দুপুর তখন তিনটা। নীল আকাশের বুড়ো আর কচি মেঘগুলোর ফাঁক গলে উঁকি দিচ্ছে সূর্যটা। আবহাওয়া যেন বলে দিচ্ছে, বৃষ্টি হবে না আজ। সুমন, ইকবাল আর আঁঁখি পায়চারি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির করিডোরে। দূর থেকে দেখে ওদের পরিচয়টা সহজেই ঠাওর করা যায়। ওদের সবাই পথশিশু বলে জানে। ধূসর-ময়লা কাপড়ে শরীর তাদের কোনো রকমে ঢাকা। নগ্ন পা-গুলোয় রাজ্যির ধুলো। তবে হাসি মুখগুলো দেখে বড্ড নির্ভার মনে হয় সবাইকে।তখনো ঈদের কয়েক দিন বাকি। জামা-জুতো কেনার ঝামেলা ওদের নেই। একবেলা খাবার জোটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে জামা-জুতো কেনার চিন্তাটা নিতান্তই বিলাসিতা। অল্পক্ষণের মধ্যেই রোমান, নাজমাসহ এমন আরও প্রায় ৬০ জন শিশু এসে জমায়েত হয় টিএসসি প্রাঙ্গণের গেমস রুমে। ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) সদস্যরা সবার হাতে তুলে দেন রং পেনসিল আর সাদা কাগজ। শিশুরা বোঝে, আজ ওদের আনন্দের দিন। সাদা কাগজে ইচ্ছেমতো আঁকিবুঁকি করে সবাই।গত ২৬ আগস্ট দুপুরবেলা টিএসসি প্রাঙ্গণের গেমস রুমে ইউনিস্যাবের সদস্যরা এই শিশুদের নিজেদের মনের মতো করে ছবি আঁকার সুযোগ করে দেন। এরপর টিএসসি ক্যাফেটেরিয়ায় করা হয় ইফতারের আয়োজন।‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক এ উদ্যোগে ৪০ জন সেচ্ছাসেবী পথশিশুদের হাতে তুলে দেন বহু কাঙ্ক্ষিত ঈদের নতুন পোশাক। পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এমন আয়োজন করেন তরুণ স্বেচ্ছাসেবীরা।‘এ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবতেও পারিনি যে এত সাড়া পাব। সচ্ছল ব্যক্তিদের সহযোগিতায় প্রত্যাশার চেয়েও অনেক বেশি অনুদান পেয়েছি পথশিশুদের জন্য। এই আয়োজনকে ভবিষ্যতে আরও বেশি ফলপ্রসূ ও দীর্ঘ সময়ব্যাপী করার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি।’ বলছিলেন ইউনিস্যাবের অন্যতম পরিচালক আনিকা বিনতে কাশেম। সার্বিকভাবে অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন ইউনিস্যাবের প্রেসিডেন্ট নাফিস ইমতিয়াজ।সমাজের সচ্ছল ব্যক্তি এবং করপোরেট অফিসিয়ালদের থেকে সংগ্রহ করা অনুদানের অর্থ দিয়ে পথশিশুদের ঈদের নতুন কাপড় কিনে দেন এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সেই সঙ্গে যাঁরা অনুদান দেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে পথশিশুদের আঁকা ছবি, ফুলের তোড়াসহ ধন্যবাদপত্র দেওয়ার পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের এই উদ্যোগে সহযোগিতায় ছিল ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডুমুনা ) এবং ফোরাম ফর ইয়ুথ লিডারশিপ।ভাসমান ছন্নছাড়া শিশুদের একটা আনন্দের দিন উপহার দেওয়ার জন্য এক হয়েছিলেন এই তরুণেরা। নিজেদের সামর্থ্যের ভেতরেই ভালো কিছু করার ইচ্ছে নিয়ে এগিয়ে এসেছেন সংগঠনের সবাই। ‘কাপড় বিতরণের পাশাপাশি পথশিশুদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’ বলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট শুভাশীষ রায়। রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। উপস্থিত সব পথশিশুর হাতে তুলে দেওয়া হয় ঈদের কাপড়। ছবি আঁকা, মজার সব গল্প বলা—এমন কাণ্ডকারখানার মধ্য দিয়ে হাসি আর আনন্দে কাটে আয়োজনের পুরো সময়।বাইরে অন্ধকার নেমেছে অনেকক্ষণ হলো। শিশুদের হাতে ঈদের নতুন কাপড়। যক্ষের ধন রঙিন কাপড়গুলোর ঘ্রাণ শুঁকতে শুঁকতে তারা হাটতে থাকে টিএসসির সামনের পথ ধরে। ওদের কোলাহল আর হই-হুল্লোড়ের মধ্যেও ভেসে আসে কিছু কথা। ‘এইডা আমি পিনলে ভালা দ্যাখাইব। তোরডার চাইতে এইটা ভালা কোয়ালিটির। প্রাইচও ম্যালা। দ্যাখ দ্যাখ, কী রঙিন, কী সোন্দর আমারটা!’ এমন টুকরো টুকরো কথা বাইরের গাঢ় অন্ধকারের ভেতরে মিলিয়ে যেতে দেরি হয় না তেমন একটা। তবে পথশিশুদের আনন্দ এবং স্বেচ্ছাসেবীদের ভালোবাসায় সফল হয়ে উঠেছে আয়োজনটা, চারপাশে তার রেশ থাকে অনেকক্ষণ। [email protected]