ওঁদের যুদ্ধটা যুক্তির
শাহবাগের তরুণদের আন্দোলন ও দেশব্যাপী গণজাগরণ সম্পর্কে শুরু থেকেই অপপ্রচারে নেমেছিল জামায়াত-শিবির চক্র। ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর এই অপপ্রচার আরও জোরদার হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ব্লগে যাঁরা লেখালেখি করেন, তাঁদের অনেকেই এখন এই চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার।দেশব্যাপী এই জাগরণ ধর্মের বিরুদ্ধে যে নয়—এ বিষয়টি তুলে ধরছেন তরুণেরা। জামায়াত-শিবিরের এই অপপ্রচারের বিরুদ্ধে যুক্তির যুদ্ধ ঘোষণা করেছেন চট্টগ্রামের একদল তরুণও। ব্লগার রাজীব হত্যার পরদিনই জামালখান সড়কের লিচুতলার ফুটপাতে ল্যাপটপ নিয়ে বসে গেছেন তাঁরা। তাঁদের মাথার ওপর গাছে ঝোলানো ব্যানারে লেখা: ‘আমরা ব্লগার, আমাদের হত্যা করুন’। ফেসবুক ও ব্লগে বিভিন্ন লেখা তাঁরা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরছিলেন দর্শকদের সামনে। বোঝাতে চাইছিলেন যুদ্ধাপরাধের বিচারের দাবির সঙ্গে ধর্মের অবমাননার কোনো সম্পর্ক নেই।‘শাহবাগে বা দেশের অন্যত্র গণজাগরণ মঞ্চের আন্দোলনে যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা সবাই ধর্মবিশ্বাসী। এই জাগরণে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পেশাজীবী ও শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। সব ধর্মের ও বিশ্বাসের মানুষজন জাগরণে অংশ নিয়েছেন। চট্টগ্রামের সাইবার যোদ্ধারা এই বিষয়গুলো তুলে ধরতে চান মানুষের সামনে।’ বললেন তরুণ নাট্যকর্মী আলী আফসার। শিবিরপন্থী ব্লগারদের প্রচারণার বিরুদ্ধে পাল্টা প্রচারণা চালানোর লক্ষ্যে তাঁরা মাঠে নেমেছেন বলে তিনি জানান। যুক্তির এই লড়াইয়ে যোগ দিয়েছেন বেসরকারি সংস্থার কর্মকর্তা রূপা দত্ত। গণজাগরণ মঞ্চের কর্মসূচি যত দিন চলবে, তত দিন এই প্রচারণায় অংশ নেবেন বলে জানালেন তিনি। রূপা ব্লগে লেখেন না। ফেসবুকেও তেমন নিয়মিত নন। কিন্তু এই গণজাগরণে শামিল হওয়ার জন্যই এখানে যোগ দিয়েছেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মাজহারুল ইসলাম নামের এক তরুণ। তিনি বলেন, ‘আমরা কেউই ব্লগে লেখি না। কিন্তু রাজীবের নির্মম হত্যাকাণ্ডের পর প্রতিবাদ হিসেবে রাস্তায় নেমেছি। এ দেশের ধর্মপ্রাণ মানুষ জামায়াতের অপপ্রচারে কখনো বিভ্রান্ত হবে না। আমরা তরুণেরা এই অপপ্রচার রুখব।’ ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালখানের লিচুতলায় গিয়ে দেখা গেল ব্লগারদের ঘিরে উৎসুক জনতার একটা ছোটখাটো ভিড়। গণজাগরণের বিভিন্ন ছবি প্রজেক্টরের মাধ্যমে এঁকে এঁকে দেখানো হচ্ছিল দর্শকদের। কখনো পর্দায় ভেসে উঠছিল ফেসবুকে দেওয়া বিভিন্নজনের স্ট্যাটাস।দলের সদস্য চলচ্চিত্র কর্মী জুনায়েদ সিদ্দিক বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি। এখন আরেকটি যুদ্ধে আছি। তবে আমরা সহিংসতায় বিশ্বাস করি না। তাই আমাদের এই যুদ্ধ যুক্তির যুদ্ধ।’হঠাৎ পর্দায় ভেসে উঠল সিরাজুল ইসলাম নামের এক শহীদ মুক্তিযোদ্ধার চিঠি। কোনো একজন ফেসবুক ব্যবহারকারী চিঠিটি ট্যাগ করার পর এখন অনেকের ওয়ালেই শোভা পাচ্ছে এটি। চিঠির এক জায়গায় সিরাজুল লিখেছেন, ‘দেশবাসী! স্বাধীন বাংলা কায়েমের জন্য দোয়া করো। মীরজাফরি করিও না, কারণ মুক্তিফৌজ তোমাদেরকে মাফ করিবে না এবং এই বাংলায় তোমাদের জায়গা দেবে না।’২০১৩ সালের মুক্তিফৌজেরা এখন আবার পথে নেমেছে। শহীদ সিরাজুল ইসলামের মতোই তাঁরা বলছেন, ‘মীরজাফরি’ করিও না।