বন্ধুরা, কথা হচ্ছে ‘বন্ধু দিবস’ নিয়ে। বন্ধু দিবস নিয়ে কার কী ভাবনা, তা জানার আগে চলো যাই এক শ্রাবণ-সন্ধ্যায়, আমাদের চেনা এক শহরের পোড় খাওয়া কোনো রাস্তায়।একটা সন্ধ্যা মুখরিত হলো শ্রাবণের ঝরো ঝরো বাদলের ধারায়। রাস্তায় তখন নিয়ন বাতি জ্বলেছে। সেই বাতির প্রতিবিম্ব শুয়ে থাকে পিচঢালা কালো পথের চকচকে পিঠে। একটা মেয়ে একটা ছেলেকে বলে, ‘দ্যাখ, নিয়ন বাতিটা একা না! তারও বন্ধু আছে!’ ছেলেটা জানতে চায়, ‘কোথায়?’ উত্তর, ‘ওই যে, রাস্তায় যে ওর প্রতিবিম্বটা দেখছিস, ওটা ওর বন্ধু!’ ছেলেটা হাসে, হাসির শব্দ ছড়িয়ে পড়ে দশ দিকে, ভেজা বাতাসে ভর করে। বলে, ‘তুই একটা পাগল আছিস!’ মেয়েটার মুখে কপট ক্রুদ্ধতা, ‘পাগল কেন? তোর আর আমার মধ্যে যদি কোনো মিল না থাকে, তাহলে কি আমরা বন্ধু হতে পারতাম?’ উত্তর, ‘না।’ বাজিতে বিজয়ী মার্কা হাসি হেসে মেয়েটা বলে, ‘তাহলে বল, প্রতিবিম্বটা কেন নিয়ন বাতির বন্ধু হবে না?’ ঘাট মানে ছেলেটা, ‘ভুল হয়ে গেছে, দোস্ত। তুই যে বন্ধুবিশেষজ্ঞ, এটা মাথায় ছিল না একদম!’ বলা শেষ, মেয়েটা ঘুষি পাকিয়ে ছুটে যায় ছেলেটার দিকে, ‘ওরে বদমাশ, আজ তোর এক সন্ধ্যা কী আমার এক সন্ধ্যা!’ ওদের ছোটাছুটিতে তাল দেয় শ্রাবণের বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রূপ নেয় ঝুম বৃষ্টিতে! সহসাই নতুন করে যেন প্রাণ সঞ্চার হয় পোড় খাওয়া পথটায়। কেন এমনটা মনে হলো আমাদের? এর উত্তর খুঁজতে গিয়ে জানা গেল উইলিয়াম শেকসপিয়ার বলে গেছেন, ‘বন্ধু নেই তো প্রাণ নেই!’ আর কোনো যুক্তি চাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমানও গলা মেলালেন শেকসপিয়ারের সুরে, ‘বন্ধু না থাকলে কি বেঁচে থাকতাম? আমার তো মনে হয় না। ভালো সময়, বাজে সময়—সব সময়ই বন্ধুদের পাশে পাই আমি।’ বন্ধুকে পাশে পাওয়া এখন আরও সহজ হয়ে গেছে। বিশেষ করে মুঠোফোন এবং ফেসবুক যেন বন্ধুত্বের সাঁকো হয়ে দাঁড়িয়ে আছে হাজারো ঝড়-ঝঞ্ঝার মাঝেও। তেমনই একটা উদাহরণ টানল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদনান শাহরিয়ার, ‘কদিন আগের কথা, এক বন্ধু দুর্ঘটনায় পড়েছিল। প্রচুর রক্তের দরকার। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম—বন্ধুর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। ব্যস, আর কিছুই করতে হলো না। যে বন্ধুর সঙ্গে আমাদের পাঁচ বছর ধরে দেখা নেই, সে-ও হাজির, রক্ত দিতে প্রস্তুত সে!’ এই বন্ধু আছে বলেই না বেঁচে যায় কত প্রাণ! আবার বন্ধুবিয়োগে ব্যথিত কবি নির্মলেন্দু গুণ লেখেন, ‘পাপে-পুণ্যে এ পৃথিবী, এই প্রাণ তারচে’ অধিকে।/ আমি আছি, তুমি নেই..., এইভাবে দু’জন দু’দিকে/ অপসৃত;—তাই তো নশ্বর নারী কবির বিশ্বাসে,/ ভালোবেসে যাকে ছুঁই, সেই যায় দীর্ঘ পরবাসে...।’ (হাসানের জন্য এলিজি)‘না, বন্ধুদের ছেড়ে থাকা কিংবা চলে যাওয়া অসম্ভব! কেবল বন্ধু দিবসেই নয়, বন্ধুদের জন্য ভালোবাসা আছে সব সময়।’ বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের লুবনা জেবিন। লুবনার কথা শুনতে শুনতে আমাদের কানে বাজে সায়ানের ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’ গানটির শেষ কথাগুলো—‘কোনো শত্রুরও যেন প্রাণের বন্ধু/ এমন দূরে না যায়/ শোনো বন্ধু, কখনো কোনো বন্ধুকে/ বলো না যেন বিদায়!’ শেষ করার আগে একটা কথা, বন্ধু দিবস কত তারিখে জানো তো? না জানলে জেনে নাও, জাতিসংঘ এ বছর থেকে ৩০ জুলাই দিনটিকে ‘আন্তর্জাতিক বন্ধু দিবস’ ঘোষণা করেছে। তবে এর আগে আগস্ট মাসের পয়লা রোববারই বন্ধু দিবস পালিত হয়ে এসেছে। সেটার শুরু হয়েছিল ১৯১৯ সালে। তবে বন্ধু দিবস যেদিনই হোক, বন্ধুর জন্য ভালোবাসা বরাদ্দ থাক বারো মাসই। চলো, প্রাণ খুলে বলি, ‘বন্ধু, তোকে ভালোবাসি!’