ও রে বাবা, ভূমিকম্প!
সন্ধ্যা ৬.৪০ মিনিট। ১৮ সেপ্টেম্বর ২০১১। ছায়াশীতল ছাত্রীনিবাস।বিকেল গড়িয়ে সন্ধ্যা হব হব করছে।প্রাইভেট টিচারের কাছ থেকে ফিরে এসে ধপ করে বিছানায় ব্যাগ রাখল আমেনা।রুমমেটদের দিকে তাকাল ও।শাম্মী পড়ার টেবিলে বসে অঙ্ক করছে। ভালো ছাত্রী।শিলা আয়না হাতে নিয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। সাজুগুজু করা তার শখ। নাতাশা নাক ডেকে ঘুমাচ্ছে। দিনের বেলায় না ঘুমালে তার নাকি মাথাব্যথা করে। ‘বাপ রে, নাতাশা এত ঘুমাতে পারে!’ বলল আমেনা।‘ঘুমিয়ে সুখস্বপ্ন দেখছে বোধ হয়, নোমানকে নিয়ে রিকশায় ঘুরছে।’ হেসে বলল শিলা। নোমান বাড়িওয়ালার বড় ছেলে। মেসের সঙ্গেই বাড়িওয়ালার বাসা।সন্ধ্যা ৬.৪১ মিনিট।নোমান এক থালা ভাত নিয়ে খেতে বসেছে। দুপুরে খাওয়ার পর এখন আবার খিদে লেগেছে! ভাত তার খুব প্রিয়! তাই ভাত-তরকারি নিয়ে টেবিলে খেতে বসেছে নোমান।নোমানের মা বিছানায় বসে টিভি দেখছেন। নোমানের ছোট ভাই আরমান প্রাইভেট টিউশনি শেষ করে বাসায় ঢুকে বাথরুমে ঢুকেছে। তার মেজাজটা বিগড়ে আছে। এত দিনের ধরে রাখা প্রাইভেট টিউশনিটা অবশেষে চলে গেল!ছাত্রীর হোমওয়ার্কে ছিল, Misunderstanding-এর মানে কী। আরমান শিখিয়ে দিয়েছিল এর মানে—মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। তাতেই চাকরিটা চলে গেল!ট্যাপ খুলল সে। পানি নেই! রাগে-দুঃখে দেয়ালে লাথি মারল আরমান। সঙ্গে সঙ্গে দেয়ালটা দুলতে শুরু করল। ভয় পেল আরমান।তার লাথিতে দেয়াল নড়ছে!এত জোরে লাথি মারা মনে হয় ঠিক হয়নি।সন্ধ্যা ৬.৪২ মিনিট।আমেনা ঠিক তখনি বাথরুমে বদনার দিকে হাত বাড়াল। ইয়া আল্লাহ! বদনা নড়ছে! চট করে বাংলা সিনেমার নাম মনে এল ওর— বদনা কেন নড়েশিলার মুখে লিপস্টিক লেপটে গেল। রাগে-দুঃখে ধাক্কাকারীকে কিছু বলতে গেল শিলা।অবাক হয়ে লক্ষ করল, আশপাশে কেউ নেই। ভয়ে তার হাত থেকে দামি লিপস্টিক গেল পড়ে। গড়াতে গড়াতে ঢুকে গেল আলমারির তলায়। হারিয়ে গেল ধুলার আড়ালে!শাম্মী মাঝেমধ্যেই টেবিলে ধাক্কা দিয়ে চেয়ারটাকে দোলাচ্ছিল আর গুনগুন করছিল—সেদিন দুজনে দুলেছিন বনে...। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধপাস করে চেয়ারসমেত মেঝেতে পড়ল। রেগে উঠল ও। কে এমন করে ওকে ফেলে দিল! নাতাশা ঘুমন্ত অবস্থায়ই মেঝেতে পড়ল। তার ঘুম ভাঙল না।বাইরের বারান্দায় রাখা ওয়াটার ফিল্টার থেকে গ্লাসে ঢেলে নিয়ে পানি খাচ্ছিল নিপা। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই চুইয়ে থাকা পানিতে পা পিছলে ধপাস করে মেঝেতে বসে পড়ল নিপা।সন্ধ্যা ৬.৪২ মিনিট ১০ সেকেন্ড।বাথরুম থেকে বের হয়ে আরমান দেখল তার আম্মা টিভিটা শক্ত করে চেপে ধরে আছেন। বাব্বাহ্্! এত জোরে লাথি মারলাম যে টিভিটাই পড়ে যাচ্ছিল!‘ভূমিকম্প! তাড়াতাড়ি নিচে যা!’ নোমানের আব্বা চেঁচিয়ে উঠলেন।পড়িমড়ি করে নিচে দৌড় দিল দুই ভাই!নোমান ভাতের থালা সঙ্গে নিয়েই নিচে নামল। মরলে খেয়েই মরবে!সন্ধ্যা ৬.৪৩ মিনিট।শোরগোল পড়ে গেছে গোটা ছাত্রীনিবাসে। সবাই হুড়মুড় করে সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে। শিলা একপায়ে হিলজুতা অন্য পায়ে ফ্লাট স্যান্ডেল পরে ল্যাংচাতে ল্যাংচাতে নামল। শাম্মী হাতে কলম ধরে নিয়ে নামল। আমেনার মুখে ফেসওয়াশ তখনো লেগে রয়েছে। নন্দিনী টিভিরুমের রিমোট নিয়ে নেমে এসেছে! আর্জিনা ওড়নার বদলে সালোয়ার গায়ে দিয়ে এসেছে!সবাই ভূমিকম্পের কথা বলাবলি করতে শুরু করল।নোমান তার অসমাপ্ত ভাত খাওয়া পর্ব দাঁড়িয়ে দাঁড়িয়েই শুরু করে দিল। হঠাৎ বিষম খেল ও। গলায় ভাত আটকে গেছেপানির খোঁজে এদিক-ওদিক তাকাল নোমান।নিপার তখনো পানি খাওয়া হয়নি। তাই পানির গ্লাস হাতে নিয়েই নিচে নেমে এসেছে ও। গ্লাসে মুখ লাগাতেই কে যেন ওর হাত থেকে গ্লাস কেড়ে নিল।নিপা অবাক হয়ে দেখল, বাড়িওয়ালার বড় ছেলে নোমান ওর এঁটো গ্লাসের পানি ঢকঢক করে খেয়ে নিল। তৎক্ষণাৎ আরেকবার ভূমিকম্প হলো। মাটিতে নয়, নিপার হূদয়ে!সন্ধ্যা ৬.৫০ মিনিট।আমেনা, শাম্মী, শিলা সিঁড়ি বেয়ে ওদের রুমে যাচ্ছিল।ওপর থেকে মনিরা নামছিল।তার দু চোখে এখনো ঘুম লেগে আছে। ওদের দেখে মনিরা বলল, ‘জানিস, ঘুম ভেঙে দেখি কে যেন আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে—ভূমিকম্প এসেছে। কোথায় ভূমিকম্প? তোরা দেখেছিস?’মুচকি হাসল আমেনা, ‘ভূমিকম্প তো নিচে। যা গিয়ে দেখে আয়।’‘নাতাশা কই?’ শিলা চেঁচিয়ে উঠল।‘তাই তো! নিচে আমাদের সঙ্গে তো ছিল না!’ শাম্মী বলল।পাশের রুমে খোঁজ নিতে গেল তিন বান্ধবী। নাহ্্! কেউ দেখেনি নাতাশাকে! যেন হাওয়া হয়ে গেছে মানুষটা!রুমে ফিরে তিনজন হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। একে তো ভূমিকম্পের আতঙ্ক, তারপর রুমমেটের মিসিং ওদের আরও আতঙ্কিত করে তুলল। তিনজনের কান্না শুনে পাশের রুম থেকেও দুজন বান্ধবী এসে কাঁদতে শুরু করল ওদের সঙ্গে। তখনি বিছানার নিচ থেকে বের হয়ে হাই তুলল নাতাশা। তার ঘুম এইমাত্র ভাঙল।‘কী হলো, তোরা কাঁদছিস কেন?’ নাতাশা জানতে চাইল!ভূত দেখার মতো চমকে উঠল পাঁচজন। চেঁচিয়ে উঠল শাম্মী। দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। নাতাশা ছাড়া অন্যরাও বের হলো পিছু পিছু। সিঁড়িতে হুড়মুড় করে নামার শব্দে আর ওদের চিৎকার-চেঁচামেচিতে সব মেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আবার নিচে নেমে এল। আরেকবার ভূমিকম্পের মহড়া হয়ে গেল!