি। উৎসবে-অনুষ্ঠানে যত আনন্দেই থাকুন না, নিজেদের উৎসবগুলোর কথাও খুব মনে পড়ে তাঁদের। ঘরে জুমের ফসল তোলার আনন্দের মুহূর্তের জুমনৃত্য, বিয়ের বোতলনাচ, বৈসাবীর জলকেলি, আমন ধান রোপণের পেখলা নাচ—এসব ছেড়ে দূরে থাকতে মাঝেমধ্যে কেঁদে ওঠে তাঁদের মন। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটির কথা ভেবে মনকে বোঝান নিজেরাই। পড়ালেখা শেষ করে তাঁরা সবাই ফিরে যেতে চান নিজেদের পাহাড়ঘেরা সবুজ গাঁয়ে।