ও, রোজদার ওঠো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ হোসেন এভাবেই টিন বাজিয়ে ও গজল গেয়ে সেহ্রি খাওয়ার জন্য মানুষকে ডেকে তোলেন
আমজাদ হোসেন এভাবেই টিন বাজিয়ে ও গজল গেয়ে সেহ্রি খাওয়ার জন্য মানুষকে ডেকে তোলেন

তখন রাত তিনটা বাজে। অনেক দূর থেকে শব্দটা আসছে! টিন বাজানোর শব্দ! যাঁরা এই শব্দের সঙ্গে পরিচিত তাঁদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোজার মাসে রাতে সেহ্‌রির সময় পুরান ঢাকাবাসীর কাছে এই শব্দের অর্থ জানা। অর্থাৎ যঁারা রোজা রাখেন, তঁাদের এখন সেহ্‌রি খাবার জন্য ঘুম থেকে উঠতে হবে।
‘মুমিন মুসলমান ও, সেহ্‌রি খান ও। রোজদার ও, দিলদার ও ওঠো—রাত তিন বাজগিয়া। ’
তাঁর এক হাতে একটা টিন, অন্য হাতে একটা লাঠি! ছন্দের তালে তালে টিনটি বাজিয়ে চলছেন আর একটু পর পর সুর করে বলে যাচ্ছেন ওপরের কথাগুলো। বৃষ্টি থাকলেও আমজাদ হোসেনের এই কাজ থেমে থাকে না। আমজাদ বলেন, ‘আমি বহু বছর ধরে সেহ্‌রির সময় ঘুম ভাঙানোর জন্য এই কাজ করে আসছি। আমার ওস্তাদের নাম ছিল ফারুক। তাঁর কাছে থেকে শিখেছি।’
সেই সময়ে আমরা দল বেঁধে হ্যাজাক বাতি নিয়ে, গজল বলতে বলতে মুসলমানদের সেহ্‌রি খাওয়ার জন্য ঘুম ভাঙাতাম। এখন আর সেই সব নেই। পুরান ঢাকায় একটা সময় এটা ঐতিহ্য ছিল। রমজানের সময় দল বেঁধে হেঁটে হেঁটে পাড়া-মহল্লায় কাসিদা গেয়ে শোনাতেন তরুণেরা। তাঁদের হাতে থাকত হ্যাজাক বাতি আর কুকুরের উৎপাত থেকে বাঁচার জন্য লাঠি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। তবে প্রতি রোজার মাস সেহ্‌রির সময় আমি টিন বাজিয়ে, গজল গেয়ে মানুষকে জাগাই। এলাকার লোকজন আমাকে সাহায্য করে। আমি লক্ষ্মীবাজার, পাতলা খান লেন, কেজি গুপ্ত লেন, শরৎচন্দ্র লেন সহজ বেশ কিছু এলাকায় ঘুরে ঘুরে এই আহ্বান জানাই।
আমজাদের গ্রামের বাড়ি মাদারীপুর হলেও তাঁর জন্ম ঢাকার গেন্ডারিয়া ভাট্টিখানায়। তিনি ঢাকা শহরে বড় হয়েছেন। লক্ষ্মীবাজার এলাকাতেই থাকেন। আমজাদের কাছে জানতে চাই তিনি দিনের বেলায় কী করেন। তিনি বলেন, ‘আমি দিনের বেলায় রিশকা (রিকশা) চালাই আর অন্যান্য টুকটাক কাজ করি।’
আমজাদের সঙ্গে কথা শেষ হয়। রাতের সড়কবাতিগুলো আমজাদকে যেন পথ দেখায়।